|
|
রবিবার, ০১ নভেম্বর, ২০২৬, ১৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সর্বস্বত্ব মুখপত্র কর্তৃক সংরক্ষিত

বিজ্ঞাপন | ব্যানার স্পট

আপনার ব্যবসার প্রসারে আমাদের জনপ্রিয় নিউজ ওয়েবসাইটে বিজ্ঞাপন দিন!

বিজ্ঞাপন দিন →

ভারতের তৈরি ম্যালওয়্যার বঙ্গভবনের মেইলের মাধ্যমে ছড়ানোর অভিযোগ

নিউজ ডেস্ক

প্রকাশ : ০৪ ফেব্রুয়ারি, ২০২৬, ১০:০২ এএম
১৫ পঠিত
00:00
00:00
ভারতের তৈরি ম্যালওয়্যার বঙ্গভবনের মেইলের মাধ্যমে ছড়ানোর অভিযোগ
ছবি: সংগ্রহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক উত্তেজনার মধ্যেই বাংলাদেশ জামায়াতে ইসলামীর শীর্ষ নেতারা ধারাবাহিক সাইবার হামলার শিকার হচ্ছেন বলে দাবি করেছে দলটি।

জামায়াতের অভিযোগ, ভারতের তৈরি একটি ম্যালওয়্যার বঙ্গভবনের সরকারি ই-মেইল ব্যবহার করে ছড়ানো হয়েছে, যার মাধ্যমেই এসব হ্যাকিংয়ের ঘটনা ঘটেছে।

মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) রাতে রাজধানীর মগবাজারে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব অভিযোগ তুলে ধরেন দলের কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য ও জাতীয় নির্বাচন পরিচালনা কমিটির সদস্য প্রকৌশলী মোহাম্মদ সিরাজুল ইসলাম।

তিনি জানান, গত ৩১ জানুয়ারি জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্ট হ্যাক করা হয়। ওই অ্যাকাউন্ট থেকে নারীদের নিয়ে আপত্তিকর পোস্ট দেওয়া হয়। একই পোস্ট পরে ঢাকা মহানগর দক্ষিণ জামায়াতের সেক্রেটারি শফিকুল ইসলাম মাসুদের ফেসবুক পেজ হ্যাক করে ছড়িয়ে দেওয়া হয়।

পরবর্তীতে জামায়াতের আইটি টিম দ্রুত পদক্ষেপ নিয়ে সংশ্লিষ্ট অ্যাকাউন্টগুলো পুনরুদ্ধার করে এবং পাসওয়ার্ড পরিবর্তনের মাধ্যমে নিয়ন্ত্রণে আনে বলে জানান তিনি।

সিরাজুল ইসলাম বলেন, ঘটনার পর বিএনপিসহ জামায়াতবিরোধী বিভিন্ন পক্ষ ব্যাপক প্রচারণায় লিপ্ত হয়। এর মধ্যেই আবার জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ারের এক্স অ্যাকাউন্ট হ্যাক করে আমিরের পোস্টের পক্ষে একটি মনগড়া ব্যাখ্যা দিয়ে পোস্ট করা হয়। বিষয়টি রাত সাড়ে ৯টার দিকে শনাক্ত হলে তা দ্রুত মুছে ফেলা হয় এবং রাত ১১টার পর আনুষ্ঠানিকভাবে বিষয়টি জানানো হয়।

তিনি আরও জানান, এসব ঘটনার পর এবার শুধু সাধারণ ডায়েরি নয়, সাইবার আইনে মামলা করার প্রস্তুতি নেওয়া হচ্ছে।

সংবাদ সম্মেলনে দাবি করা হয়, বঙ্গভবনের সরকারি ই-মেইল ঠিকানা assistantprogrammer@bangabhaban.gov.bd
 থেকে জামায়াতের কেন্দ্রীয় ই-মেইলে একটি ম্যালওয়্যারযুক্ত বার্তা পাঠানো হয়। একই ই-মেইল ঢাকা মহানগর দক্ষিণ জামায়াতসহ আরও কয়েকটি ঠিকানায় পাঠানো হয়েছিল।

ফরেনসিক বিশ্লেষণের তথ্য তুলে ধরে সিরাজুল ইসলাম বলেন, প্রাথমিকভাবে ই-মেইলটির উৎস ছিল bcc.gov.bd এবং ব্যবহৃত সার্ভার ছিল bangabhaban.gov.bd। একাধিক স্তর অতিক্রম করে মেইলটি রিসিপিয়েন্টদের কাছে পৌঁছায়। কতগুলো ডিভাইস হ্যাকারদের নিয়ন্ত্রণে গেছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

ফিশিং ম্যালওয়্যার বিশ্লেষণ করে এটি ভারতের তৈরি বলে ধারণা পাওয়া গেছে বলেও দাবি করেন তিনি। তার ভাষায়, পার্শ্ববর্তী দেশে তৈরি এই ম্যালওয়্যার পরবর্তীতে বাংলাদেশে ব্যবহার করা হয়েছে।

তিনি জানান, বঙ্গভবনের পক্ষ থেকে বিষয়টি তদন্তের আশ্বাস দেওয়া হয়েছে এবং আগামী ২৪ ঘণ্টার মধ্যে গৃহীত পদক্ষেপ জানাতে অনুরোধ করা হয়েছে।

সাইবার নিরাপত্তা প্রসঙ্গে তিনি বলেন, অল্প সময়ের মধ্যেই হ্যাকিং শনাক্ত ও নিয়ন্ত্রণে আনতে পারা জামায়াতের প্রযুক্তিগত সক্ষমতার প্রমাণ। একই সঙ্গে সরকারি দপ্তরে বসে এ ধরনের কর্মকাণ্ড চালানোকে তিনি অন্যায় বলে উল্লেখ করেন।

রাজনৈতিক সংশ্লিষ্টতার বিষয়ে তিনি বলেন, একটি নির্দিষ্ট রাজনৈতিক দলের কর্মীবাহিনী এই অপতৎপরতার সঙ্গে জড়িত থাকতে পারে বলে জামায়াতে ইসলামী দৃঢ়ভাবে বিশ্বাস করে।

সংবাদ সম্মেলনে তিনি বলেন, এসব অপচেষ্টার মাধ্যমে জামায়াতের জনপ্রিয়তা কমানো যাবে না। দলটি নারীর সম্মান, নিরাপত্তা ও ক্ষমতায়নে বিশ্বাসী এবং অপপ্রচারের মাধ্যমে সেই অবস্থান ক্ষুণ্ন করা সম্ভব নয়।

এ সময় সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর জাতীয় নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সাংবাদিক ওলিউল্লাহ নোমান এবং ব্যারিস্টার সাইফুদ্দিন খালেদ।

বিজ্ঞাপন | ব্যানার স্পট

আপনার ব্যবসার প্রসারে আমাদের জনপ্রিয় নিউজ ওয়েবসাইটে বিজ্ঞাপন দিন!

বিজ্ঞাপন দিন →