|
|
রবিবার, ০১ নভেম্বর, ২০২৬, ১৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সর্বস্বত্ব মুখপত্র কর্তৃক সংরক্ষিত

বিজ্ঞাপন | ব্যানার স্পট

আপনার ব্যবসার প্রসারে আমাদের জনপ্রিয় নিউজ ওয়েবসাইটে বিজ্ঞাপন দিন!

বিজ্ঞাপন দিন →

বার্লিন সফর বাতিল ইউনূসের, সম্মেলনের তালিকা থেকেও বাদ

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ১৩ অক্টোবর, ২০২৬, ০৬:৪৯ পিএম
৯৭০ পঠিত
00:00
00:00
বার্লিন সফর বাতিল ইউনূসের, সম্মেলনের তালিকা থেকেও বাদ
সম্মেলনে মুহাম্মদ ইউনূসের অংশগ্রহণের বিষয়টি আয়োজকদের পক্ষ থেকেই জানানো হয়েছিল। তবে এখন আর বক্তার তালিকায় তার নাম নেই। ছবি: ডব্লিউএইচও

সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের জার্মানির বার্লিনে অনুষ্ঠিত বিশ্ব স্বাস্থ্য সম্মেলনে অংশ নেওয়ার কথা থাকলেও শেষ মুহূর্তে সফর বাতিল করেছেন তিনি। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, স্বাস্থ্যগত কারণেই সম্মেলনে যোগ দিচ্ছেন না নোবেলজয়ী এই অর্থনীতিবিদ।

তবে সম্মেলনে ইউনূসের অংশগ্রহণ নিয়ে ইউরোপে বসবাসরত বাংলাদেশিদের কয়েকটি সংগঠন আপত্তি জানিয়েছিল। এ নিয়ে বিতর্কের মধ্যেই তার সফর বাতিলের খবর সামনে আসে।

রোববার শুরু হওয়া তিন দিনের ‘ওয়ার্ল্ড হেলথ সামিট’-এর এবারের প্রতিপাদ্য ‘সংকট থেকে স্থিতিস্থাপকতা: স্বাস্থ্যের জন্য উদ্ভাবন’। মঙ্গলবার পর্যন্ত চলা এ সম্মেলনে বিভিন্ন দেশের বিজ্ঞানী, চিকিৎসা বিশেষজ্ঞ, সরকারি কর্মকর্তা ও আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিরা অংশ নিচ্ছেন। বৈশ্বিক স্বাস্থ্য খাতের সংকট ও তা মোকাবিলার উপায় নিয়ে সম্মেলনে আলোচনা হচ্ছে।

সম্মেলনের ওয়েবসাইটে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের স্ত্রী ও জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ডা. জোবাইদা রহমানের একটি অধিবেশনে অংশ নেওয়ার তথ্য রয়েছে।

অন্যদিকে, সম্মেলনের একটি সেশনে বক্তব্য দেওয়ার কথা ছিল মুহাম্মদ ইউনূসের। শুরুতে বক্তা হিসেবে তার নাম প্রকাশ করা হলেও পরে ওয়েবসাইটের তালিকা থেকে তা সরিয়ে নেওয়া হয়।

এ বিষয়ে বিশ্ব স্বাস্থ্য সম্মেলনের যোগাযোগ দলের আনা স্টোরমার ইমেইলে জানান, স্বাস্থ্যগত কারণে ইউনূস সম্মেলনে অংশ নেওয়ার সিদ্ধান্ত থেকে সরে এসেছেন। তবে এ বিষয়ে মন্তব্য জানতে ঢাকায় ইউনূস সেন্টারের সঙ্গে যোগাযোগ করা হলেও তাদের কোনো বক্তব্য পাওয়া যায়নি।

এর আগে বাংলাদেশের হামের পরিস্থিতি নিয়ে উদ্বেগ জানিয়ে ইউরোপভিত্তিক পাঁচটি সংগঠন সম্মেলনে ইউনূসের অংশগ্রহণের সিদ্ধান্ত পুনর্বিবেচনার আহ্বান জানিয়েছিল।

সংগঠনগুলো হলো—সাউথ এশিয়া ডেমোক্রেটিক ফোরাম, ইউরোপিয়ান বাংলাদেশ ফোরাম, ওয়ার্কিং গ্রুপ বাংলাদেশ ইন জার্মানি, আর্থ সিভিলাইজেশন নেটওয়ার্ক এবং ফ্রিডম অ্যান্ড জাস্টিস অ্যালায়েন্স। এ বিষয়ে তারা একটি পিটিশনও জমা দেয়।

পিটিশনে বাংলাদেশের সাম্প্রতিক হামের প্রাদুর্ভাব মোকাবিলায় অন্তর্বর্তী সরকারের ভূমিকা নিয়ে বিভিন্ন প্রতিবেদনে ওঠা প্রশ্নের উল্লেখ করা হয়। বিষয়গুলো স্বাধীনভাবে পর্যালোচনার আগে মুহাম্মদ ইউনূসকে সম্মেলনের বিশেষ বক্তা হিসেবে রাখার সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি জানায় সংগঠনগুলো।

বিজ্ঞাপন | ব্যানার স্পট

আপনার ব্যবসার প্রসারে আমাদের জনপ্রিয় নিউজ ওয়েবসাইটে বিজ্ঞাপন দিন!

বিজ্ঞাপন দিন →