ধামরাইয়ের বাটুলিয়া গ্রামে বাবা বুচাই চান পাগলার মাজার পরিদর্শনকালে প্রধান উপদেষ্টার প্রেস সচিব মো. শফিকুল আলম বলেন, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ‘হ্যাঁ’ ভোটে ব্যাপক সমর্থন লক্ষ্য করা যাচ্ছে।
তিনি উল্লেখ করেন, জনগণ বুঝেছে, ‘হ্যাঁ’ ভোট দিলে দেশে স্বৈরাচার আর অত্যাচার ফেরাবে না, নাগরিক অধিকার সুরক্ষিত থাকবে এবং ন্যায় শাসন প্রতিষ্ঠিত হবে।
প্রেস সচিব মাজারে আক্রমণকে জঘন্য ও নিন্দনীয় উল্লেখ করে বলেন, বাংলাদেশ অলি-আউলিয়ার দেশ। ইসলাম সম্প্রসারিত হয়েছে পীর ও আউলিয়ার মাধ্যমে। তিনি বলেন, মাজারে আঘাত করা কোনোভাবেই কাম্য নয়; কেউ চাইলে শান্তি বা আনন্দের জন্য যেতে পারেন। মাজার আমাদের বাংলা সংস্কৃতির অংশ।
তিনি আরও জানান, বুচাই চান পাগলা স্থানীয় বিশিষ্ট সাধক ছিলেন। জানুয়ারি মাসে এখানে বাউল গানের আসর বসে, দেশের খ্যাতিমান বাউল শিল্পীরা গান পরিবেশন করেন। তিনি সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার প্রয়োজনীয়তাও স্মরণ করান।
উল্লেখ্য, ২৪ সালের ১১ সেপ্টেম্বর মাজারটি ভাঙচুর করা হয়েছিল। দরজা, জানালা ও গম্বুজ ক্ষতিগ্রস্ত হয়। আগের ঘটনায় সরকার মামলা করেছে। বর্তমানে মাজারে সংস্কার কাজ চলমান।
মাজার কমিটির সভাপতি মো. দেলোয়ার হোসেন বলেন, কিছু তুচ্ছ লোক মাজার ভাঙচুর করেছে। প্রেস সচিব সংস্কারে সহযোগিতার আশ্বাস দিয়েছেন। পরিদর্শনকালে ধামরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা খান মোহাম্মদ সালমান হাবীব ও সহকারী কমিশনার (ভূমি) রিদওয়ান আহম্মেদ রাফি উপস্থিত ছিলেন।