মুখপত্র
প্রিন্ট এর তারিখঃ ০৬ নভেম্বর, ২০২৬, ০৬:৫৮ এএম  ||  প্রকাশের তারিখঃ ২০ জানুয়ারি, ২০২৬, ০৯:১৩ পিএম

রাজধানীতে জামায়াত-বিএনপির মধ্যে সংঘর্ষ, আহত বেশ কয়েকজন

জাতীয়
Sub Editor
রাজধানীতে জামায়াত-বিএনপির মধ্যে সংঘর্ষ, আহত বেশ কয়েকজন

রাজধানীর মিরপুরে নির্বাচনী প্রচারপত্র বিতরণকে কেন্দ্র করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতাকর্মীদের সঙ্গে বিএনপির নেতাকর্মীদের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে জামায়াতের একাধিক কর্মী আহত হয়েছেন।

মঙ্গলবার (২০ জানুয়ারি) সন্ধ্যায় মিরপুর মডেল থানাধীন পীরেরবাগ এলাকার আল মোবারক মসজিদের সামনে এ সংঘর্ষ হয়। প্রাথমিক তথ্যে জানা গেছে, অন্তত ১৬ জন আহত হয়েছেন। ঘটনার পর ওই এলাকায় কিছু সময়ের জন্য চরম উত্তেজনা ছড়িয়ে পড়ে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সেনাবাহিনী ও পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়। আইনশৃঙ্খলা বাহিনীর হস্তক্ষেপে পরিস্থিতি কিছুটা শান্ত হলেও এলাকায় উত্তেজনা বিরাজ করছিল।

এ বিষয়ে পুলিশের মিরপুর জোনের সহকারী পুলিশ কমিশনার মো. মিজানুর রহমান বলেন, ঘটনাটি দুই পক্ষের মধ্যে সংঘটিত হয়েছে। পুলিশ ঘটনাস্থলে অবস্থান করছে এবং পরিস্থিতি পর্যবেক্ষণ করছে।

অন্যদিকে ঢাকা মহানগর জামায়াতের নায়েবে আমির আব্দুর রহমান মূসা জানান, এর আগে দুপুরে শ্যাওড়াপাড়ায় বিএনপি প্রার্থী মিল্টনের স্ত্রীর সঙ্গে জামায়াতের নারী কর্মীদের বাগবিতণ্ডা হয়। এরই ধারাবাহিকতায় সন্ধ্যায় নামাজ আদায়ের উদ্দেশ্যে পীরেরবাগ আল মোবারক মসজিদে যাওয়া জামায়াতের নেতাকর্মীদের আটকে রেখে মারধরের অভিযোগ ওঠে।

পরবর্তীতে উভয় দলের আরও নেতাকর্মীরা সেখানে উপস্থিত হলে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ও সেনাবাহিনীর সহায়তা চাওয়া হয়।

তিনি আরও জানান, সংঘর্ষে জামায়াতের অন্তত দুই কর্মী আহত হয়েছেন। আহতদের কল্যাণপুরের ইবনে সিনা হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সম্পাদক ও প্রকাশক | উইনিং গ্রুপের একটি প্রতিষ্ঠান।

© 2026 মুখপত্র। সর্বস্বত্ব সংরক্ষিত।