|
|
রবিবার, ০১ নভেম্বর, ২০২৬, ১৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সর্বস্বত্ব মুখপত্র কর্তৃক সংরক্ষিত

বিজ্ঞাপন | ব্যানার স্পট

আপনার ব্যবসার প্রসারে আমাদের জনপ্রিয় নিউজ ওয়েবসাইটে বিজ্ঞাপন দিন!

বিজ্ঞাপন দিন →

অন্যদের নসিহতের আগে নিজের ঘর সামলান: প্রধানমন্ত্রী

নিউজ ডেস্ক

প্রকাশ : ০১ অক্টোবর, ২০২৬, ০৭:১২ পিএম
৪৪ পঠিত
00:00
00:00
অন্যদের নসিহতের আগে নিজের ঘর সামলান: প্রধানমন্ত্রী
ফেনীর পরশুরামে মুহুরী-কহুয়া বন্যা নিয়ন্ত্রণ, নিষ্কাশন ও সেচ প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন প্রধানমন্ত্রী তারেক রহমান।ছবি: সংগৃহীত

দেশে ঘটে যাওয়া বিভিন্ন অনাকাঙ্ক্ষিত ঘটনাকে কেন্দ্র করে কিছু রাজনৈতিক দল অরাজকতা তৈরির চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, এ ধরনের কর্মকাণ্ডের কারণে দেশের উন্নয়ন ব্যাহত হলে সংশ্লিষ্টদেরই এর দায় নিতে হবে।

বৃহস্পতিবার (১ অক্টোবর) ফেনীর পরশুরাম উপজেলার ঘাটঘর এলাকায় ‘মুহুরী-কহুয়া বন্যা নিয়ন্ত্রণ, নিষ্কাশন ও সেচ প্রকল্পের পুনর্বাসন (প্রথম পর্যায়)’ উদ্বোধন শেষে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার সময় তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, বিএনপি সরকার আইনের শাসন প্রতিষ্ঠায় প্রতিশ্রুতিবদ্ধ। তার দাবি, একটি রাজনৈতিক দলের নেতাকর্মীদের বিভিন্ন কর্মকাণ্ডের কারণে দেশের পাশাপাশি আন্তর্জাতিক পরিসরেও বাংলাদেশের ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হচ্ছে।

নাম উল্লেখ না করে একটি রাজনৈতিক দলের সমালোচনা করে তারেক রহমান বলেন, আগে নিজেদের ঘরের পরিস্থিতি সামাল দেওয়া উচিত, এরপর অন্যদের বিষয়ে পরামর্শ দেওয়া উচিত।

তিনি আরও বলেন, কিছু রাজনৈতিক দল অনাকাঙ্ক্ষিত ঘটনাকে কাজে লাগিয়ে দেশে অস্থিরতা তৈরির চেষ্টা করছে। এ বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে শয্যা বাড়ানোর পরিকল্পনা

প্রধানমন্ত্রী বলেন, বিএনপি সরকারের পাঁচ বছরের মেয়াদে দেশের প্রতিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ১৫০ শয্যায় উন্নীত করার পরিকল্পনা রয়েছে। পাশাপাশি এসব স্বাস্থ্যকেন্দ্রে কিডনি রোগীদের জন্য ডায়ালাইসিসের সুবিধা চালুর কথাও জানান তিনি।

কৃষকদের বিষয়ে তিনি বলেন, নির্বাচনী ইশতেহার অনুযায়ী সরকার দায়িত্ব নেওয়ার পর ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ মওকুফ করেছে। এতে সরকারের প্রায় ১ হাজার ৫০০ কোটি টাকা ব্যয় হলেও ১৩ লাখ কৃষক সুবিধা পেয়েছেন বলে তিনি দাবি করেন।

মুহুরী-কহুয়া প্রকল্পের কাজ

ফেনীর পরশুরামে উদ্বোধন করা মুহুরী-কহুয়া বন্যা নিয়ন্ত্রণ, নিষ্কাশন ও সেচ প্রকল্পের প্রথম পর্যায়ের ব্যয় ধরা হয়েছে ১ হাজার ৫৪২ কোটি ১৬ লাখ টাকা। প্রকল্পের আওতায় বাঁধ পুনর্বাসন, নদীতীর সংরক্ষণ, নদী ও জলাশয় পুনঃখনন এবং সেচ অবকাঠামো সংস্কারের কাজ করা হবে।

প্রকল্পটি বাস্তবায়িত হলে ফেনীসহ আশপাশের এলাকায় বন্যা ও জলাবদ্ধতার ক্ষতি কমানোর পাশাপাশি কৃষিকাজে সেচ সুবিধা বাড়বে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

প্রধানমন্ত্রী বলেন, প্রকল্প বাস্তবায়নের ফলে বৃহত্তর নোয়াখালী অঞ্চলের মানুষ বন্যার ক্ষতি থেকে আরও বেশি সুরক্ষা পাবে। পাশাপাশি নতুন করে ৩৪ হাজার হেক্টর জমি চাষের আওতায় আসবে এবং ফসল উৎপাদন বাড়বে বলে তিনি উল্লেখ করেন।

প্রকল্পটির আওতায় ৬৭ দশমিক ৯২ কিলোমিটার বাঁধ পুনর্বাসন, ১১ দশমিক ৭৩ কিলোমিটার নদীতীর সংরক্ষণ, ৮৩ দশমিক ৫০ কিলোমিটার নদী ও জলাশয় পুনঃখনন, ২৭টি সেচ অবকাঠামো পুনর্বাসন এবং ৭৭টি ইনলেট নির্মাণের পরিকল্পনা রয়েছে।

অনুষ্ঠানে পানিসম্পদমন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনবিষয়ক মন্ত্রী আবদুল আউয়াল মিন্টু, গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের সুমন, পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ এবং ফেনী-১ আসনের সংসদ সদস্য রফিকুল আলম মজনুসহ সরকারের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। 
 

বিজ্ঞাপন | ব্যানার স্পট

আপনার ব্যবসার প্রসারে আমাদের জনপ্রিয় নিউজ ওয়েবসাইটে বিজ্ঞাপন দিন!

বিজ্ঞাপন দিন →