যুদ্ধ-পরবর্তী গাজায় গঠিত হতে যাওয়া আন্তর্জাতিক স্থিতিশীলীকরণ বাহিনীতে তুরস্ক ও কাতারের সেনাদের অন্তর্ভুক্ত করা হবে না বলে জানিয়েছেন ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।
সোমবার (১৯ জানুয়ারি) ইসরাইলি সংসদ নেসেটে দেওয়া বক্তব্যে তিনি বলেন, গাজা বিষয়ে যুদ্ধবিরতি চুক্তির দ্বিতীয় ধাপে প্রবেশ করেছে ইসরাইল। এই ধাপের মূল লক্ষ্য হলো হামাসকে নিরস্ত্র করা এবং গাজা উপত্যকাকে অস্ত্রমুক্ত করা।
নেতানিয়াহু স্পষ্ট করে জানান, আন্তর্জাতিক স্থিতিশীলীকরণ বাহিনীতে তুরস্ক কিংবা কাতারের কোনো সেনার স্থান থাকবে না।
গাজায় কোন কোন দেশ সেনা পাঠাবে, সে বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। প্রস্তাবিত এই আন্তর্জাতিক বাহিনীর দায়িত্ব হবে সাধারণ নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করা এবং হামাসের পরিবর্তে দায়িত্ব নেওয়ার জন্য একটি নতুন পুলিশ বাহিনীকে প্রশিক্ষণ দেওয়া।
এদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গঠিত হতে যাওয়া বাহিনীর প্রধান হিসেবে দেশটির সেনাবাহিনীর কর্মকর্তা মেজর জেনারেল জাসপার জেফার্সকে নিয়োগ দিয়েছেন।