|
|
রবিবার, ০১ নভেম্বর, ২০২৬, ১৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সর্বস্বত্ব মুখপত্র কর্তৃক সংরক্ষিত

বিজ্ঞাপন | ব্যানার স্পট

আপনার ব্যবসার প্রসারে আমাদের জনপ্রিয় নিউজ ওয়েবসাইটে বিজ্ঞাপন দিন!

বিজ্ঞাপন দিন →

“মা-বোনদের সম্মানহীনদের হাতে আমরা কখনোই নিরাপদ নই।”

নিউজ ডেস্ক

প্রকাশ : ০৫ ফেব্রুয়ারি, ২০২৬, ১২:৪৩ এএম
৬ পঠিত
00:00
00:00
“মা-বোনদের সম্মানহীনদের হাতে আমরা কখনোই নিরাপদ নই।”
ছবি: সংগ্রহীত

বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, জনগণের স্বাধীনতা, ভোটাধিকার ও মতপ্রকাশের অধিকারের বিরুদ্ধে নতুন করে ষড়যন্ত্র শুরু হয়েছে। যারা এই ষড়যন্ত্রে জড়িত, জনগণ তাদের ‘গুপ্ত’ নামে চিহ্নিত করেছে বলে মন্তব্য করেন তিনি।

বুধবার (৪ ফেব্রুয়ারি) দুপুরে ফরিদপুর সরকারি রাজেন্দ্র কলেজ মাঠে ফরিদপুর বিভাগীয় বিএনপির আয়োজিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তারেক রহমান বলেন, জনগণ দেখেছে—এই ‘গুপ্ত’ গোষ্ঠী সময় ও পরিস্থিতি অনুযায়ী রূপ বদলায়। কখনো এক কথা বলে, আবার ভিন্ন সময়ে সম্পূর্ণ উল্টো আচরণ করে। এদের কাছ থেকে ভালো কিছু প্রত্যাশা করা যায় না বলেও মন্তব্য করেন তিনি।

তিনি আরও বলেন, ১৯৭১ সালে তাদের বিতর্কিত ভূমিকার কারণে লাখ লাখ মা-বোনের সম্মান ক্ষুণ্ন হয়েছিল। যারা নিজের দেশের নারীদের প্রতি ন্যূনতম সম্মানবোধ দেখাতে পারেনি, তাদের কাছ থেকে জনগণ নিরাপদ থাকতে পারে না। তিনি সবাইকে এদের ব্যাপারে সতর্ক থাকার আহ্বান জানান।

তারেক রহমান অভিযোগ করেন, বিভিন্ন স্থানে এই গোষ্ঠীর লোকজন বিশেষ করে নারীদের কাছ থেকে বিকাশ নম্বর ও জাতীয় পরিচয়পত্র নম্বর নিচ্ছে। এটি অনৈতিক আচরণ উল্লেখ করে তিনি বলেন, অনৈতিক কাজ দিয়ে যারা শুরু করে, তারা কীভাবে সৎ শাসনের কথা বলে—জনগণ তা বুঝে।

জনসভায় তিনি বলেন, বিএনপির সব ক্ষমতার উৎস জনগণ। জনগণের কাছে জবাবদিহিমূলক সরকার প্রতিষ্ঠিত হলেই দেশকে এগিয়ে নেওয়া সম্ভব। ফরিদপুরকে বিভাগে উন্নীত করা ও সিটি কর্পোরেশন গঠনের দাবির প্রসঙ্গে তিনি বলেন, এতে যদি জনগণের উপকার হয়, বিএনপি সরকার গঠন করলে এসব দাবি বিবেচনা করা হবে।

বিএনপির ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরে তারেক রহমান বলেন, নদীভাঙন রোধ, কৃষকদের জন্য কৃষক কার্ড চালু, পাটশিল্পকে আধুনিক ও রপ্তানিমুখী করা এবং কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে এলাকাভিত্তিক কলকারখানা গড়ে তোলা হবে। নারীদের জন্য ফ্যামিলি কার্ড চালুর কথাও জানান তিনি।

এ ছাড়া তিনি পদ্মা ব্যারাজ নির্মাণ, হাসপাতাল সংস্কার এবং সারা দেশে হেলথ কেয়ার সেবা চালুর প্রতিশ্রুতি দেন, যাতে মা ও শিশুরা ঘরে বসেই চিকিৎসা পেতে পারেন।

সমাবেশে ফরিদপুর, রাজবাড়ী, গোপালগঞ্জ, মাদারীপুর ও শরীয়তপুর জেলার মোট ১৫টি আসনের বিএনপি প্রার্থীদের পরিচয় করিয়ে দেন তারেক রহমান।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফরিদপুর জেলা বিএনপির আহ্বায়ক সৈয়দ মোদাররেছ আলী। সঞ্চালনা করেন জেলা বিএনপির সদস্য সচিব এ কে এম কিবরিয়া। সভায় আরও বক্তব্য দেন বিএনপি ও সহযোগী সংগঠনের কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা।

বিজ্ঞাপন | ব্যানার স্পট

আপনার ব্যবসার প্রসারে আমাদের জনপ্রিয় নিউজ ওয়েবসাইটে বিজ্ঞাপন দিন!

বিজ্ঞাপন দিন →