মুখপত্র
প্রিন্ট এর তারিখঃ ০৪ নভেম্বর, ২০২৬, ১২:২৩ এএম  ||  প্রকাশের তারিখঃ ১৭ জানুয়ারি, ২০২৬, ০৬:৩৩ পিএম

মিরপুরে কলেজছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

সারাদেশ
Sub Editor
মিরপুরে কলেজছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

রাজধানীর মিরপুরে একটি বাসা থেকে সানজিদা ইসলাম মিম (১৯) নামে এক কলেজছাত্রীর মরদেহ উদ্ধার করা হয়েছে। গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন বলে অভিযোগ করেছে পরিবার। তিনি মিরপুর ইংরেজি ভার্সন স্কুল ও কলেজের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন।

শনিবার (১৭ জানুয়ারি) সকাল ১১টার দিকে অচেতন অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত মিম বরগুনা জেলার চাঁদখালি এলাকার সাখাওয়াত মৃধার মেয়ে। তিনি পরিবারের সঙ্গে মিরপুর-১০ নম্বর এলাকায় একটি ভাড়া বাসায় বসবাস করতেন।

নিহতের ভাই সাখাওয়াত হোসেন জানান, মিম পড়াশোনায় মেধাবী ছিলেন। পরিবারের অজান্তে একটি ছেলের সঙ্গে তার সম্পর্ক ছিল। ওই বিষয় নিয়ে অভিমান করে শনিবার সকালে নিজের কক্ষে ঢুকে দরজা বন্ধ করে দেন তিনি। দীর্ঘ সময় কোনো সাড়া না পেয়ে দরজা ভেঙে ফ্যানের সঙ্গে ওড়না পেঁচানো অবস্থায় তাকে ঝুলতে দেখা যায়।

তিনি আরও বলেন, দ্রুত অচেতন অবস্থায় মিমকে ঢাকা মেডিকেলে নেওয়া হলেও চিকিৎসক জানান, তার বোন আর বেঁচে নেই। বর্তমানে মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক চিকিৎসকের বরাত দিয়ে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবহিত করা হয়েছে এবং আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

সম্পাদক ও প্রকাশক | উইনিং গ্রুপের একটি প্রতিষ্ঠান।

© 2026 মুখপত্র। সর্বস্বত্ব সংরক্ষিত।