|
|
মঙ্গলবার, ০৩ নভেম্বর, ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সর্বস্বত্ব মুখপত্র কর্তৃক সংরক্ষিত

বিজ্ঞাপন | ব্যানার স্পট

আপনার ব্যবসার প্রসারে আমাদের জনপ্রিয় নিউজ ওয়েবসাইটে বিজ্ঞাপন দিন!

বিজ্ঞাপন দিন →

তাহলে কি বিএনপি জোটে যাচ্ছে ইসলামী আন্দোলন ?

অনলাইন ডেস্ক

প্রকাশ : ১৮ জানুয়ারি, ২০২৬, ০৪:২২ পিএম
৮ পঠিত
00:00
00:00
তাহলে কি  বিএনপি জোটে যাচ্ছে ইসলামী আন্দোলন ?
ছবি: সংগ্রহীত


জামায়াত নেতৃত্বাধীন জোট থেকে ইসলামী আন্দোলন বাংলাদেশের সরে যাওয়ার পর রাজনৈতিক অঙ্গনে নতুন করে নানা আলোচনা ও জল্পনা শুরু হয়েছে। বিশেষ করে দলটি বিএনপির নেতৃত্বাধীন জোটে যোগ দিতে পারে—এমন ধারণা ঘিরে কৌতূহল বাড়ছে।

তবে এ বিষয়ে বাস্তবতা ভিন্ন বলে মন্তব্য করেছেন রাজনৈতিক বিশ্লেষক জাহেদ-উর রহমান।

রোববার (১৮ জানুয়ারি) নিজের ইউটিউব চ্যানেল ‘জাহেদ টেক’-এ প্রকাশিত এক বিশ্লেষণে তিনি বলেন, ইসলামী আন্দোলনকে জোটে নেওয়ার মতো কোনো বাস্তব রাজনৈতিক প্রয়োজন বা কৌশলগত সুবিধা বিএনপির নেই। বরং এমন উদ্যোগ বিএনপির জন্য ঝুঁকি বাড়াতে পারে।

জাহেদ-উর রহমানের মতে, বিএনপি একটি মধ্যপন্থী রাজনৈতিক দল এবং দীর্ঘদিন ধরে তাদের নিজস্ব মুসলিম ভোটব্যাংক রয়েছে। ফলে শরিয়াভিত্তিক রাষ্ট্রব্যবস্থার দাবিতে সোচ্চার কোনো দলকে জোটে নিলে বিএনপির ভোট বাড়ার সম্ভাবনা কম, বরং নেতিবাচক প্রভাব পড়তে পারে।

তিনি আরও বলেন, ইসলামী আন্দোলন সাম্প্রতিক সময়ে প্রকাশ্যে শরিয়া কায়েমের দাবিকে যেভাবে জোরালোভাবে তুলে ধরছে, তাতে তাদের সঙ্গে জোট হলে বিএনপিকে দেশীয় ও আন্তর্জাতিক অঙ্গনে ধর্মীয় চরমপন্থার সঙ্গে যুক্ত করার সুযোগ তৈরি হতে পারে। এতে বিএনপির রাজনৈতিক ক্ষতির আশঙ্কাই বেশি।

তার বিশ্লেষণে বলা হয়, ইসলামী আন্দোলন যদি জোটের বাইরে থেকে এককভাবে নির্বাচনে অংশ নেয়, তাহলে সেটি বিএনপির জন্য তুলনামূলক স্বস্তিকর পরিস্থিতি তৈরি করবে। এতে ইসলামী ভোট বিভক্ত হবে এবং জামায়াতে ইসলামীর ভোটব্যাংকে সরাসরি প্রভাব পড়তে পারে।

২০০১ সালের ইসলামী জাতীয় ঐক্যফ্রন্টের উদাহরণ টেনে তিনি বলেন, সেই সময়ের রাজনৈতিক প্রেক্ষাপট ও বর্তমান বাস্তবতা এক নয়। ফলে সেই মডেল বর্তমান সময়ে সহজে পুনরাবৃত্তি করা ইসলামী আন্দোলনের জন্য কঠিন।

তবে তিনি মনে করেন, ইসলামী আন্দোলন এককভাবে বড় ধরনের নির্বাচনী সাফল্য অর্জনের অবস্থানে নেই। সে কারণে দলটি ভবিষ্যতে বিকল্প কৌশল বা ভিন্ন কোনো রাজনৈতিক সমঝোতার কথা ভাবতে পারে, যদিও বিএনপির সঙ্গে জোট হওয়ার সম্ভাবনা খুবই সীমিত।

সবশেষে জাহেদ-উর রহমান বলেন, বিএনপি জোটে ইসলামী আন্দোলনের যোগ দেওয়া নিয়ে যে আলোচনা চলছে, তা বাস্তবতার চেয়ে বেশি রাজনৈতিক গুঞ্জন বলেই বিবেচিত হওয়া উচিত।

বিজ্ঞাপন | ব্যানার স্পট

আপনার ব্যবসার প্রসারে আমাদের জনপ্রিয় নিউজ ওয়েবসাইটে বিজ্ঞাপন দিন!

বিজ্ঞাপন দিন →