গাজার অন্তর্বর্তী প্রশাসনের কার্যক্রম তদারকির জন্য গঠিত ‘বোর্ড অব পিস’ বা শান্তি পর্ষদে যোগ দিতে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান এবং মিশরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিসিকে আমন্ত্রণ জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
বিষয়টি আন্তর্জাতিক গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে জানা গেছে।
আঙ্কারা ও কায়রোর সংশ্লিষ্ট কর্তৃপক্ষ নিশ্চিত করেছে, শান্তি পর্ষদে যুক্ত হওয়ার জন্য এই দুই নেতাকে ট্রাম্প আনুষ্ঠানিকভাবে আমন্ত্রণ জানিয়েছেন।
গত বছরের সেপ্টেম্বরে গাজা সংকট সমাধানে নিজের একটি শান্তি পরিকল্পনা উপস্থাপন করেন ট্রাম্প। পরবর্তী সময়ে অক্টোবরে ইসরাইল ও ফিলিস্তিনি সংগঠন হামাস ওই পরিকল্পনায় সম্মতি দেয়। প্রস্তাবিত পরিকল্পনা অনুযায়ী, একটি ফিলিস্তিনি টেকনোক্র্যাট বডি গাজার অন্তর্বর্তী প্রশাসন পরিচালনা করবে এবং সেই প্রশাসনের ওপর নজরদারির দায়িত্ব পালন করবে ‘বোর্ড অব পিস’।
গত শুক্রবার হোয়াইট হাউস শান্তি পর্ষদের প্রতিষ্ঠাকালীন সদস্যদের নাম প্রকাশ করে। এতে রয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও, ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ, সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী টনি ব্লেয়ার, ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনার, মার্কিন ব্যবসায়ী মার্ক রোয়ান, বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট অজয় বাঙ্গা, ট্রাম্পের উপদেষ্টা রবার্ট গ্যাব্রিয়েল এবং জাতিসংঘের মধ্যপ্রাচ্যবিষয়ক সাবেক দূত নিকোলাই ম্লাদেনভ।
হোয়াইট হাউস জানিয়েছে, শান্তি পর্ষদের চেয়ারম্যানের দায়িত্বে থাকবেন স্বয়ং প্রেসিডেন্ট ট্রাম্প। এর মধ্যেই তুরস্ক ও মিশরের দুই শীর্ষ নেতাকে পর্ষদে যুক্ত হওয়ার আমন্ত্রণ জানানোর তথ্য সামনে এলো।
তুরস্কের প্রেসিডেন্টের এক মুখপাত্র শনিবার সামাজিক যোগাযোগমাধ্যমে জানান, এরদোগান আগের দিন ট্রাম্পের কাছ থেকে শান্তি পর্ষদের প্রতিষ্ঠাকালীন সদস্য হওয়ার আমন্ত্রণ পেয়েছেন।
অন্যদিকে মিশরের পররাষ্ট্রমন্ত্রী বদর আবদেলাত্তি একই দিন এক সংবাদ সম্মেলনে বলেন, প্রেসিডেন্ট আল-সিসিকে পাঠানো আমন্ত্রণটি সরকার গুরুত্বের সঙ্গে পর্যালোচনা করছে।