মুখপত্র
প্রিন্ট এর তারিখঃ ০৫ নভেম্বর, ২০২৬, ০৪:৪৯ পিএম  ||  প্রকাশের তারিখঃ ২২ জানুয়ারি, ২০২৬, ১০:০৩ এএম

যুদ্ধবিরতির মাঝেই গাজায় তিন সাংবাদিকের প্রাণ নিল ইসরাইলি বাহিনী

আন্তর্জাতিক
Sub Editor
যুদ্ধবিরতির মাঝেই গাজায় তিন সাংবাদিকের প্রাণ নিল ইসরাইলি বাহিনী
ছবি: সংগ্রহীত


ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরাইলি সামরিক বাহিনীর বিমান হামলায় অন্তত তিনজন সাংবাদিক নিহত হয়েছেন। বুধবারের এই হামলায় নিহতদের মধ্যে এএফপির একজন ফ্রিল্যান্স সাংবাদিকও রয়েছেন বলে জানিয়েছে গাজার বেসামরিক প্রতিরক্ষা বিভাগ।

গাজার বেসামরিক প্রতিরক্ষা দপ্তরের এক বিবৃতিতে বলা হয়, গাজা শহরের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের আল-জাহরা এলাকায় ইসরাইলি বিমান হামলায় তিন সাংবাদিক প্রাণ হারান। পরে তাঁদের মরদেহ দেইর আল-বালাহর আল-আকসা শহীদ হাসপাতালে নেওয়া হয়।

নিহত সাংবাদিকরা হলেন মোহাম্মদ সালাহ কাশতা, আবদুল রউফ শাআত এবং আনাস ঘনেইম। শাআত ফ্রিল্যান্স সাংবাদিক হিসেবে ফরাসি বার্তা সংস্থা এএফপির সঙ্গে যুক্ত ছিলেন। তবে হামলার সময় তিনি সংস্থাটির কোনো দায়িত্বে নিয়োজিত ছিলেন না বলে জানানো হয়েছে।

ইসরাইলি সেনাবাহিনী দাবি করেছে, তারা মধ্য গাজায় হামাস-সংশ্লিষ্ট একটি ড্রোন পরিচালনাকারী কয়েকজন ‘সন্দেহভাজনকে’ লক্ষ্য করে হামলা চালায়। সেনাবাহিনীর ভাষ্য অনুযায়ী, ওই ড্রোন তাদের জন্য হুমকি তৈরি করছিল, তাই নির্ভুলভাবে লক্ষ্যবস্তুতে আঘাত করা হয়। হামলাটি নির্ধারিত কমান্ড চেইনের অনুমোদন অনুযায়ী পরিচালিত হয়েছে বলেও জানানো হয়। ঘটনার বিস্তারিত তদন্ত চলছে বলে দাবি করেছে তারা।

এর আগে গাজার বেসামরিক প্রতিরক্ষা বিভাগ জানায়, আল-জাহরা এলাকার কাছে একটি বেসামরিক যান লক্ষ্য করে ইসরাইলি ড্রোন হামলা চালানো হয়েছিল। এক প্রত্যক্ষদর্শীর বক্তব্য অনুযায়ী, ওই সময় সাংবাদিকরা মিশরীয় রিলিফ কমিটির ত্রাণ বিতরণের চিত্র ধারণের জন্য একটি ড্রোন ব্যবহার করছিলেন।

উল্লেখ্য, গত ১০ অক্টোবর থেকে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় গাজায় একটি ভঙ্গুর যুদ্ধবিরতি কার্যকর রয়েছে। তবে যুদ্ধবিরতি থাকা সত্ত্বেও উভয় পক্ষ একে অপরের বিরুদ্ধে বারবার তা লঙ্ঘনের অভিযোগ করে আসছে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকে এখন পর্যন্ত অন্তত ৪৬৬ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন।

সম্পাদক ও প্রকাশক | উইনিং গ্রুপের একটি প্রতিষ্ঠান।

© 2026 মুখপত্র। সর্বস্বত্ব সংরক্ষিত।