|
|
মঙ্গলবার, ০৩ নভেম্বর, ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সর্বস্বত্ব মুখপত্র কর্তৃক সংরক্ষিত

বিজ্ঞাপন | ব্যানার স্পট

আপনার ব্যবসার প্রসারে আমাদের জনপ্রিয় নিউজ ওয়েবসাইটে বিজ্ঞাপন দিন!

বিজ্ঞাপন দিন →

২৯৫টি অত্যাবশ্যকীয় ওষুধের মূল্য নির্ধারণ করবে সরকার

নিউজ ডেস্ক

প্রকাশ : ০৮ জানুয়ারি, ২০২৬, ০৭:০৬ পিএম
৫ পঠিত
00:00
00:00
২৯৫টি অত্যাবশ্যকীয় ওষুধের মূল্য নির্ধারণ করবে সরকার

দেশের মানুষের চিকিৎসা ব্যয়ের চাপ কমাতে বড় ধরনের নীতিগত সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। সাধারণ মানুষের নাগালে ওষুধের দাম রাখতে ২৯৫টি ওষুধকে ‘অত্যাবশ্যকীয়’ হিসেবে তালিকাভুক্ত করা হয়েছে, যেগুলোর মূল্য সরাসরি সরকার নির্ধারণ করবে।

বৃহস্পতিবার (৮ জানুয়ারি) বিকেলে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক সংবাদ ব্রিফিংয়ে এ তথ্য জানান প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক ডা. মো. সায়েদুর রহমান।

তিনি বলেন, উপদেষ্টা পরিষদের বৈঠকে জাতীয় অত্যাবশ্যকীয় ওষুধের তালিকা হালনাগাদ এবং মূল্য নির্ধারণ সংক্রান্ত নতুন নীতিমালা অনুমোদন পেয়েছে। ১৯৮২ সালের ওষুধ নীতির পর দীর্ঘদিন এই তালিকা পরিবর্তন না হওয়ায় বাজারে থাকা এক হাজার তিন শতাধিক ওষুধের দাম সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার বাইরে চলে গিয়েছিল।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী, আগে তালিকাভুক্ত ১১৭টি ওষুধের সঙ্গে আরও ১৩৬টি যুক্ত হয়ে অত্যাবশ্যকীয় ওষুধের মোট সংখ্যা দাঁড়িয়েছে ২৯৫টিতে। এসব ওষুধের সর্বোচ্চ খুচরা মূল্য সরকার নির্ধারণ করবে এবং নির্ধারিত দামের বেশি নেওয়া আইনত দণ্ডনীয় হবে।

অধ্যাপক সায়েদুর রহমান জানান, বাংলাদেশে মোট স্বাস্থ্য ব্যয়ের প্রায় দুই-তৃতীয়াংশই খরচ হয় ওষুধ কিনতে। উন্নত দেশগুলোতে স্বাস্থ্য বীমা ও সরকারি সহায়তা থাকলেও দেশের মানুষের বড় অংশকে চিকিৎসার খরচ নিজস্ব অর্থ থেকেই বহন করতে হয়। এ বাস্তবতায় ওষুধের দাম নিয়ন্ত্রণে রাষ্ট্রের সরাসরি হস্তক্ষেপ জরুরি হয়ে পড়েছিল।

তিনি আরও বলেন, যারা বর্তমানে নির্ধারিত দামের চেয়ে বেশি দামে ওষুধ বিক্রি করছেন, তাদের ধাপে ধাপে সরকারি নির্ধারিত মূল্যে আসতে হবে। এই উদ্যোগের মূল লক্ষ্য হলো মানুষের ব্যক্তিগত ব্যয় কমিয়ে স্বাস্থ্যসেবাকে আরও সহজলভ্য করা।

সংবাদ ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম, উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সরকারের এই সিদ্ধান্ত জনস্বাস্থ্য খাতে ইতিবাচক পরিবর্তন আনবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন।

বিজ্ঞাপন | ব্যানার স্পট

আপনার ব্যবসার প্রসারে আমাদের জনপ্রিয় নিউজ ওয়েবসাইটে বিজ্ঞাপন দিন!

বিজ্ঞাপন দিন →