পাবনায় যুবকের মৃত্যু: সুইসাইড নোটে স্ত্রী ও শ্যালকের বিরুদ্ধে অভিযোগ
মুখপত্র অনলাইন ডেস্ক
পাবনার ঈশ্বরদী উপজেলার সাহাপুর ইউনিয়নের দিয়াড়সাহাপুর এলাকায় হৃদয় প্রামাণিক (৩০) নামের এক যুবকের অস্বাভাবিক মৃত্যু হয়েছে। রোববার (১ নভেম্বর) রাতে স্থানীয় একটি ভাড়া বাসা থেকে তাঁর ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহত হৃদয় সলিমপুর ইউনিয়নের মানিকনগর মধ্যপাড়া এলাকার আনজারুল প্রামাণিকের ছেলে। তিনি তাঁর দ্বিতীয় স্ত্রী সুমাইয়ার সঙ্গে ওই এলাকায় ছবি মন্ডল নামের এক ব্যক্তির বাড়িতে ভাড়া থাকতেন।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, পারিবারিক কলহের জেরে গত তিন দিন আগে সুমাইয়া তাঁর বাবার বাড়ি চলে যান। এরপর থেকে হৃদয় বাসায় একাই ছিলেন। রোববার সন্ধ্যার পর বাড়ির মালিক ডাকাডাকি করেও কোনো সাড়া না পেয়ে হৃদয়ের পরিবারকে বিষয়টি জানান। পরে তাঁর মা ও স্থানীয়রা এসে দরজা ভেঙে ঘরের আড়ার সঙ্গে ওড়না দিয়ে হৃদয়ের ঝুলন্ত মরদেহ দেখতে পান। সংবাদ পেয়ে ঈশ্বরদী থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ হেফাজতে নেয়। ময়নাতদন্তের জন্য তা পাবনা জেনারেল হাসপাতালে পাঠানোর প্রক্রিয়া চলছে।
ঘটনাস্থল থেকে পুলিশ হাতে লেখা একটি চিঠি উদ্ধার করেছে। চিঠিতে হৃদয় লিখেছেন, ‘আমার মৃত্যুর জন্য দায়ী সুমাইয়া, আমার ছেলেকে মারছে শরীফ, আমার জন্য দোয়া করবেন।’ স্থানীয় ও স্বজনদের ভাষ্যমতে, চিঠিতে উল্লিখিত শরীফ হৃদয়ের দ্বিতীয় স্ত্রী সুমাইয়ার বড় ভাই। প্রায় এক মাস আগে সুমাইয়ার ঘরে একটি ছেলেসন্তান জন্ম নিলেও কয়েক দিন পরই শিশুটি মারা যায়। যদিও নবজাতকের মৃত্যুর সুনির্দিষ্ট কারণ এখনো স্পষ্ট নয়।
ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশাদুর রহমান জানান, মরদেহের পাশ থেকে উদ্ধার করা চিঠিটি তদন্তের স্বার্থে গুরুত্ব সহকারে দেখা হচ্ছে। চিঠিতে যাদের নাম উল্লেখ রয়েছে, তাদের বিরুদ্ধে ওঠা অভিযোগের সত্যতা যাচাইয়ে কাজ করছে পুলিশ। এই ঘটনায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
আরও পড়ুন
আপনার ব্যবসার প্রসারে আমাদের জনপ্রিয় নিউজ ওয়েবসাইটে বিজ্ঞাপন দিন!
আপনার ব্যবসার প্রসারে আমাদের জনপ্রিয় নিউজ ওয়েবসাইটে বিজ্ঞাপন দিন!
সংবাদটি শেয়ার করুন
প্রিয়জন ও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
সোশ্যাল মিডিয়ায় সরাসরি শেয়ার:
লিংক কপি করুন:
ক্যামেরা দিয়ে স্ক্যান করে খবরটি মোবাইলে খুলুন