|
|
রবিবার, ০১ নভেম্বর, ২০২৬, ১৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সর্বস্বত্ব মুখপত্র কর্তৃক সংরক্ষিত

বিজ্ঞাপন | ব্যানার স্পট

আপনার ব্যবসার প্রসারে আমাদের জনপ্রিয় নিউজ ওয়েবসাইটে বিজ্ঞাপন দিন!

বিজ্ঞাপন দিন →

কিয়েভে রাশিয়ার রাতভর ক্ষেপণাস্ত্র হামলা, নিহত অন্তত ৮

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ২০ আগস্ট, ২০২৬, ১০:৫৫ এএম
১১ পঠিত
00:00
00:00
কিয়েভে রাশিয়ার রাতভর ক্ষেপণাস্ত্র হামলা, নিহত অন্তত ৮
বৃহস্পতিবার কিয়েভে হামলার একটি স্থানে ধোঁয়া উঠতে দেখা যাচ্ছে।/ছবি/ বিবিসি

ইউক্রেনের রাজধানী কিয়েভ ও আশপাশের এলাকায় রাতভর রাশিয়ার ব্যাপক ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত আটজন নিহত হয়েছেন। হামলায় আহত হয়েছেন আরও অন্তত ৩৩ জন। বৃহস্পতিবার (২০ আগস্ট) ভোরের দিকে চালানো এ হামলায় আবাসিক ভবন ও গুদামসহ বিভিন্ন স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছে ইউক্রেনের কর্তৃপক্ষ।

ইউক্রেনের স্টেট ইমার্জেন্সি সার্ভিস জানিয়েছে, হামলায় ধসে পড়া ভবনের ধ্বংসস্তূপের নিচে কেউ আটকা পড়েছে কি না, তা খুঁজে দেখছেন উদ্ধারকর্মীরা। এরই মধ্যে ধ্বংসস্তূপ থেকে দুজনকে জীবিত উদ্ধার করা হয়েছে।

কিয়েভের মেয়র ভিতালি ক্লিচকো জানান, হামলায় একটি শিশু হাসপাতালও ক্ষতিগ্রস্ত হয়েছে। হাসপাতালের জানালা ভেঙে যায় এবং আশপাশে কয়েকটি গাড়িতে আগুন ধরে যায়। দক্ষিণ-পশ্চিম কিয়েভের সলোমিয়ানস্কি জেলায় একটি শিল্পাঞ্চলেও ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে।

কিয়েভ অঞ্চলের গভর্নর তিমুর তকাচেঙ্কো জানান, ব্রোভারির একটি এলাকায় হামলায় একজন নিহত এবং আরেকজন আহত হয়েছেন। হামলার আশঙ্কায় রাতভর বাসিন্দাদের নিরাপদ স্থানে আশ্রয় নিতে সতর্ক করা হয়।

রুশ হামলার কারণে কিয়েভ অঞ্চলের হাজারো বাড়ি ও স্থাপনায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। ক্ষতিগ্রস্ত বিদ্যুৎ অবকাঠামো মেরামতে কাজ করছেন সংশ্লিষ্ট কর্মীরা।

এদিকে রুশ হামলার প্রভাব ইউক্রেনের প্রতিবেশী দেশ রোমানিয়াতেও পড়েছে। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, ইউক্রেন সীমান্তের কাছে একটি ড্রোন তাদের আকাশসীমায় প্রবেশ করে। ড্রোনটি গালাতি শহরের প্রায় ১৩ কিলোমিটার পূর্বে রোমানিয়ার ভূখণ্ডে ঢোকে এবং পরে জনবসতিহীন এলাকায় বিধ্বস্ত হয়। এতে সামান্য আগুন লাগলেও কোনো হতাহত বা সম্পদের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

পোল্যান্ডের সামরিক বাহিনীও জানিয়েছে, নিজেদের আকাশসীমা সুরক্ষায় তারা ‘প্রতিরক্ষামূলক বিমান অভিযান’ শুরু করেছে। দেশটির দক্ষিণ-পূর্বাঞ্চলের একটি অংশ ইউক্রেনের সীমান্তবর্তী।

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানিয়েছেন, গত এক সপ্তাহে দেশটির এক ডজনের বেশি অঞ্চলে হামলা চালিয়েছে রাশিয়া। এ সময়ে রাশিয়া ১ হাজার ৫৫০টির বেশি ড্রোন, ১ হাজার ৫৬০টি গাইডেড বোমা এবং ৬২টি ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে বলে দাবি করেন তিনি।

সাম্প্রতিক সপ্তাহগুলোতে ইউক্রেনও রাশিয়ার অভ্যন্তরে হামলা জোরদার করেছে। মস্কো লক্ষ্য করে কয়েক দফায় শত শত ড্রোন হামলা চালানো হয়েছে। চলতি সপ্তাহে রাশিয়ায় দুটি পৃথক হামলায় অন্তত ১৬ জন নিহত হয়েছেন, যাদের মধ্যে একটি শিশুও রয়েছে।

২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে পূর্ণমাত্রার সামরিক অভিযান শুরু করে রাশিয়া। সাড়ে চার বছর ধরে চলা এই যুদ্ধে বর্তমানে ইউক্রেনের প্রায় এক-পঞ্চমাংশ ভূখণ্ড রাশিয়ার নিয়ন্ত্রণে রয়েছে বলে বিভিন্ন প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। যুদ্ধ বন্ধে কূটনৈতিক উদ্যোগ চললেও এখন পর্যন্ত স্থায়ী যুদ্ধবিরতিতে উল্লেখযোগ্য অগ্রগতি হয়নি।

বিজ্ঞাপন | ব্যানার স্পট

আপনার ব্যবসার প্রসারে আমাদের জনপ্রিয় নিউজ ওয়েবসাইটে বিজ্ঞাপন দিন!

বিজ্ঞাপন দিন →