একাত্তরের ভুল স্বীকার করে মাফ চান’—জামায়াতকে মির্জা ফখরুল
নিউজ ডেস্ক
আসন্ন নির্বাচনের আগে জামায়াতকে একাত্তরের ভুলের জন্য প্রকাশ্যে ক্ষমা চাইতে বলেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বৃহস্পতিবার দুপুরে নিজের নির্বাচনি এলাকা ঠাকুরগাঁও-১ আসনের গড়েয়া ইউনিয়নে নির্বাচনি গণসংযোগকালে তিনি এ কথা বলেন।
ভোটারদের উদ্দেশে মির্জা ফখরুল বলেন, ১৯৭১ সালে পাকিস্তানি সেনাবাহিনী দেশের মানুষের ওপর ভয়াবহ নির্যাতন চালিয়েছিল। বহু মানুষ বাড়িঘর ছেড়ে ভারতে আশ্রয় নিতে বাধ্য হয়েছিল এবং অসংখ্য ঘরবাড়ি ধ্বংস করা হয়েছিল। তিনি ব্যক্তিগত অভিজ্ঞতার কথা তুলে ধরে বলেন, ঠাকুরগাঁও শহরে তাদের বাড়ি ছাড়া প্রায় সব সম্পদ হারাতে হয়েছিল, এমনকি পেট্রোল পাম্পের ট্যাংক ও বাবার ব্যবসার ট্রাকও পাকিস্তানি সেনারা নিয়ে গিয়েছিল।
তিনি বলেন, ওই সময় পাকিস্তানি বাহিনীকে কারা সহযোগিতা করেছিল, তা জাতির অজানা নয়। অথচ আজও জামায়াত ১৯৭১ সালের ভূমিকার জন্য ক্ষমা চায়নি। তার ভাষায়, “ভুল স্বীকার করে জনগণের কাছে ক্ষমা চাইলে তারপর ভোট চাইতে পারেন।”
মির্জা ফখরুল আরও বলেন, বরং জামায়াত উল্টো প্রশ্ন তোলে কেন মুক্তিযুদ্ধ হয়েছিল। তিনি স্পষ্ট করে বলেন, দেশের স্বাধীনতা ও মাটির জন্য যুদ্ধ হয়েছিল এবং সেই স্বাধীনতার জন্য জীবন দিতেও তিনি প্রস্তুত ছিলেন।
নির্বাচন প্রসঙ্গে বিএনপির মহাসচিব বলেন, নির্বাচনী ব্যবস্থায় সততা হারিয়ে যাচ্ছে, তবে বিএনপি তা ধরে রাখার চেষ্টা করছে। ভোটারদের উদ্দেশে তিনি বলেন, ভোট একটি বড় আমানত, যা পরিচিত ও বিশ্বাসযোগ্য প্রার্থীকে দেওয়ার আহ্বান জানান।
তিনি শিক্ষার্থীদের ভবিষ্যৎ নিয়েও কথা বলেন। পড়াশোনার পাশাপাশি প্রশিক্ষণের গুরুত্ব তুলে ধরে বলেন, শুধু ডিগ্রি অর্জন করলেই চাকরি পাওয়া যাচ্ছে না। দক্ষতা ও প্রশিক্ষণ নিয়ে দেশে-বিদেশে কাজ করার সুযোগ তৈরি করতে হবে।
মির্জা ফখরুল বলেন, বিএনপি ভিক্ষা বা দয়ার রাজনীতিতে বিশ্বাস করে না, বরং কাজ করে বাঁচতে চায়। তিনি দাবি করেন, বিএনপি রাজনীতিকে ব্যবসা হিসেবে দেখে না এবং নিজের পারিবারিক সম্পদ বিক্রি করেই রাজনীতি করেছেন। তিনি এটিকে তার শেষ নির্বাচন উল্লেখ করে ভোটারদের কাছে আবারও সমর্থন চান।
এ সময় ঠাকুরগাঁও জেলা, উপজেলা ও ইউনিয়ন বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও সমর্থকরা উপস্থিত ছিলেন।
আরও পড়ুন
আপনার ব্যবসার প্রসারে আমাদের জনপ্রিয় নিউজ ওয়েবসাইটে বিজ্ঞাপন দিন!
আপনার ব্যবসার প্রসারে আমাদের জনপ্রিয় নিউজ ওয়েবসাইটে বিজ্ঞাপন দিন!
সংবাদটি শেয়ার করুন
প্রিয়জন ও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
সোশ্যাল মিডিয়ায় সরাসরি শেয়ার:
লিংক কপি করুন:
ক্যামেরা দিয়ে স্ক্যান করে খবরটি মোবাইলে খুলুন