|
|
বুধবার, ০৪ নভেম্বর, ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সর্বস্বত্ব মুখপত্র কর্তৃক সংরক্ষিত

বিজ্ঞাপন | ব্যানার স্পট

আপনার ব্যবসার প্রসারে আমাদের জনপ্রিয় নিউজ ওয়েবসাইটে বিজ্ঞাপন দিন!

বিজ্ঞাপন দিন →

মাদুরোর মতো পুতিনকে ধরবে যুক্তরাষ্ট্র? ট্রাম্পের স্পষ্ট জবাব

নিউজ ডেস্ক

প্রকাশ : ১১ জানুয়ারি, ২০২৬, ১০:৩৪ এএম
৬ পঠিত
00:00
00:00
মাদুরোর মতো পুতিনকে ধরবে যুক্তরাষ্ট্র? ট্রাম্পের স্পষ্ট জবাব

ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে যুক্তরাষ্ট্রের অভিযানে আটক করার ঘটনার পর রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে নিয়েও একই ধরনের পদক্ষেপ নেওয়া হতে পারে কি না—এমন প্রশ্নের স্পষ্ট জবাব দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প।

সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, পুতিনকে আটক করার মতো কোনও অভিযানের প্রয়োজন তিনি দেখছেন না। তবে রাশিয়ার প্রেসিডেন্টের ভূমিকা নিয়ে তিনি যে সন্তুষ্ট নন, সেটিও অকপটে স্বীকার করেন।

ইউক্রেইনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির এক মন্তব্যের পর এই আলোচনা নতুন করে সামনে আসে। ভেনেজুয়েলার রাজধানী কারাকাসে গত ৩ জানুয়ারি যুক্তরাষ্ট্রের অভিযানে প্রেসিডেন্ট মাদুরোকে আটক করার ঘটনায় আন্তর্জাতিক অঙ্গনে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়।

এরপর জেলেনস্কি ও যুক্তরাষ্ট্রের কয়েকজন মিত্র ইঙ্গিত দেন, একই কৌশল রাশিয়ার ক্ষেত্রেও প্রয়োগ করা হতে পারে। তবে এ বিষয়ে ট্রাম্প কোনও সমর্থন দেননি।

উল্লেখ্য, ইউক্রেইনে যুদ্ধাপরাধের অভিযোগে নেদারল্যান্ডসের হেগে অবস্থিত আন্তর্জাতিক ফৌজদারি আদালত (আইসিসি) আগেই রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে।

মাদুরোকে আটক করার ঘটনার পর দেওয়া এক বক্তব্যে জেলেনস্কি সরাসরি নাম উল্লেখ না করে বলেন, ‘স্বৈরশাসকদের’ জবাব দেওয়ার পদ্ধতি যুক্তরাষ্ট্র ভালোভাবেই জানে।

এ বিষয়ে ট্রাম্পকে প্রশ্ন করা হলে তিনি বলেন, “আমি মনে করি না, এমন কিছু করার দরকার আছে। আমাদের সঙ্গে পুতিনের সম্পর্ক ভালো থাকবে। তবে আমি হতাশ।”

রাশিয়া-ইউক্রেইন যুদ্ধ প্রসঙ্গে ট্রাম্প দাবি করেন, তিনি এর আগে একাধিক যুদ্ধ থামাতে ভূমিকা রেখেছেন এবং এই সংঘাত দ্রুত শেষ করা সম্ভব হবে বলে তিনি আশা করেছিলেন।

যুদ্ধের ভয়াবহতা তুলে ধরে ট্রাম্প বলেন, সাম্প্রতিক এক মাসেই উভয় পক্ষ মিলিয়ে বিপুলসংখ্যক সেনা নিহত হয়েছে, যার বড় অংশই রুশ সেনা। তিনি আরও বলেন, রাশিয়ার অর্থনীতি চাপের মুখে রয়েছে এবং শেষ পর্যন্ত আলোচনার মাধ্যমেই এই যুদ্ধের সমাধান হবে বলে তিনি বিশ্বাস করেন।

ট্রাম্পের ভাষায়, “এই যুদ্ধ যত দ্রুত থামানো যায়, ততই ভালো—কারণ প্রতিদিনই অপ্রয়োজনীয় প্রাণহানি ঘটছে।”

বিজ্ঞাপন | ব্যানার স্পট

আপনার ব্যবসার প্রসারে আমাদের জনপ্রিয় নিউজ ওয়েবসাইটে বিজ্ঞাপন দিন!

বিজ্ঞাপন দিন →