ইন্দোনেশিয়ায় নিখোঁজ হয়ে যাওয়া একটি ছোট উড়োজাহাজের ধ্বংসাবশেষ উদ্ধার করা হয়েছে।
শনিবার উড্ডয়নের পর বিমানটি রাডার থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে। রোববার (১৮ জানুয়ারি) সকালে উদ্ধারকারী দল দক্ষিণ সুলাওয়েসির বুলুসারারুং পাহাড়ের পাদদেশে বিমানের জানালার ভাঙা অংশসহ বিভিন্ন ধ্বংসাবশেষ খুঁজে পায়।
আন্তর্জাতিক সংবাদমাধ্যম আলজাজিরার তথ্যমতে, বিমানটি ইন্দোনেশিয়ার জাভা দ্বীপের ইয়োগইয়াকার্তা থেকে দক্ষিণ সুলাওয়েসি প্রদেশের মাকাসসারের উদ্দেশ্যে যাত্রা করেছিল। ছোট আকারের ওই উড়োজাহাজটিতে মোট ১১ জন আরোহী ছিলেন—এর মধ্যে আটজন ক্রু এবং তিনজন যাত্রী। তারা সবাই ইন্দোনেশিয়ার সমুদ্র ও মৎস্য বিষয়ক মন্ত্রণালয়ের কর্মকর্তা ছিলেন এবং সমুদ্র নজরদারির দায়িত্বে নিয়োজিত ছিলেন।
মাকাসসার সার্চ অ্যান্ড রেসকিউ অফিসের কর্মকর্তা মুহাম্মদ আরিফ আনোয়ার জানান, বিমানের মূল অংশের অবস্থান শনাক্ত হওয়ায় অনুসন্ধান এলাকা অনেকটাই সীমিত করা সম্ভব হয়েছে। এতে উদ্ধার অভিযান আরও কার্যকর ও লক্ষ্যভিত্তিকভাবে পরিচালনা করা যাচ্ছে। এখন নিখোঁজদের সন্ধানই উদ্ধারকারী দলের প্রধান অগ্রাধিকার।
উদ্ধারকারীরা জানান, জানালার অংশ ছাড়াও বিমানের আরও বড় কিছু কাঠামো উদ্ধার করা হয়েছে। বিমানটির শেষ অবস্থান শনাক্ত করা হয়েছিল মারোস জেলার পাহাড়ি লেয়াং-লেয়াং এলাকায়। দুর্গম পাহাড়ি ভূপ্রকৃতি ও ঘন কুয়াশার কারণে উদ্ধার কাজ ব্যাহত হলেও যৌথ উদ্ধারকারী দল সতর্কতা ও দ্রুততার সঙ্গে অভিযান চালিয়ে যাচ্ছে।