মুখপত্র
প্রিন্ট এর তারিখঃ ০৪ নভেম্বর, ২০২৬, ০৬:১৭ এএম  ||  প্রকাশের তারিখঃ ১৮ জানুয়ারি, ২০২৬, ০৩:৩৮ পিএম

রাতভর ইসি ভবন ঘেরাওয়ের ঘোষণা ছাত্রদলের

রাজনীতি
Sub Editor
রাতভর ইসি ভবন ঘেরাওয়ের ঘোষণা ছাত্রদলের
ছবি: সংগ্রহীত


পোস্টাল ব্যালট সংক্রান্ত সিদ্ধান্তে পক্ষপাতিত্বসহ একাধিক অভিযোগ তুলে নির্বাচন কমিশন (ইসি) ভবন ঘেরাও করে অবস্থান কর্মসূচি পালন করেছে ছাত্রদলের নেতা-কর্মীরা।

রোববার সকাল থেকে রাজধানীর আগারগাঁওয়ে ইসি ভবনের সামনে সংগঠনটির বিপুলসংখ্যক নেতাকর্মী জড়ো হন।

ইসি ভবনের সামনে বক্তব্যে ছাত্রদলের সভাপতি রকিবুল ইসলাম বলেন, দাবি আদায় ও অভিযোগের বিষয়ে কমিশনের সাড়া না পেলে সারারাত ভবন ঘেরাও অব্যাহত রাখা হবে। তিনি অভিযোগ করেন, নির্বাচন কমিশন একটি বিশেষ রাজনৈতিক গোষ্ঠীর প্রভাবের বাইরে থাকতে ব্যর্থ হচ্ছে।

তিনি আরও বলেন, আগামী ২২ জানুয়ারি থেকে জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ছাত্রদল প্রচার কার্যক্রমে নামবে। নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার যেকোনো অপচেষ্টা প্রতিহত করা হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি। একই সঙ্গে আগামী নির্বাচনে ছাত্রদল অগ্রণী ভূমিকা পালন করবে বলে দাবি করেন।

এর আগে সকাল সাড়ে ১০টা থেকেই ইসি ভবনের সামনের সড়কে জড়ো হতে শুরু করেন সংগঠনটির নেতা-কর্মীরা। এ সময় তারা নির্বাচন কমিশনের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন।

ছাত্রদলের পক্ষ থেকে তিনটি প্রধান অভিযোগ উত্থাপন করা হয়। এর মধ্যে পোস্টাল ব্যালট বিষয়ে কমিশনের সিদ্ধান্তকে পক্ষপাতদুষ্ট ও প্রশ্নবিদ্ধ বলে উল্লেখ করা হয়। এছাড়া বিশেষ রাজনৈতিক চাপের মুখে ইসি স্বাধীন ও দায়িত্বশীল সিদ্ধান্ত নিতে ব্যর্থ হচ্ছে বলেও অভিযোগ করা হয়।

আরও অভিযোগ করা হয়, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ নির্বাচন সংক্রান্ত বিষয়ে বিশেষ রাজনৈতিক প্রভাবের কারণে নির্বাচন কমিশন নজিরবিহীন ও বিতর্কিত প্রজ্ঞাপন জারি করেছে, যা শিক্ষাঙ্গনে গণতান্ত্রিক পরিবেশের জন্য হুমকি বলে মনে করছে ছাত্রদল।

সম্পাদক ও প্রকাশক | উইনিং গ্রুপের একটি প্রতিষ্ঠান।

© 2026 মুখপত্র। সর্বস্বত্ব সংরক্ষিত।