রাজধানীতে নির্মাণাধীন ভবনের বিদ্যুৎ, গ্যাস ও পানির সংযোগ ছয় মাসের জন্য বিচ্ছিন্ন না করার নির্দেশ দিয়েছেন আদালত। আদালতের আদেশ অনুযায়ী, ওয়াসা, রাজউক ও বিদ্যুৎ বিভাগ এই সময়ের মধ্যে কোনো ধরনের সংযোগ বন্ধ করতে পারবে না।
রিহ্যাবের (রিট পিটিশন নং ২১১৭১/২০২৫) আবেদনের প্রেক্ষিতে বিচারপতি সিকদার মাহমুদুর রাজি ও বিচারপতি রাজিউদ্দিন আহমেদ এই অন্তর্বর্তীকালীন নিষেধাজ্ঞা জারি করেন। রিহ্যাব আদালতে তুলে ধরেছিলেন যে, সংযোগ বিচ্ছিন্ন হলে নির্মাণাধীন বা আংশিক তৈরি ভবনে বসবাসরত পরিবারগুলো দৈনন্দিন জীবনে ভোগান্তির সম্মুখীন হবেন। আদালত মানবিক ও নিরাপত্তা বিষয়ক কারণ বিবেচনায় নিয়েই এই আদেশ দিয়েছেন।
আদালতের আদেশে বলা হয়েছে, সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ছয় মাসের জন্য বিদ্যুৎ লাইন, পানির সংযোগ এবং অন্যান্য ইউটিলিটি সেবা বন্ধ করা থেকে বিরত থাকতে হবে। চূড়ান্ত সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত স্থিতাবস্থা বজায় রাখতে হবে।
এই আদেশের ফলে নির্মাণকৃত ভবনের মালিক ও ডেভেলপাররা তাৎক্ষণিক আর্থিক ও দৈনন্দিন সমস্যা থেকে রক্ষা পাবেন। আদালত বিশেষ করে পানি ও বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হলে যে সংকট তৈরি হয়, তা বিবেচনায় রেখেছেন।
উল্লেখ্য, বিগত কয়েক মাসে রাজউক, ডেসকো, ডিপিডিসি ও অন্যান্য বিদ্যুৎ বিতরণ কোম্পানির সহায়তায় প্রায় ১২০০টির বেশি নির্মাণাধীন ভবনের বিদ্যুৎ মিটার বিচ্ছিন্ন করা হয়েছে। এতে অনেক প্রকল্প কার্যত বন্ধ হয়ে যায়, শ্রমিক ও সংশ্লিষ্ট কর্মীরা বেকার হয়ে পড়েন এবং ডেভেলপারদের বড় ধরনের আর্থিক ক্ষতি হয়। একই সঙ্গে ব্যাংক ঋণ পরিশোধ ও বিনিয়োগ স্থবিরতার মতো সমস্যা তৈরি হয়। এসব পরিস্থিতি বিবেচনা করেই রিহ্যাব আদালতের শরণাপন্ন হয় এবং এই নিষেধাজ্ঞা জারি হয়।