শেখ হাসিনার বক্তব্যে ভারতের সম্পৃক্ততা নেই: জয়সওয়াল
আন্তর্জাতিক ডেস্ক
বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাম্প্রতিক ভার্চুয়াল সংবাদ সম্মেলন নিয়ে নিজেদের অবস্থান স্পষ্ট করেছে ভারত। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল জানিয়েছেন, শেখ হাসিনার বক্তব্যের সঙ্গে ভারত সরকারের কোনো সম্পৃক্ততা নেই এবং তার বক্তব্যকে সমর্থনও করে না নয়াদিল্লি।
শুক্রবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক ব্রিফিংয়ে এক প্রশ্নের জবাবে জয়সওয়াল বলেন, বুধবার নয়াদিল্লির ফরেন করেসপনডেন্টস ক্লাবে অনুষ্ঠিত ওই আয়োজনটি একটি বেসরকারি মিডিয়া প্রতিষ্ঠানের উদ্যোগে করা হয়েছিল। এতে ভারত সরকারের কোনো ভূমিকা ছিল না।
তিনি বলেন, ওই অনুষ্ঠানে বাংলাদেশের বর্তমান সরকার সম্পর্কে যেসব মন্তব্য করা হয়েছে, বিশেষ করে বৈধভাবে গঠিত সরকারের বিরুদ্ধে যেসব বক্তব্য এসেছে, সেগুলোর সঙ্গে ভারত সরকার একমত নয়।
বুধবার সন্ধ্যায় ভার্চুয়ালি যুক্ত হয়ে সংবাদ সম্মেলনে বক্তব্য দেন শেখ হাসিনা। তিনি সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নেরও উত্তর দেন। এর আগে ওই আয়োজন নিয়ে বাংলাদেশ সরকার ভারতের কাছে আনুষ্ঠানিকভাবে আপত্তি জানিয়েছিল।
সংবাদ সম্মেলনের পর বাংলাদেশ সরকারও তীব্র প্রতিক্রিয়া জানায়। পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে শেখ হাসিনা ও তার সহযোগীদের বক্তব্যের সমালোচনা করা হয় এবং নয়াদিল্লিতে তাকে গণমাধ্যমের সামনে বক্তব্য দেওয়ার সুযোগ দেওয়ায় ক্ষোভ প্রকাশ করা হয়।
বৃহস্পতিবার এ ঘটনায় বাংলাদেশ-ভারত সম্পর্কের ভবিষ্যৎ নিয়ে উদ্বেগের কথা জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।
এদিকে সংবাদ সম্মেলনে শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ যুক্তরাষ্ট্র থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে বাংলাদেশের পরিস্থিতি নিয়ে মন্তব্য করেন। তার বক্তব্যের প্রসঙ্গ টেনে এক সাংবাদিক ভারতের অবস্থান জানতে চাইলে জয়সওয়াল সরাসরি কোনো সমর্থন বা বিরোধিতার কথা বলেননি।
তিনি বলেন, প্রতিবেশী দেশগুলোর যেকোনো গুরুত্বপূর্ণ ঘটনা ও পরিস্থিতির ওপর ভারত নিয়মিত নজর রাখে। একই সঙ্গে নিজেদের জাতীয় নিরাপত্তার বিষয়েও নয়াদিল্লি সতর্ক থাকে এবং পরিস্থিতি অনুযায়ী প্রয়োজনীয় পদক্ষেপ নেয়।
আরও পড়ুন
আপনার ব্যবসার প্রসারে আমাদের জনপ্রিয় নিউজ ওয়েবসাইটে বিজ্ঞাপন দিন!
আপনার ব্যবসার প্রসারে আমাদের জনপ্রিয় নিউজ ওয়েবসাইটে বিজ্ঞাপন দিন!
সংবাদটি শেয়ার করুন
প্রিয়জন ও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
সোশ্যাল মিডিয়ায় সরাসরি শেয়ার:
লিংক কপি করুন:
ক্যামেরা দিয়ে স্ক্যান করে খবরটি মোবাইলে খুলুন