|
|
রবিবার, ০১ নভেম্বর, ২০২৬, ১৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সর্বস্বত্ব মুখপত্র কর্তৃক সংরক্ষিত

বিজ্ঞাপন | ব্যানার স্পট

আপনার ব্যবসার প্রসারে আমাদের জনপ্রিয় নিউজ ওয়েবসাইটে বিজ্ঞাপন দিন!

বিজ্ঞাপন দিন →

পানামায় ৭.৭ মাত্রার ভূমিকম্প, ক্ষতিগ্রস্ত ভবন ও বিদ্যুৎ বিপর্যয়

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ১০ অক্টোবর, ২০২৬, ০৮:২৫ এএম
৪১ পঠিত
00:00
00:00
পানামায় ৭.৭ মাত্রার ভূমিকম্প, ক্ষতিগ্রস্ত ভবন ও বিদ্যুৎ বিপর্যয়
পানামায় শক্তিশালী ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত ভবন, আতঙ্কে রাস্তায় নেমে আসেন বাসিন্দারা। ছবি: রয়টার্স

পানামার দক্ষিণ উপকূলে ৭ দশমিক ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা দেখা দিয়েছে। এতে বিভিন্ন এলাকায় বাড়িঘর ও ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। ছয়টি প্রদেশে বিদ্যুৎ সরবরাহ ব্যাহত হওয়ার পাশাপাশি দেশটির প্রধান আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্লাইট চলাচল বন্ধ রাখা হয়েছে।

ভূমিকম্পের পর একাধিক পরাঘাত অনুভূত হওয়ায় আতঙ্কে ঘরবাড়ি ছেড়ে বাইরে বেরিয়ে আসেন বাসিন্দারা।

বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, শুক্রবার বিকেলে পানামার দক্ষিণাঞ্চলে এ ভূমিকম্প আঘাত হানে।

যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানায়, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠের প্রায় ৭ দশমিক ৮ মাইল গভীরে। কম্পনের পর বিভিন্ন স্থানে মানুষকে রাস্তায় জড়ো হতে দেখা যায়। কেউ কেউ নিজেদের বাড়িঘরে ফাটল দেখা দেওয়ায় নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন।

হেরেরা প্রদেশের ৭৪ বছর বয়সী বাসিন্দা রিকার্ডো ব্রাউন জানান, লাস মিনাস এলাকায় বেশ কয়েকটি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। নিজের বাড়িতে ফাটল দেখা দেওয়ায় সেটি ধসে পড়ার আশঙ্কায় রয়েছেন বলেও জানান তিনি।

বিদ্যুৎ ও বিমান চলাচলে বিঘ্ন

বিদ্যুৎ সরবরাহকারী প্রতিষ্ঠান নাতুরগির তথ্য অনুযায়ী, ভূমিকম্পের কারণে পানামার ছয়টি প্রদেশে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়। একই সঙ্গে গুরুত্বপূর্ণ আঞ্চলিক বিমান যোগাযোগের কেন্দ্র টোকুমেন আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্লাইট চলাচল স্থগিত করা হয়।

রাজধানী পানামা সিটিতে ভূমিকম্পের পর যানজট সৃষ্টি হয়। নিরাপত্তার কথা বিবেচনা করে বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মীদের আগেভাগে ছুটি দেওয়া হয়। শহরটির মেট্রো রেল চলাচলও বন্ধ রাখা হয়। এ ছাড়া দেশজুড়ে শিক্ষাপ্রতিষ্ঠানের ক্লাস স্থগিত করা হয়।

ভূমিকম্পের পর রাজধানীর বিভিন্ন ভবন থেকে লোকজনকে সরিয়ে নেওয়া হয়। উৎপত্তিস্থল থেকে প্রায় ২০০ কিলোমিটার দূরের শহরটিতে অনেক বাসিন্দাকে রাস্তায় ও পার্কে আশ্রয় নিতে দেখা যায়।

প্রায় ৪০ সেকেন্ড স্থায়ী কম্পন

পানামার ভূবিজ্ঞান ইনস্টিটিউটের পরিচালক নেস্টর লুক জানান, আজুয়েরো-সোনা ফল্ট সিস্টেমে দীর্ঘদিন ধরে জমে থাকা চাপের কারণে ভূমিকম্পটি সৃষ্টি হয়েছে। কম্পন দেশের বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে পড়ে।

লুকের ভাষ্য অনুযায়ী, রাজধানী পানামা সিটিতে প্রায় ৪০ সেকেন্ড ধরে কম্পন অনুভূত হয়েছে। অন্য কিছু এলাকায় এর স্থায়িত্ব আরও বেশি হতে পারে।

গির্জা ও বিভিন্ন ভবনে ক্ষয়ক্ষতি

ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল প্রশান্ত মহাসাগরীয় উপকূলের কাছে হেরেরা প্রদেশের অপেক্ষাকৃত কম জনবসতিপূর্ণ লা পিতালোজা এলাকার আশপাশে। প্রতিবেশী দেশ কোস্টারিকার রাজধানী সান হোসেতেও কম্পন অনুভূত হয়।

রয়টার্সের যাচাই করা ভিডিওতে পেনোনোমে শহরের একটি গির্জা ও আশপাশের কয়েকটি ভবন ক্ষতিগ্রস্ত হওয়ার চিত্র দেখা গেছে। কিছু স্থাপনার অংশ ধসে পড়ার দৃশ্যও উঠে এসেছে। হেরেরা প্রদেশের রাজধানী চিত্রে এবং উপকূলীয় লস সান্তোস প্রদেশেও ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে বলে জানিয়েছেন পানামার বেসামরিক সুরক্ষা সংস্থার প্রধান ওমর স্মিথ।

এদিকে, যুক্তরাষ্ট্রের সুনামি সতর্কীকরণ ব্যবস্থা জানিয়েছে, ভূমিকম্পের পর সুনামির আশঙ্কা আর নেই।

পানামার প্রেসিডেন্ট হোসে রাউল মুলিনো জানিয়েছেন, পরিস্থিতি মোকাবিলায় সরকারের সব বিভাগকে সক্রিয় করা হয়েছে। জনগণকে আতঙ্কিত না হওয়ার আহ্বানও জানিয়েছেন তিনি।

অন্যদিকে, ইউএসজিএসের প্রাথমিক মূল্যায়নে ভূমিকম্পের কারণে পানামার মোট দেশজ উৎপাদনের (জিডিপি) ১ থেকে ১০ শতাংশের সমপরিমাণ অর্থনৈতিক ক্ষতির আশঙ্কা প্রকাশ করা হয়েছে। তবে ক্ষয়ক্ষতির প্রকৃত পরিমাণ নির্ধারণে আরও মূল্যায়ন প্রয়োজন।

বিজ্ঞাপন | ব্যানার স্পট

আপনার ব্যবসার প্রসারে আমাদের জনপ্রিয় নিউজ ওয়েবসাইটে বিজ্ঞাপন দিন!

বিজ্ঞাপন দিন →