আয়ারল্যান্ড দলকে থুতু মারার অভিযোগ ইসরায়েলি খেলোয়াড়ের বিরুদ্ধে
আন্তর্জাতিক ডেস্ক
আয়ারল্যান্ড ও ইসরায়েল রোববার উয়েফা নেশন্স লিগের দ্বিতীয় দেখায় ১-১ গোলে ড্র করেছে। দুই দলের এই ম্যাচ ঘিরে গত দুই সপ্তাহ ফুটবলের পাশাপাশি রাজনৈতিক উত্তেজনাও ছিল আলোচনায়।
এক সপ্তাহ আগে হাঙ্গেরিতে দর্শকশূন্য মাঠে প্রথম ম্যাচে ইসরায়েলকে ৩-০ গোলে হারিয়েছিল আয়ারল্যান্ড। ম্যাচ দুটি বয়কটের জন্য দেশটির কিছু সমর্থক ও রাজনীতিকের পক্ষ থেকে আহ্বানও জানানো হয়েছিল।
আয়ারল্যান্ডের আইসল্যান্ডিক কোচ হেইমির হালগ্রিমসন বলেন, ‘এই ম্যাচটি শেষ হওয়ায় আমি ভীষণ স্বস্তি পেয়েছি।’
তিনি বলেন, গত দুই সপ্তাহের পরিস্থিতি তাদের সবার ওপর প্রভাব ফেলেছে। কঠিন সময়েও খেলোয়াড়েরা অসাধারণ ছিলেন বলেও তাদের প্রশংসা করেন তিনি।
গাজায় ইসরায়েলের যুদ্ধের অন্যতম সরব সমালোচক আয়ারল্যান্ড। ম্যাচ থেকে সরে যাওয়ার দাবির মধ্যেই ফুটবল অ্যাসোসিয়েশন অব আয়ারল্যান্ড রোববারের ম্যাচটি সার্বিয়ায় দর্শকশূন্য মাঠে আয়োজন করে।
তবে গ্যালারিতে দর্শক না থাকলেও মাঠের উত্তেজনা কমেনি।
আইরিশ সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, বিরতির বাঁশি বাজার পর আয়ারল্যান্ডের এক কোচ ড্যামিয়েন ডয়েলকে ইসরায়েলের এক খেলোয়াড় থুতু মেরেছেন বলে অভিযোগ উঠেছে।
ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে এ বিষয়ে জানতে চাইলে হালগ্রিমসন বিস্তারিত বলতে রাজি হননি। তিনি বলেন, বিষয়টি তিনি দেখেছেন এবং এ নিয়ে মন্তব্য করবেন না। ঘটনাটি ডিসিপ্লিনারি কমিটি পর্যালোচনা করবে।
ইসরায়েলের কোচ রান বেন-শিমন বলেন, ঘটনার সময় তিনি ড্রেসিংরুমে ছিলেন এবং কী ঘটেছে তা দেখেননি। পরে বিষয়টি দেখে তিনি এ বিষয়ে জানাবেন বলে জানান।
নেশন্স লিগে উত্তেজনাপূর্ণ পরিবেশ
প্রথম ম্যাচের মতো এবারও ম্যাচ শুরুর আগে দুই দলের খেলোয়াড়দের মধ্যে করমর্দন বা পেন্যান্ট বিনিময় হয়নি। প্রতিপক্ষ দলের জাতীয় সংগীত চলার সময় দুই দলের খেলোয়াড়েরা মাথা নিচু করে দাঁড়িয়ে ছিলেন।
আয়ারল্যান্ডের খেলোয়াড়েরা গাজায় ইসরায়েলের যুদ্ধের নিহতদের স্মরণে আবারও কালো আর্মব্যান্ড পরেন। অন্যদিকে, ইসরায়েলি খেলোয়াড়েরা ২০২৩ সালের ৭ অক্টোবরের হামলায় নিহতদের স্মরণে কালো আর্মব্যান্ড পরেন।
৩৯ মিনিটে পেনাল্টি থেকে গোল করে আয়ারল্যান্ডকে এগিয়ে দেন ট্রয় পারট। বিরতির পরপরই ইসরায়েলের হয়ে সমতা ফেরান ডর পেরেটজ। এটি ছিল ম্যাচে ইসরায়েলের লক্ষ্যে থাকা প্রথম শট।
দ্বিতীয়ার্ধে ইসরায়েল দুবার পোস্টে বল লাগালেও শেষ পর্যন্ত কোনো দলই জয়সূচক গোল করতে পারেনি।
ড্রয়ের ফলে গ্রুপ বি৩-তে পাঁচ পয়েন্ট নিয়ে তৃতীয় অবস্থানে আছে আয়ারল্যান্ড। শীর্ষে থাকা অস্ট্রিয়ার চেয়ে তারা তিন পয়েন্ট পিছিয়ে। গোল ব্যবধানে আয়ারল্যান্ডের ওপরে আছে দ্বিতীয় স্থানে থাকা কসোভো। দুই পয়েন্ট নিয়ে গ্রুপের তলানিতে রয়েছে ইসরায়েল।
প্রথম ম্যাচে ৩-০ ব্যবধানে হারের পর দলের ঘুরে দাঁড়ানোর প্রশংসা করেছেন ইসরায়েল কোচ বেন-শিমন। একই সঙ্গে তার দলের খেলোয়াড়েরা অতিরিক্ত আগ্রাসী ছিলেন—এমন অভিযোগও তিনি নাকচ করে দেন।
আরও পড়ুন
আপনার ব্যবসার প্রসারে আমাদের জনপ্রিয় নিউজ ওয়েবসাইটে বিজ্ঞাপন দিন!
আপনার ব্যবসার প্রসারে আমাদের জনপ্রিয় নিউজ ওয়েবসাইটে বিজ্ঞাপন দিন!
সংবাদটি শেয়ার করুন
প্রিয়জন ও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
সোশ্যাল মিডিয়ায় সরাসরি শেয়ার:
লিংক কপি করুন:
ক্যামেরা দিয়ে স্ক্যান করে খবরটি মোবাইলে খুলুন