মুখপত্র
প্রিন্ট এর তারিখঃ ০৫ নভেম্বর, ২০২৬, ০৪:৫৮ পিএম  ||  প্রকাশের তারিখঃ ২৩ জানুয়ারি, ২০২৬, ১১:৪৪ এএম

রাশিয়া তেলবাহী জাহাজ জব্দ করল ফ্রান্স

আন্তর্জাতিক
Sub Editor
রাশিয়া তেলবাহী জাহাজ জব্দ করল ফ্রান্স
ছবি: আল জাজিরা


রাশিয়া থেকে আসা একটি তেলবাহী জাহাজ আন্তর্জাতিক নিষেধাজ্ঞা অমান্য করেছে এবং ভুয়া পতাকা ব্যবহার করছিল—এমন সন্দেহে নৌবাহিনী জাহাজটি জব্দ করেছে বলে জানিয়েছেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ।

বৃহস্পতিবার (২১ জানুয়ারি) সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বিবৃতিতে ম্যাক্রোঁ বলেন, জাহাজটি আন্তর্জাতিক নিষেধাজ্ঞার আওতাভুক্ত ছিল এবং এর পরিচয় গোপন করতে ভুয়া পতাকা ব্যবহারের আশঙ্কা রয়েছে। তিনি জানান, একাধিক মিত্র দেশের সহায়তায় এবং জাতিসংঘের সমুদ্র আইনবিষয়ক কনভেনশনের পূর্ণ সম্মতির মধ্যেই এ অভিযান পরিচালিত হয়েছে।

ম্যাক্রোঁ আরও বলেন, জাহাজটির গতিপথ পরিবর্তন করা হয়েছে এবং ঘটনার তদন্ত শুরু করা হয়েছে।

স্থানীয় মেরিটাইম কর্তৃপক্ষ জানায়, স্পেন ও মরক্কোর মধ্যবর্তী সমুদ্র এলাকা থেকে ‘গ্রিঞ্চ’ নামের তেলবাহী জাহাজটি জব্দ করা হয়। পরে যুক্তরাজ্য নিশ্চিত করে, এই অভিযানে তারা সহায়তা করেছে। ব্রিটিশ প্রতিরক্ষামন্ত্রী জন হিলি বলেন, জাহাজটির গতিবিধি পর্যবেক্ষণে যুক্তরাজ্য সহযোগিতা দিয়েছে।

এ ঘটনা এমন এক সময়ে ঘটল, যখন ইউরোপীয় ইউনিয়ন ২০২২ সালে ইউক্রেনে রাশিয়ার পূর্ণমাত্রার আগ্রাসনের জবাবে মস্কোর বিরুদ্ধে এক ডজনের বেশি নিষেধাজ্ঞা আরোপ করেছে।

তবে বিভিন্ন প্রতিবেদনে বলা হচ্ছে, এসব নিষেধাজ্ঞা সত্ত্বেও চীন ও ভারতের মতো দেশগুলোর কাছে রাশিয়া এখনও বিপুল পরিমাণ তেল বিক্রি করছে। এই তেলের বড় অংশ পরিবহন করা হচ্ছে পশ্চিমা সামুদ্রিক নজরদারির বাইরে থাকা তথাকথিত ‘শ্যাডো ফ্লিট’-এর মাধ্যমে।

সেন্টার ফর রিসার্চ অন এনার্জি অ্যান্ড ক্লিন এয়ার-এর নভেম্বর মাসের এক প্রতিবেদনে বলা হয়, ২০২৫ সালের প্রথম নয় মাসে শতাধিক রুশ জাহাজ ভুয়া পতাকা ব্যবহার করে প্রায় ১ কোটি ১০ লাখ টন তেল পরিবহন করেছে, যার বাজারমূল্য প্রায় ৪৭০ কোটি ইউরো বা ৫৫ বিলিয়ন ডলার।

জাহাজটি জব্দের ঘটনায় ফ্রান্সকে ধন্যবাদ জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।

অন্যদিকে রাশিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থার খবরে বলা হয়েছে, ফ্রান্সে অবস্থিত রুশ দূতাবাস দাবি করেছে—জাহাজটি আটক করার বিষয়ে তাদের আগে থেকে কোনো তথ্য জানানো হয়নি।

সম্পাদক ও প্রকাশক | উইনিং গ্রুপের একটি প্রতিষ্ঠান।

© 2026 মুখপত্র। সর্বস্বত্ব সংরক্ষিত।