মুখপত্র
প্রিন্ট এর তারিখঃ ০৬ নভেম্বর, ২০২৬, ০৭:৩২ এএম  ||  প্রকাশের তারিখঃ ১৭ জানুয়ারি, ২০২৬, ১২:০৪ পিএম

পোস্টাল ব্যালটে আসছে নতুন নকশা, থাকবে শুধু প্রার্থীর নাম-প্রতীক

জাতীয়
Sub Editor
পোস্টাল ব্যালটে আসছে নতুন নকশা, থাকবে শুধু প্রার্থীর নাম-প্রতীক
ছবি: সংগ্রহীত

দেশের অভ্যন্তরে ব্যবহারের জন্য পোস্টাল ব্যালটের নকশায় বড় ধরনের পরিবর্তন আনতে যাচ্ছে নির্বাচন কমিশন (ইসি)।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী, পোস্টাল ব্যালটে আর সব রাজনৈতিক দলের প্রতীক রাখা হবে না। এর পরিবর্তে সংশ্লিষ্ট সংসদীয় আসনের চূড়ান্ত প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের নাম ও প্রতীকই শুধু থাকবে।

শনিবার সকালে বিষয়টি নিশ্চিত করেন নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ। তিনি জানান, শুক্রবার রাতে অনুষ্ঠিত এক অনানুষ্ঠানিক বৈঠকে কমিশন এই সিদ্ধান্ত গ্রহণ করেছে।

নির্বাচন কমিশনার বলেন, বিদেশে ব্যবহৃত পোস্টাল ব্যালটের আদলে দেশের অভ্যন্তরের পোস্টাল ব্যালটও সহজ ও ভোটারবান্ধব করার লক্ষ্যে এই পরিবর্তনের উদ্যোগ নেওয়া হয়েছে। এতে ভোটারদের বিভ্রান্তি কমবে এবং ভোট প্রদান প্রক্রিয়া সহজ হবে বলে আশা করা হচ্ছে।

এর আগে বৃহস্পতিবার বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদের নেতৃত্বে একটি প্রতিনিধিদল নির্বাচন কমিশনে গিয়ে বর্তমান পোস্টাল ব্যালটের নকশা নিয়ে আপত্তি ও উদ্বেগ জানায়। তারা বলেন, বর্তমানে পোস্টাল ব্যালটে সব দলের প্রতীক থাকায় ভোট দেওয়া জটিল হয়ে পড়ে।

বিএনপির পক্ষ থেকে প্রস্তাব দেওয়া হয়, পোস্টাল ব্যালট যেন সাধারণ ব্যালট পেপারের মতো হয়, যেখানে শুধু ওই আসনের প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের নাম ও প্রতীক থাকবে।

সালাহউদ্দিন আহমদ বলেন, “দেশের ভেতরে বিপুলসংখ্যক ভোটার পোস্টাল ব্যালট ব্যবহার করবেন। সব মার্কা রেখে ভোট দেওয়ার প্রক্রিয়াকে জটিল না করে ভোটাররা যেন সহজে ভোট দিতে পারেন, সে ব্যবস্থাই নেওয়া উচিত।”

নির্বাচন কমিশনের এই সিদ্ধান্ত বাস্তবায়িত হলে দেশের অভ্যন্তরে পোস্টাল ব্যালট ব্যবস্থায় একটি গুরুত্বপূর্ণ পরিবর্তন আসবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

সম্পাদক ও প্রকাশক | উইনিং গ্রুপের একটি প্রতিষ্ঠান।

© 2026 মুখপত্র। সর্বস্বত্ব সংরক্ষিত।