|
|
সোমবার, ০২ নভেম্বর, ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সর্বস্বত্ব মুখপত্র কর্তৃক সংরক্ষিত

বিজ্ঞাপন | ব্যানার স্পট

আপনার ব্যবসার প্রসারে আমাদের জনপ্রিয় নিউজ ওয়েবসাইটে বিজ্ঞাপন দিন!

বিজ্ঞাপন দিন →

মুন্সিগঞ্জে কাজিকে তুলে নিয়ে ২ লাখ টাকা চাঁদা, যুবদল নেতা গ্রেপ্তার

নিউজ ডেস্ক

প্রকাশ : ০৬ অক্টোবর, ২০২৬, ০৭:৫৪ পিএম
৩৭ পঠিত
00:00
00:00
মুন্সিগঞ্জে কাজিকে তুলে নিয়ে ২ লাখ টাকা চাঁদা, যুবদল নেতা গ্রেপ্তার
চাঁদাবাজির মামলায় গ্রেপ্তার যুবদল নেতা রাজিব হোসেন/ ছবি: সংগৃহীত

মুন্সিগঞ্জে নিজ বাসা থেকে এক কাজিকে তুলে নিয়ে দুই লাখ টাকা চাঁদা আদায়ের অভিযোগ উঠেছে যুবদলের এক নেতার বিরুদ্ধে। এ ঘটনায় করা মামলায় সদর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক রাজিব হোসেনসহ দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। একই সঙ্গে চাঁদা হিসেবে নেওয়া দুই লাখ টাকাও উদ্ধার করা হয়েছে।

ভুক্তভোগী কাজি মো. হাবিবুর রহমানের বয়স ৫২ বছর। তিনি মুন্সিগঞ্জ শহরের কাটাখালী এলাকায় থাকেন। অভিযোগ অনুযায়ী, সোমবার দুপুর ২টার দিকে রাজিব হোসেনের নেতৃত্বে কয়েকজন ব্যক্তি মোটরসাইকেলে করে তাঁর বাসায় যান। পরে বিয়ে পড়ানোর কথা বলে তাঁকে প্রথমে কাটাখালীতে নিজের কার্যালয়ে এবং সেখান থেকে মুক্তারপুর এলাকার একটি স্থানে নিয়ে যাওয়া হয়।

মামলার এজাহারে বলা হয়েছে, সেখানে একটি কক্ষে হাবিবুর রহমানকে আটকে রেখে দুই লাখ টাকা দাবি করা হয়। টাকা দিতে অস্বীকৃতি জানালে তাঁর কাজির লাইসেন্স বাতিল এবং তাঁকে হত্যার হুমকি দেওয়া হয়। একপর্যায়ে ভয়ে টাকা দিতে রাজি হন তিনি।

পরে তাঁকে মুন্সিগঞ্জ কাঁচারিবাজারের অগ্রণী ব্যাংক পিএলসি শাখায় নিয়ে যাওয়া হয়। সেখানে তাঁর ব্যাংক হিসাব থেকে দুই লাখ টাকা তোলা হয়। এরপর তাঁর স্ত্রী নাসিমা বেগমের উপস্থিতিতে ওই টাকা অভিযুক্তদের হাতে তুলে দেওয়া হলে তাঁকে ছেড়ে দেওয়া হয়।

এ ঘটনায় সোমবার দিবাগত রাত ১২টার পর সদর থানায় মামলা করেন হাবিবুর রহমান। মামলায় রাজিব হোসেনসহ তিনজনের নাম উল্লেখ করা হয়েছে। পাশাপাশি অজ্ঞাত আরও চার থেকে পাঁচজনকে আসামি করা হয়েছে।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তসলিমউদ্দিন জানান, মামলার পর রাজিব হোসেনসহ দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। চাঁদার দুই লাখ টাকাও উদ্ধার করা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানোর প্রক্রিয়া চলছে।

ভুক্তভোগীর ছেলে সাংবাদিক নাহিদ হাসান জানান, ঘটনার পর ভয় পাওয়ায় তাঁর বাবা প্রথমে বিষয়টি কাউকে জানাতে চাননি। রাত ১০টার দিকে তিনি ঘটনা জানতে পারেন। পরে মুন্সিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য কামরুজ্জামানকে বিষয়টি জানিয়ে তাঁর পরামর্শে বাবাকে নিয়ে থানায় যান।

নাহিদের দাবি, পরে রাজিব হোসেন থানায় এসে দুই লাখ টাকা নেওয়ার বিষয়টি স্বীকার করেন। এরপর পুলিশের সহযোগিতায় ওই টাকা উদ্ধার করা হয়। টাকা ফেরত দেওয়ার পর বিষয়টি মামলা না করে মীমাংসার জন্য চাপ দেওয়ারও অভিযোগ করেন তিনি।

এদিকে ঘটনার পর রাজিব হোসেনকে দল থেকে বহিষ্কার করেছে যুবদল। মঙ্গলবার দুপুরে দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির দপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম ভূঁইয়া স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নৈতিক স্খলনজনিত অপরাধে জড়িত থাকার সুস্পষ্ট অভিযোগের পরিপ্রেক্ষিতে তাঁকে প্রাথমিক সদস্যপদসহ দল থেকে বহিষ্কার করা হয়েছে।

বিজ্ঞাপন | ব্যানার স্পট

আপনার ব্যবসার প্রসারে আমাদের জনপ্রিয় নিউজ ওয়েবসাইটে বিজ্ঞাপন দিন!

বিজ্ঞাপন দিন →