ডিসি নিয়োগ নিয়ে প্রশ্নে সরকারের অবস্থান, ‘আমরা আশাবাদী
নিউজ ডেস্ক
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার আগেই যেসব জেলা প্রশাসক (ডিসি) নিয়োগ পেয়েছেন, তারা নির্বাচন পরিচালনার দায়িত্ব পালনে সক্ষম ও প্রস্তুত রয়েছেন বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব শেখ আব্দুর রশিদ।
বৃহস্পতিবার (৮ জানুয়ারি) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি বলেন, মাঠ প্রশাসনে জেলা রিটার্নিং কর্মকর্তা হিসেবে ডিসিদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবারের নির্বাচনে ২০১৪, ২০১৮ ও ২০২৪ সালের নির্বাচনে দায়িত্ব পালন করা রিটার্নিং কর্মকর্তাদের পরিবর্তে নতুন করে নিয়োগ পাওয়া ৫৫ জন ডিসিকে দায়িত্ব দেওয়া হয়েছে।
নতুন ডিসিদের অভিজ্ঞতা ও নিরপেক্ষতা নিয়ে প্রশ্নের জবাবে মন্ত্রিপরিষদ সচিব বলেন, সুষ্ঠু নির্বাচন আয়োজন সম্ভব—এ বিষয়ে তিনি আশাবাদী। তার ভাষায়, অভিজ্ঞতা সব সময় আগে থেকে থাকে না, দায়িত্ব পালনের মধ্য দিয়েই তা অর্জিত হয়। দায়িত্বশীল ও ইতিবাচক মানসিকতা নিয়ে কাজ করলে তারা সফল হবেন বলেও তিনি মন্তব্য করেন। কোনো অনিয়ম বা বিচ্যুতি নজরে এলে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।
নির্বাচন সামনে রেখে প্রশাসনের প্রস্তুতি এবং রাজনৈতিক দলগুলোর মাঠ প্রশাসনে রদবদলের দাবির বিষয়ে তিনি বলেন, প্রশাসনিক কার্যক্রম কোনো নির্দিষ্ট ছকে চলে না। পরিস্থিতি অনুযায়ী সিদ্ধান্ত নেওয়া হয়। তিনি জানান, রিটার্নিং কর্মকর্তাদের প্রাথমিক দায়িত্ব—মনোনয়নপত্র গ্রহণ ও যাচাই-বাছাই ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। এতে কেউ অসন্তুষ্ট হলে আইনি প্রক্রিয়ায় আপিল করার সুযোগ রয়েছে, যা বর্তমানে নির্বাচন কমিশনের অধীনে নিষ্পত্তি হচ্ছে।
প্রশাসনের বিরুদ্ধে পক্ষপাতের অভিযোগ প্রসঙ্গে শেখ আব্দুর রশিদ বলেন, এমন অভিযোগ অতীতেও ছিল এবং ভবিষ্যতেও থাকতে পারে। উন্মুক্ত সমাজে ভিন্নমত প্রকাশ স্বাভাবিক। তবে প্রশাসনের কোনো স্তরে ত্রুটি থাকলে তা সংশোধনে সরকার সচেষ্ট থাকবে এবং প্রতিটি সিদ্ধান্ত নেওয়া হবে যোগ্যতার ভিত্তিতে।
মাঠ প্রশাসনে রদবদলের সম্ভাবনা সম্পর্কে তিনি বলেন, সরকার নিজ থেকে এ বিষয়ে কোনো সিদ্ধান্ত নিচ্ছে না। তবে নির্বাচন কমিশন প্রয়োজন মনে করলে বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হবে এবং সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
মাঠ প্রশাসনের ওপর আস্থা প্রকাশ করে তিনি বলেন, এখন পর্যন্ত নেতিবাচক কোনো চিত্র দেখা যায়নি। সিদ্ধান্তে সবাই সন্তুষ্ট নাও হতে পারেন, তবে ভুল হলে আপিলের সুযোগ রয়েছে এবং অনেক প্রার্থী সেই সুযোগ ব্যবহার করছেন। শেষ পর্যন্ত পরিস্থিতি কোন দিকে যায়, সেটিই দেখার বিষয়।
আরও পড়ুন
আপনার ব্যবসার প্রসারে আমাদের জনপ্রিয় নিউজ ওয়েবসাইটে বিজ্ঞাপন দিন!
আপনার ব্যবসার প্রসারে আমাদের জনপ্রিয় নিউজ ওয়েবসাইটে বিজ্ঞাপন দিন!
সংবাদটি শেয়ার করুন
প্রিয়জন ও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
সোশ্যাল মিডিয়ায় সরাসরি শেয়ার:
লিংক কপি করুন:
ক্যামেরা দিয়ে স্ক্যান করে খবরটি মোবাইলে খুলুন