|
|
রবিবার, ০১ নভেম্বর, ২০২৬, ১৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সর্বস্বত্ব মুখপত্র কর্তৃক সংরক্ষিত

বিজ্ঞাপন | ব্যানার স্পট

আপনার ব্যবসার প্রসারে আমাদের জনপ্রিয় নিউজ ওয়েবসাইটে বিজ্ঞাপন দিন!

বিজ্ঞাপন দিন →

জিবুতির উপকূলে অভিবাসীবাহী নৌকাডুবি, নিহত ১০৯, নিখোঁজ শতাধিক

অনলাইন ডেস্ক

প্রকাশ : ১১ অক্টোবর, ২০২৬, ০৮:৫৫ পিএম
২৮ পঠিত
00:00
00:00
জিবুতির উপকূলে অভিবাসীবাহী নৌকাডুবি, নিহত ১০৯, নিখোঁজ শতাধিক
ইয়েমেনগামী অভিবাসীবাহী নৌকাডুবির পর জিবুতির উপকূলে পড়ে থাকা নৌকার ধ্বংসাবশেষ পরিদর্শন করছেন আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) একসদস্য-ছবি: আল জাজিরা

জিবুতির উপকূলে নৌকাডুবিতে অন্তত ১০৯ জনের মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে ১৫টি শিশু রয়েছে। এ ঘটনায় নিখোঁজ রয়েছেন ১১৬ জনের বেশি। জাতিসংঘের অভিবাসনবিষয়ক সংস্থা আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম) এ তথ্য জানিয়েছে।

রোববার প্রকাশিত এক বিবৃতিতে আইওএম জানায়, বেঁচে যাওয়া ব্যক্তিদের বরাত দিয়ে সংস্থাটি জানিয়েছে, বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার ভোরের আগপর্যন্ত জিবুতির পূর্ব উপকূলে গুহেরে এলাকার কাছে এ দুর্ঘটনা ঘটে। এলাকাটি এডেন উপসাগর ও বাব আল-মান্দেব প্রণালির মুখোমুখি।

নৌকাটি জিবুতি থেকে ইয়েমেনের উদ্দেশে যাচ্ছিল। এতে ৩০০ জনের বেশি মানুষ ছিলেন। দুর্ঘটনায় ৮০ জনের বেশি মানুষ প্রাণে বেঁচেছেন। তাঁরা সবাই ইথিওপিয়ার নাগরিক। এদিকে, জিবুতির কর্তৃপক্ষের নেতৃত্বে উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে।

জিবুতিতে আইওএমের মিশনপ্রধান আলেক্সান্দ্রে কোয়েসাক বলেন, ‘জরুরি সহায়তা দিতে আমাদের দল স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে ঘটনাস্থলে কাজ করছে।’ প্রাণহানির ঘটনায় গভীর শোক প্রকাশ করেন তিনি।

তিনি বলেন, ‘এই মর্মান্তিক ঘটনা অর্থনৈতিক সুযোগের সন্ধানে অভিবাসীদের এই পথে যাত্রা করার সময় যেসব বিপদের মুখে পড়তে হয়, তা আবারও স্পষ্ট করে দিয়েছে।’

জিবুতি ও ইয়েমেনের মধ্যবর্তী বাব আল-মান্দেব প্রণালির সবচেয়ে সরু অংশের প্রস্থ মাত্র ২০ কিলোমিটার। আফ্রিকার হর্ন অঞ্চল থেকে হাজারো অভিবাসীর কাছে এই জলপথটি জনপ্রিয় হলেও অত্যন্ত ঝুঁকিপূর্ণ।

কর্মসংস্থান ও নিরাপদ জীবনের আশায় অনেকেই এই পথ ধরে উপসাগরীয় দেশগুলোতে যাওয়ার চেষ্টা করেন। ইরানকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধ এবং গত মাসে ইয়েমেনের সরকারি বাহিনী ও হুথি যোদ্ধাদের মধ্যে নতুন করে সংঘাত শুরু হওয়ায় ওই অঞ্চলে অস্থিতিশীলতা বেড়েছে। তবে এসব ঝুঁকি সত্ত্বেও অভিবাসীদের যাত্রা অব্যাহত রয়েছে।

আইওএম জানিয়েছে, গত ১০ সেপ্টেম্বর থেকে ইথিওপিয়া থেকে জিবুতিতে ২০ হাজারের বেশি মানুষের আগমন নথিভুক্ত করেছে সংস্থাটি। গত বছর পাঁচ লাখের বেশি মানুষ এই পথ ধরে ইয়েমেনে যাওয়ার চেষ্টা করেন। তাঁদের মধ্যে অন্তত ৯০০ জনের মৃত্যু হয়েছে অথবা তাঁরা নিখোঁজ রয়েছেন বলে জানিয়েছে সংস্থাটি।

অন্যদিকে, জিবুতি শুধু অভিবাসীদের যাত্রা শুরুর স্থানই নয়; ইয়েমেনে নতুন করে সংঘাত ছড়িয়ে পড়ায় দেশটি থেকে পালিয়ে কয়েক হাজার মানুষ জিবুতিতেও আশ্রয় নিচ্ছেন।

বিজ্ঞাপন | ব্যানার স্পট

আপনার ব্যবসার প্রসারে আমাদের জনপ্রিয় নিউজ ওয়েবসাইটে বিজ্ঞাপন দিন!

বিজ্ঞাপন দিন →