বৃহস্পতিবার সিলেট থেকে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা শুরু
অনলাইন ডেস্ক
আগামীকাল বৃহস্পতিবার থেকে আনুষ্ঠানিকভাবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণা শুরু করছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। দলের চেয়ারম্যান তারেক রহমানের সিলেট সফরের মধ্য দিয়ে এই কর্মসূচির সূচনা হবে।
বুধবার (২১ জানুয়ারি) সকালে এক সংবাদ সম্মেলনে বিষয়টি জানান বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র ও চেয়ারম্যানের উপদেষ্টা ড. মাহদী আমিন। তিনি জানান, আজ রাতে বিমানযোগে সিলেট পৌঁছে গভীর রাতে হজরত শাহজালাল (রহ.)–এর মাজার জিয়ারত করবেন তারেক রহমান।
আগামীকাল সকালে সিলেট আলিয়া মাদ্রাসা মাঠে আয়োজিত নির্বাচনি সমাবেশে প্রধান অতিথি হিসেবে তিনি ভাষণ দেবেন। নির্বাচনি প্রচারণার অংশ হিসেবে আজ রাত ১২টা ১ মিনিটে ঢাকার লেকশোর হোটেলে বিএনপির নির্বাচনি ‘থিম সং’ উন্মোচন করা হবে। অনুষ্ঠানের উদ্বোধন করবেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
সিলেটের জনসভা শেষে তারেক রহমান সড়কপথে ঢাকার উদ্দেশে যাত্রা করবেন। পথে মৌলভীবাজারের শেরপুর, হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়ার সরাইল, কিশোরগঞ্জের ভৈরব, নরসিংদীর বিভিন্ন এলাকা এবং নারায়ণগঞ্জের আড়াইহাজার বা রূপগঞ্জে পথসভা ও সমাবেশে অংশ নেওয়ার কথা রয়েছে।
এই সফরে বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের ত্যাগী ও শীর্ষ নেতারা তার সফরসঙ্গী থাকবেন। কর্মসূচি সম্পর্কে সংশ্লিষ্ট জেলা প্রশাসন ও পুলিশ বিভাগকে আগেই চিঠির মাধ্যমে অবহিত করা হয়েছে বলে জানান ড. মাহদী আমিন।
তিনি আরও বলেন, নির্বাচন কমিশনের অনুরোধের প্রতি সম্মান জানিয়ে জনসমাগম এড়াতে এর আগে তারেক রহমান তার কিছু ব্যক্তিগত ও ধর্মীয় সফর স্থগিত করেছিলেন। আসন্ন ১২ ফেব্রুয়ারির নির্বাচনকে সামনে রেখে সব রাজনৈতিক দল আচরণবিধি মেনে সহনশীলতা বজায় রাখবে এবং একটি সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনি পরিবেশ নিশ্চিত করতে ভূমিকা রাখবে—এমন আশাবাদও ব্যক্ত করেন তিনি।
আরও পড়ুন
আপনার ব্যবসার প্রসারে আমাদের জনপ্রিয় নিউজ ওয়েবসাইটে বিজ্ঞাপন দিন!
আপনার ব্যবসার প্রসারে আমাদের জনপ্রিয় নিউজ ওয়েবসাইটে বিজ্ঞাপন দিন!
সংবাদটি শেয়ার করুন
প্রিয়জন ও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
সোশ্যাল মিডিয়ায় সরাসরি শেয়ার:
লিংক কপি করুন:
ক্যামেরা দিয়ে স্ক্যান করে খবরটি মোবাইলে খুলুন