বাংলা ব্লকেডে যান চলাচল বন্ধ, দুর্ভোগ
অনলাইন ডেস্ক
প্রকাশ : ০৮ জুলাই, ২০২৪, ১২:১২ পিএম
শুনুন
00:00
আরও পড়ুন
ফলো করুন
সরকারি চাকরিতে কোটা বাতিলের একদফা দাবিতে দ্বিতীয় দিনের মতো দেশব্যাপী বাংলা ব্লকেড কর্মসূচি পালন করা হচ্ছে। এরই অংশ হিসেবে সোমবার (৮ জুলাই) বিকেল ৩টার পর থেকে শাহবাগ মোড়সহ রাজধানীর বিভিন্ন পয়েন্টে সড়কে অবস্থান নেন কোটাবিরোধীরা। এতে সড়কে যান চলাচল বন্ধ হয়ে ভোগান্তিতে পড়েন সাধারণ যাত্রীরা।
পূর্ব ঘোষণা অনুযায়ী সোমবার (৮ জুলাই) বিকেল ৪টার দিকে ক্যাম্পাস থেকে বিক্ষোভ মিছিল নিয়ে শাহবাগ মোড় অবরোধ করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
পরে তারা হোটেল ইন্টারকন্টিনেন্টাল, বাংলামোটর, কারওয়ান বাজার মোড়ে অবস্থান নিয়ে যান চলাচল বন্ধ করে দেন। সড়ক অবরোধের ফলে মৎস্যভবন রোড, বাংলামোটর রোড এবং ধানমন্ডি সড়কের যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে ভোগান্তিতে পড়েন পরিবহন চালক ও যাত্রীরা। অনককেই হেঁটে গন্তব্যস্থলে যেতে দেখা গেছে।
এ সময় শিক্ষার্থীদের ‘চাকরি তার, মেধা যার’, ‘বঙ্গবন্ধুর বাংলায়, বৈষম্যের ঠাঁই নাই’, ‘সারা বাংলায় খবর দে, কোটা প্রথার কবর দে’, ‘মুক্তিযুদ্ধের হাতিয়ার, গর্জে ওঠো আরেকবার’, ‘জেগেছে রে জেগেছে, ছাত্র সমাজ জেগেছে’, ‘সংগ্রাম না রাজপথ, রাজপথ রাজপথ’, এই বাংলায় হবে না, বৈষম্যের ঠিকানা’, ‘আঠারোর হাতিয়ার, গর্জে ওঠো আরেকবার’ বিভিন্ন ধরনের স্লোগান দিতে শোনা যায়।
এছাড়া চানখারপুল, গুলিস্তান, সায়েন্সল্যাব, নীলক্ষেত, নিউ মার্কেট, আগারগাঁওয়ে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন কোটাবিরোধীরা। এতে পুরো রাজধানী জুড়ে ভয়াবহ যানজট ছড়িয়ে পড়ে। সড়ক ছাড়িয়ে বিভিন্ন অলিগলিতেও বন্ধ হয়ে যায় যান চলাচল।
আন্দোলনরত শিক্ষার্থীরা বলেন, ‘প্রিলি, রিটেন, ভাইভা দিয়ে সাধারণ মেধাবী শিক্ষার্থী বঞ্চিত হচ্ছে, তবে কোটার কারণে কেউ চাকরিও পেয়ে যাচ্ছে। এটা অবশ্যই বৈষম্য। আমরা কষ্ট করে পড়াশোনা করি। কোটার কারণে কেউ সুবিধা পাক, তা আমরা চাই না।’
তারা আরও বলেন, একদিকে প্রশ্ন ফাঁস অন্যদিকে কোটা। তাহলে সাধারণ শিক্ষার্থীদের কোনো জায়গা নেই। এজন্য এই মুহূর্তে আমাদের এক দফা এক দাবি-কোটা বাতিল করতে হবে। আমরা আইনের কোনো মারপ্যাঁচে যেতে চাই না। আমরা চাষাভুষার ছেলে। বছরের পর বছর পড়াশোনা করার পরও মেধার মূল্যায়ন হচ্ছে না। স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে মেধার মূল্যায়ন করা না হলে নামের স্মার্ট দিয়ে কী হবে?
কোটাবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক মো. আসিফ সময় সংবাদকে বলেন, ঢাকায় আন্দোলন সফল করার জন্য ঢাকা ব্লকেড ও সারাদেশকে একত্রিত করতে বাংলা ব্লকেডের পরিকল্পনা আমরা নিয়েছি। রোববারের চেয়ে আজকে এ আন্দোলনের বিস্তৃতি ঘটাতে বাংলামোটর, কারওয়ান বাজার এরপর ফার্মগেট ও আগারগাঁওয়ে অবস্থান নিয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। এছাড়া চানখারপুল ও গুলিস্তানেও অবস্থান নেয়া হয়েছে।
আরও পড়ুন
বিজ্ঞাপন | ব্যানার স্পট
আপনার ব্যবসার প্রসারে আমাদের জনপ্রিয় নিউজ ওয়েবসাইটে বিজ্ঞাপন দিন!
বিজ্ঞাপন | ব্যানার স্পট
আপনার ব্যবসার প্রসারে আমাদের জনপ্রিয় নিউজ ওয়েবসাইটে বিজ্ঞাপন দিন!
সংবাদটি শেয়ার করুন
প্রিয়জন ও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
সোশ্যাল মিডিয়ায় সরাসরি শেয়ার:
লিংক কপি করুন:
ক্যামেরা দিয়ে স্ক্যান করে খবরটি মোবাইলে খুলুন