|
|
রবিবার, ০১ নভেম্বর, ২০২৬, ১৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সর্বস্বত্ব মুখপত্র কর্তৃক সংরক্ষিত

বিজ্ঞাপন | ব্যানার স্পট

আপনার ব্যবসার প্রসারে আমাদের জনপ্রিয় নিউজ ওয়েবসাইটে বিজ্ঞাপন দিন!

বিজ্ঞাপন দিন →

রাড্ডা কাণ্ডে এমপি পদ থেকে সরে দাঁড়ালেন মিষ্টি

নিউজ ডেস্ক

প্রকাশ : ০১ অক্টোবর, ২০২৬, ০৬:৩৬ পিএম
৪৩ পঠিত
00:00
00:00
রাড্ডা কাণ্ডে এমপি পদ থেকে সরে দাঁড়ালেন মিষ্টি
ভাঙচুরের ক্ষত কাটিয়ে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে মিরপুরের রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টার।ছবি: সংগৃহীত

ঢাকার মিরপুরে রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় আলোচনায় থাকা বিএনপির সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টি পদত্যাগ করেছেন।

বৃহস্পতিবার পদত্যাগের পর তার সংসদীয় আসনটি শূন্য হয়েছে বলে জানিয়েছে সংসদ সচিবালয়। এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ত্রয়োদশ জাতীয় সংসদের ৩২৩ নম্বর আসন, অর্থাৎ নারী আসন-২৩, সংবিধানের ৬৭(২) অনুচ্ছেদ অনুযায়ী শূন্য ঘোষণা করা হয়েছে।

সংসদ সচিব গোলাম সরওয়ার ভূঁইয়ার সই করা বিজ্ঞপ্তিতে বলা হয়, শূন্য হওয়া আসনটি পূরণের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্বাচন কমিশন সচিবালয়কে অনুরোধ করা হয়েছে। একই সঙ্গে বিজ্ঞপ্তিটি বাংলাদেশ গেজেটের অতিরিক্ত সংখ্যায় প্রকাশের উদ্যোগ নিতে বলা হয়েছে।

বৃহস্পতিবার দুপুর ১টা ৪০ মিনিটে সংসদ ভবনে স্পিকারের দপ্তরে যান মিষ্টি। প্রায় পাঁচ মিনিট পর সেখান থেকে বেরিয়ে আসেন তিনি। এ সময় সাংবাদিকরা তার পদত্যাগের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, স্পিকার তাকে ডেকেছেন এবং তার সঙ্গে কথা বলতেই তিনি এসেছেন।

রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রে হামলার ঘটনায় পদত্যাগের নির্দেশ দেওয়া হয়েছে কি না—এমন প্রশ্নের জবাবে মিষ্টি বলেন, তদন্ত হলে সেখানে যা উঠে আসবে, সেটিই বিষয়টির সমাধান করবে। পরে পদত্যাগপত্র জমা দেওয়ার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, বিএনপির সিদ্ধান্ত অনুযায়ী পরবর্তী পদক্ষেপ হবে।

এর আগে রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় মিষ্টিকে সংসদ সদস্য পদ থেকে পদত্যাগের নির্দেশ দেওয়ার কথা জানান প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবু আব্দুল্লাহ এম ছালেহ।

রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রে হামলা

গত ২৪ সেপ্টেম্বর গভীর রাতে মিরপুরের ১ নম্বর সেকশনে রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামলা, লুটপাট ও ব্যাপক ভাঙচুরের ঘটনা ঘটে।

অভিযোগ অনুযায়ী, প্রায় দুইশ ব্যক্তি দেশীয় অস্ত্র ও ভারী যন্ত্রপাতি নিয়ে স্বাস্থ্যকেন্দ্রে প্রবেশ করেন। তারা একটি টিনশেড ও তিনটি সেমিপাকা ভবন ভেঙে ফেলেন। এছাড়া পাকা ভবনের আল্ট্রাসাউন্ড কক্ষ, টিকা কেন্দ্র ও ল্যাবরেটরিসহ কয়েকটি কক্ষের দরজা-জানালা ক্ষতিগ্রস্ত করা হয়।

হামলার সময় স্বাস্থ্যকেন্দ্রের আসবাবপত্র, ওষুধ, আল্ট্রাসোনোগ্রাম মেশিন, জেনারেটর, কম্পিউটার, প্রিন্টার, ফ্রিজ, এসি ও আলমারি নিয়ে যাওয়ার অভিযোগ রয়েছে। এতে প্রতিষ্ঠানটির কোটি টাকার বেশি ক্ষতি হয়েছে বলে রাড্ডা কর্তৃপক্ষের দাবি।

ভাঙচুর ও লুটপাটের পর স্বাস্থ্যকেন্দ্রের জায়গায় ‘সমমনা দোকানদার সমিতি লিমিটেড’-এর সাইনবোর্ড টানানো হয় বলেও অভিযোগ করা হয়।

ঘটনায় শাহ আলী থানায় দায়ের করা মামলায় স্থানীয় বিএনপি নেতা হানিফ মিয়াসহ ২০০ থেকে ২৫০ জনকে আসামি করা হয়েছে।

মিষ্টিকে ঘিরে অভিযোগ

হানিফ মিয়াসহ স্থানীয় বিএনপি ও সহযোগী সংগঠনের কয়েকজন নেতার নাম এ ঘটনায় আলোচনায় আসে। তাদের কয়েকজনকে মিষ্টির ঘনিষ্ঠ হিসেবে এলাকায় পরিচিত বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

২০০৬ সালে শাহ আলী থানার ৮ নম্বর ওয়ার্ডের কমিশনার থাকার সময় মিষ্টি ‘সমমনা দোকানদার সমবায় সমিতি লিমিটেড’-এর সভাপতি ছিলেন। রাড্ডা সেন্টারের জমিটি ওই সমিতির নামে বরাদ্দ দেওয়ার জন্য গৃহায়ন ও গণপূর্ত কর্তৃপক্ষের কাছে করা আবেদনে সভাপতি হিসেবে তার স্বাক্ষর ছিল।

ফেরদৌসী আহমেদ মিষ্টি ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক ছিলেন। তিনি প্রয়াত বিএনপি নেতা নাসিরউদ্দিন আহমেদ পিন্টুর ছোট বোন। তার প্রয়াত স্বামী সাইদুর রহমান নিউটনও বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন এবং ঢাকার একটি ওয়ার্ডের কাউন্সিলর ছিলেন। স্বামীর মৃত্যুর পর মিষ্টি ওই ওয়ার্ডের কাউন্সিলর নির্বাচিত হন।

রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রের ঘটনা নিয়ে আলোচনার মধ্যেই বুধবার রাতে ঢাকা মহানগর উত্তর বিএনপির ৫১ সদস্যের আহ্বায়ক কমিটি বিলুপ্ত করা হয়। একই দিনে ঢাকা মহানগর উত্তর যুবদল ও ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদলের কমিটিও বিলুপ্ত করা হয়। পাশাপাশি বিএনপি ও এর অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের ১৪ নেতাকে বহিষ্কারের ঘোষণাও আসে। 

বিজ্ঞাপন | ব্যানার স্পট

আপনার ব্যবসার প্রসারে আমাদের জনপ্রিয় নিউজ ওয়েবসাইটে বিজ্ঞাপন দিন!

বিজ্ঞাপন দিন →