|
|
বুধবার, ০৪ নভেম্বর, ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সর্বস্বত্ব মুখপত্র কর্তৃক সংরক্ষিত

বিজ্ঞাপন | ব্যানার স্পট

আপনার ব্যবসার প্রসারে আমাদের জনপ্রিয় নিউজ ওয়েবসাইটে বিজ্ঞাপন দিন!

বিজ্ঞাপন দিন →

জামায়াতবিরোধী জোটের বার্তা নিয়ে আত্মপ্রকাশ করছে ‘জনযাত্রা’

নিউজ ডেস্ক

প্রকাশ : ১৩ জানুয়ারি, ২০২৬, ০৪:০০ পিএম
৭ পঠিত
00:00
00:00
জামায়াতবিরোধী জোটের বার্তা নিয়ে আত্মপ্রকাশ করছে ‘জনযাত্রা’

জুলাই গণ-অভ্যুত্থানে সক্রিয় ছাত্রনেতা ও রাজনৈতিক কর্মীদের উদ্যোগে গঠিত হচ্ছে নতুন রাজনৈতিক প্ল্যাটফর্ম ‘জনযাত্রা’ (People’s March)। আগামী ১৬ জানুয়ারি শুক্রবার রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে আনুষ্ঠানিক ঘোষণার মাধ্যমে প্ল্যাটফর্মটির যাত্রা শুরু হবে।

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সঙ্গে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নির্বাচনী জোট গঠনের সিদ্ধান্তের বিরোধিতায় পদত্যাগ করা একাধিক নেতা এই নতুন প্ল্যাটফর্মে নেতৃত্বের ভূমিকায় আসছেন। বিষয়টি নিশ্চিত করেছেন এনসিপির সাবেক যুগ্ম আহ্বায়ক অনিক রায়। তিনি জানান, জনযাত্রা আগে থেকেই বিভিন্ন পরিসরে সক্রিয় ছিল, তবে সাম্প্রতিক রাজনৈতিক প্রেক্ষাপটে তারা নতুনভাবে এতে যুক্ত হয়েছেন।

জুলাই গণ-অভ্যুত্থানের চেতনা ও নাগরিক আকাঙ্ক্ষার সঙ্গে সাংঘর্ষিক সিদ্ধান্তের অভিযোগ তুলে সম্প্রতি এনসিপির অন্তত ১৬ জন কেন্দ্রীয় নেতা ও বিভিন্ন জেলা পর্যায়ের নেতারা পদত্যাগ করেন। তাদের একটি বড় অংশই বর্তমানে জনযাত্রার মূল সংগঠক হিসেবে কাজ করছেন।

এই প্ল্যাটফর্মের নেতৃত্বে অনিক রায়ের পাশাপাশি রয়েছেন এনসিপির সাবেক যুগ্ম সদস্যসচিব তুহিন খান। এছাড়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক নাজিফা জান্নাত এবং বাংলাদেশ ছাত্র ইউনিয়নের ঢাকা বিশ্ববিদ্যালয় সংসদের সভাপতি মেঘমল্লার বসুও এতে যুক্ত হয়েছেন।

উদ্যোক্তাদের ভাষ্য অনুযায়ী, জনযাত্রার আদর্শ হবে গণতান্ত্রিক সমাজতন্ত্র। সাধারণ মানুষের অধিকার আদায়কে কেন্দ্র করে কার্যক্রম পরিচালনা করবে এই প্ল্যাটফর্ম। প্রগতিশীল শিক্ষক ও বুদ্ধিজীবীরা পরামর্শকের ভূমিকায় থাকলেও তরুণদের হাতেই থাকবে নেতৃত্বের মূল দায়িত্ব। বিদ্যমান দ্বিমেরু রাজনীতির বাইরে জনগণের জন্য একটি বিকল্প শক্তি গড়ে তোলাই তাদের লক্ষ্য।

আগামী ১২ ফেব্রুয়ারির জাতীয় নির্বাচন সামনে রেখে জনযাত্রা আপাতত একটি রাজনৈতিক প্ল্যাটফর্ম হিসেবেই কার্যক্রম চালাবে। নির্বাচনের পরবর্তী ছয় মাস থেকে এক বছরের মধ্যে এটিকে পূর্ণাঙ্গ রাজনৈতিক দলে রূপ দেওয়ার পরিকল্পনার কথাও জানিয়েছেন উদ্যোক্তারা। বর্তমানে সংগঠনের গঠনতন্ত্র ও অর্থনৈতিক কর্মসূচি চূড়ান্ত করার কাজ চলছে।

১৬ জানুয়ারি শহীদ মিনারে আয়োজিত সমাবেশে জনযাত্রার লক্ষ্য, দৃষ্টিভঙ্গি ও ইশতেহার জনগণের সামনে তুলে ধরা হবে।

বিজ্ঞাপন | ব্যানার স্পট

আপনার ব্যবসার প্রসারে আমাদের জনপ্রিয় নিউজ ওয়েবসাইটে বিজ্ঞাপন দিন!

বিজ্ঞাপন দিন →