|
|
রবিবার, ০১ নভেম্বর, ২০২৬, ১৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সর্বস্বত্ব মুখপত্র কর্তৃক সংরক্ষিত

বিজ্ঞাপন | ব্যানার স্পট

আপনার ব্যবসার প্রসারে আমাদের জনপ্রিয় নিউজ ওয়েবসাইটে বিজ্ঞাপন দিন!

বিজ্ঞাপন দিন →

গ্যাস সংকটে যমুনায় দুই বছরে সার উৎপাদন মাত্র ৩ দিন

নিউজ ডেস্ক

প্রকাশ : ০২ অক্টোবর, ২০২৬, ০৭:১৮ এএম
২৬০ পঠিত
00:00
00:00
গ্যাস সংকটে যমুনায় দুই বছরে সার উৎপাদন মাত্র ৩ দিন
গ্যাস সংকটে যমুনা ও আশুগঞ্জ সার কারখানায় দীর্ঘদিন ধরে ব্যাহত হচ্ছে সার উৎপাদন।ছবি: সংগৃহীত

গ্যাসের অভাবে গত দুই বছরে জামালপুরের যমুনা সার কারখানায় মাত্র তিন দিন উৎপাদন হয়েছে। একই সংকটে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ সার কারখানাতেও দীর্ঘ ১৯ মাস ধরে ইউরিয়া উৎপাদন বন্ধ রয়েছে।

শিল্প মন্ত্রণালয়ের দেওয়া এমন তথ্যের পর দেশে সারের উৎপাদন বাড়ানোর উদ্যোগ নেওয়ার সুপারিশ করেছে জাতীয় সংসদের সরকারি প্রতিষ্ঠান কমিটি। আমদানির ওপর নির্ভরতা কমিয়ে দেশীয় উৎপাদন বাড়াতে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে বলেছে কমিটি।

বুধবার সংসদ ভবনে কমিটির দ্বিতীয় বৈঠকে বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ করপোরেশন (বিসিআইসি) এবং এর অধীন প্রতিষ্ঠানগুলোর কার্যক্রম পর্যালোচনা করা হয়। বৈঠকে সভাপতিত্ব করেন কমিটির সভাপতি ও সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মনি।

বৈঠকে বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশনের (বিএডিসি) কার্যক্রমের পাশাপাশি সার উৎপাদন, মজুদ ও বিতরণ ব্যবস্থাপনাও পর্যালোচনা করা হয়।

দীর্ঘ সময় বন্ধ যমুনা সার কারখানা

জামালপুরের তারাকান্দিতে অবস্থিত যমুনা সার কারখানায় ২০২৪ সালের ১৫ জানুয়ারি গ্যাস সরবরাহ বন্ধ হয়ে যায়। এরপর টানা ২৩ মাস ৯ দিন কারখানাটিতে উৎপাদন বন্ধ ছিল।

পরে ২০২৫ সালের ২৩ ডিসেম্বর সেখানে আবার ইউরিয়া উৎপাদন শুরু হয়। প্রতিদিন প্রায় ১ হাজার ৭০০ টন দানাদার ইউরিয়া উৎপাদনের সক্ষমতা রয়েছে কারখানাটির। উৎপাদিত সার দেশের ১৯টি জেলায় সরবরাহ করা হয়।

তবে উৎপাদন শুরু হওয়ার পরও গ্যাস সরবরাহের সংকট পুরোপুরি কাটেনি। চলতি বছরের ৭ জুন সংসদে শিল্পমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির জানিয়েছিলেন, গ্যাসের স্বল্পতার কারণে যমুনা সার কারখানাকে পূর্ণ সক্ষমতায় চালানো সম্ভব হচ্ছে না। পর্যাপ্ত গ্যাস পাওয়া গেলে কারখানাটি পরিচালনায় সমস্যা নেই বলেও তিনি জানান।

আশুগঞ্জেও উৎপাদন বন্ধ

গ্যাস সংকটে একই অবস্থা ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ সার কারখানায়। ২০২৫ সালের ১ মার্চ গ্যাস সরবরাহ বন্ধ হয়ে যাওয়ার পর থেকে সেখানে ইউরিয়া উৎপাদন বন্ধ রয়েছে।

