দুই এসএমই কোম্পানির ১৭ কোটি টাকার ব্যবহার খতিয়ে দেখছে বিএসইসি
মুখপত্র অনলাইন ডেস্ক
পুঁজিবাজারের এসএমই খাতে তালিকাভুক্ত কোম্পানি কৃষিবিদ সিড ও ওয়েব কোটসের উত্তোলিত অর্থের ব্যবহার নিয়ে তদন্ত শুরু করেছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। গত ২ নভেম্বর কমিশন থেকে পৃথক দুটি তদন্ত কমিটি গঠনের আদেশ দেওয়া হয়েছে। এই কোম্পানি দুটি কোয়ালিফাইড ইনভেস্টর অফার বা কিউআইওর মাধ্যমে ১৭ কোটি টাকা সংগ্রহ করেছিল। এখন এই বিপুল পরিমাণ অর্থের যথাযথ ব্যবহার নিশ্চিত করতে কমিশন মাঠে নেমেছে।
তদন্ত প্রক্রিয়া পরিচালনার জন্য বিএসইসি দুটি ভিন্ন কমিটি গঠন করেছে। কৃষিবিদ সিডের আর্থিক কার্যক্রম যাচাইয়ের দায়িত্ব পেয়েছেন সংস্থার উপপরিচালক মওদুদ মোমেন ও সহকারী পরিচালক মোহাম্মদ রুমান হোসেন। অন্যদিকে, ওয়েব কোটসের আর্থিক বিবরণী ও তহবিলের ব্যবহার খতিয়ে দেখার দায়িত্ব দেওয়া হয়েছে যুগ্ম পরিচালক মো. সিরাজুল ইসলাম এবং সহকারী পরিচালক ফারহানা ওয়ালেজাকে।
বিএসইসির আদেশে স্পষ্ট বলা হয়েছে, কিউআইওর মাধ্যমে সংগৃহীত অর্থ ঠিক কোন উদ্দেশ্যে ব্যবহার হওয়ার কথা ছিল এবং তা সেই নির্দিষ্ট খাতেই খরচ হয়েছে কি না, তা সরেজমিনে যাচাই করতে হবে তদন্ত দলকে। কোম্পানিগুলোর দাখিল করা আর্থিক বিবরণী যাচাই করার পাশাপাশি ব্যাংক হিসাবের যাবতীয় লেনদেনের তথ্য সংগ্রহ ও বিশ্লেষণ করতে হবে। এছাড়া, উত্তোলিত অর্থের বিপরীতে কোন কোন প্রকল্প বা সম্পদ গড়ে তোলা হয়েছে, তাও তদন্তের আওতাভুক্ত করা হয়েছে।
তদন্ত কমিটিগুলোকে কিউআইওর অর্থ লেনদেনের সঙ্গে যুক্ত ব্যক্তি ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে চিহ্নিত করার নির্দেশ দেওয়া হয়েছে। অর্থ ব্যয়ের ক্ষেত্রে কোনো অনিয়ম পাওয়া গেলে, তার জন্য দায়ী ব্যক্তিদের ভূমিকা স্পষ্টভাবে চিহ্নিত করতে হবে। সেই সঙ্গে সিকিউরিটিজ আইন ও বিধিবিধানের কোন কোন ধারা লঙ্ঘিত হয়েছে, তা খুঁজে বের করতে হবে। এ ধরনের অনিয়মে কোম্পানির পর্ষদ, ব্যবস্থাপনা পরিচালক, প্রধান আর্থিক কর্মকর্তা, কোম্পানি সচিব, নিরীক্ষক বা অন্য কারো সম্পৃক্ততা থাকলে, তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়ার লক্ষ্যে তদন্ত দলকে সুনির্দিষ্ট প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।
আরও পড়ুন
আপনার ব্যবসার প্রসারে আমাদের জনপ্রিয় নিউজ ওয়েবসাইটে বিজ্ঞাপন দিন!
আপনার ব্যবসার প্রসারে আমাদের জনপ্রিয় নিউজ ওয়েবসাইটে বিজ্ঞাপন দিন!
সংবাদটি শেয়ার করুন
প্রিয়জন ও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
সোশ্যাল মিডিয়ায় সরাসরি শেয়ার:
লিংক কপি করুন:
ক্যামেরা দিয়ে স্ক্যান করে খবরটি মোবাইলে খুলুন