|
|
রবিবার, ০১ নভেম্বর, ২০২৬, ১৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সর্বস্বত্ব মুখপত্র কর্তৃক সংরক্ষিত

বিজ্ঞাপন | ব্যানার স্পট

আপনার ব্যবসার প্রসারে আমাদের জনপ্রিয় নিউজ ওয়েবসাইটে বিজ্ঞাপন দিন!

বিজ্ঞাপন দিন →

বিশ্বকে নেতৃত্ব দিতে প্রস্তুত হচ্ছে ভারত: নরেন্দ্র মোদি

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ২৯ জানুয়ারি, ২০২৬, ০৫:০২ পিএম
৬ পঠিত
00:00
00:00
বিশ্বকে নেতৃত্ব দিতে প্রস্তুত হচ্ছে ভারত: নরেন্দ্র মোদি
ছবি: সংগ্রহীত

বিশ্বকে নেতৃত্ব দেওয়ার লক্ষ্যে ভারত নিজেকে প্রস্তুত করছে বলে দাবি করেছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বিমান চলাচল, পরিবেশবান্ধব জ্বালানি, প্রযুক্তি উদ্ভাবন ও বৈশ্বিক সংযোগ—সব ক্ষেত্রেই ভারত দ্রুত এগিয়ে যাচ্ছে বলে মন্তব্য করেন তিনি।

সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, উইংস ইন্ডিয়া ২০২৬ এভিয়েশন সামিটে ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য দেওয়ার সময় এসব কথা বলেন নরেন্দ্র মোদি। তিনি জানান, ২০৪৭ সালের মধ্যে দেশে ৪০০টির বেশি বিমানবন্দর গড়ে তোলার পরিকল্পনা রয়েছে, যা ভারতের বিমান যোগাযোগ ব্যবস্থাকে একটি বিশাল নেটওয়ার্কে রূপ দেবে।

প্রধানমন্ত্রী বলেন, সরকারের লক্ষ্য হলো আকাশপথে ভ্রমণকে সাধারণ মানুষের জন্য সহজ, সাশ্রয়ী ও সবার নাগালে আনা। বিমানযাত্রা যেন কেবল নির্দিষ্ট শ্রেণির মধ্যে সীমাবদ্ধ না থাকে, সে লক্ষ্যেই টিয়ার–২ ও টিয়ার–৩ শহরগুলোতে নতুন বিমানবন্দর স্থাপন ও সংযোগ জোরদার করা হয়েছে।

তিনি জানান, ২০১৪ সালে ভারতে বিমানবন্দরের সংখ্যা ছিল ৭০টি, যা বর্তমানে বেড়ে ১৬০ ছাড়িয়েছে। পাশাপাশি ১০০টির বেশি এয়ারড্রোম চালু করা হয়েছে এবং কম খরচে বিমানযাত্রা নিশ্চিত করতে বিভিন্ন প্রকল্প বাস্তবায়ন করা হয়েছে।

মোদি বলেন, আগামী বছরগুলোতে আঞ্চলিক ও স্বল্পমূল্যের বিমান সংযোগ আরও সম্প্রসারণ করা হবে। এতে দেশের অভ্যন্তরীণ যোগাযোগের পাশাপাশি আন্তর্জাতিক সংযোগও শক্তিশালী হবে।

ভারত ধীরে ধীরে ‘গ্লোবাল সাউথ’-এর জন্য একটি গুরুত্বপূর্ণ এভিয়েশন হাবে পরিণত হচ্ছে উল্লেখ করে তিনি বলেন, পরিবেশ সুরক্ষায় নেতৃত্ব দিতে টেকসই এভিয়েশন ফুয়েল উৎপাদনেও ভারত নিজেকে প্রস্তুত করছে।

প্রযুক্তিগত অগ্রগতির প্রসঙ্গে মোদি বলেন, ভারতে এখন বিমানের যন্ত্রাংশ উৎপাদন, সামরিক ও পরিবহন বিমান তৈরির কাজ শুরু হয়েছে। বেসামরিক বিমান উৎপাদনেও উল্লেখযোগ্য অগ্রগতি হচ্ছে। ভৌগোলিক অবস্থান, শক্তিশালী অভ্যন্তরীণ নেটওয়ার্ক এবং ভবিষ্যৎ দীর্ঘপাল্লার বহর সম্প্রসারণ ভারতের বড় শক্তি বলে উল্লেখ করেন তিনি।

তিনি আশা প্রকাশ করেন, শিগগিরই ভারতে নকশা ও উৎপাদিত ইলেকট্রিক ভার্টিক্যাল টেকঅফ ও ল্যান্ডিং (ইভিটিওএল) বিমান এভিয়েশন খাতে নতুন দিগন্ত উন্মোচন করবে এবং ভ্রমণের সময় উল্লেখযোগ্যভাবে কমিয়ে আনবে।

এর আগে হায়দরাবাদের বেগমপেট বিমানবন্দরে উইংস ইন্ডিয়া ২০২৬ সম্মেলনের উদ্বোধন করেন ভারতের কেন্দ্রীয় বেসামরিক বিমান চলাচলমন্ত্রী রাম মোহন নাইডু কিনজারাপু। তেলেঙ্গানা সরকারের সহযোগিতায় আয়োজিত এই সম্মেলনে ভারতের বেসামরিক বিমান শিল্পের সক্ষমতা ও ভবিষ্যৎ সম্ভাবনা তুলে ধরা হয়।

 

 

বিজ্ঞাপন | ব্যানার স্পট

আপনার ব্যবসার প্রসারে আমাদের জনপ্রিয় নিউজ ওয়েবসাইটে বিজ্ঞাপন দিন!

বিজ্ঞাপন দিন →