কারখানাটির প্রতিদিন অন্তত ১ হাজার ১৫০ টন ইউরিয়া উৎপাদনের সক্ষমতা রয়েছে।

গত জুনে সংসদে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ জানিয়েছিলেন, বিদ্যুৎকেন্দ্র সচল রাখতে গ্যাস সরবরাহ করতেই হচ্ছে। এ কারণে তখন আশুগঞ্জ সার কারখানায় প্রয়োজনীয় গ্যাস দেওয়া সম্ভব হচ্ছিল না।

অন্য কারখানাতেও প্রভাব

গ্যাস সংকটের কারণে শুধু যমুনা ও আশুগঞ্জ নয়, দেশের অন্যান্য রাষ্ট্রায়ত্ত সার কারখানার উৎপাদনও ব্যাহত হয়েছে।

গত ৬ মার্চ বিসিআইসির পাঁচটি রাষ্ট্রায়ত্ত ইউরিয়া সার কারখানার মধ্যে চারটিতে ১৫ দিনের জন্য উৎপাদন বন্ধ রাখা হয়। সে সময় শাহজালাল ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড ছাড়া অন্য চারটি কারখানা বন্ধ ছিল।

বিসিআইসির তথ্য অনুযায়ী, পাঁচটি কারখানা পূর্ণ সক্ষমতায় চালাতে প্রতিদিন প্রায় ১৯৭ মিলিয়ন ঘনফুট গ্যাস প্রয়োজন।

বন্ধ কারখানা নিয়ে সরকারের পরিকল্পনা জানতে চায় কমিটি

যেসব সার কারখানা বন্ধ করে কর্মীদের পাওনা পরিশোধ করা হয়েছে, সেগুলো নিয়ে সরকারের ভবিষ্যৎ পরিকল্পনা জানতে চেয়েছে সংসদীয় কমিটি।

বন্ধ হয়ে থাকা সার কারখানাগুলো পুনরায় চালুর বিষয়ে মন্ত্রণালয়ের পরিকল্পনাও জানতে চাওয়া হয়েছে বৈঠকে।

একই সঙ্গে পুরোনো সার কারখানাগুলো আধুনিকায়নের মাধ্যমে উৎপাদন সক্ষমতা বাড়ানোর সুপারিশ করেছে কমিটি।

সার সরবরাহে রিয়েল-টাইম নজরদারির সুপারিশ

সারের কৃত্রিম সংকট তৈরির সঙ্গে জড়িত ডিলারদের লাইসেন্স বাতিলের বিষয়ে কী ব্যবস্থা নেওয়া যায়, তা পর্যালোচনা করার সুপারিশ করেছে সংসদীয় কমিটি।

দেশের কোথায় কত পরিমাণ সার মজুদ রয়েছে এবং কোন এলাকায় কত সার যাচ্ছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়—এমন একটি ডিজিটাল রিয়েল-টাইম মনিটরিং ব্যবস্থা চালুর পরিকল্পনা করতেও বলা হয়েছে।

বীজ উৎপাদনে দেশকে স্বয়ংসম্পূর্ণ করতে প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার সুপারিশও করা হয়েছে।

এ ছাড়া জনসংখ্যা বাড়ার সঙ্গে সামঞ্জস্য রেখে খাদ্য উৎপাদন বৃদ্ধির জন্য বিএডিসির ভবিষ্যৎ পরিকল্পনা কী, তা পরবর্তী বৈঠকে বিস্তারিতভাবে উপস্থাপনের জন্য বলা হয়েছে।

বৈঠকে কমিটির সদস্য ও হুইপ মিয়া নূরুদ্দিন আহাম্মেদ অপু, হুইপ আখতারুজ্জামান মিয়া, তাহসিনা রুশদীর, খোন্দকার আবু আশফাক, মোহাম্মদ কয়ছর আহমেদ, মুস্তাফিজুর রহমান ভূঁইয়া ও মোহাম্মদ নাজিবুর রহমান উপস্থিত ছিলেন।

এ ছাড়া শিল্প মন্ত্রণালয়, বিসিআইসি, বিএডিসি এবং সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারাও বৈঠকে অংশ নেন।

বিজ্ঞাপন | ব্যানার স্পট

আপনার ব্যবসার প্রসারে আমাদের জনপ্রিয় নিউজ ওয়েবসাইটে বিজ্ঞাপন দিন!

বিজ্ঞাপন দিন →