মালয়েশিয়ায় ৫৬ বাংলাদেশিসহ ২১৮ অবৈধ অভিবাসী আটক
আন্তর্জাতিক ডেস্ক
মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরের চেরাস এলাকার তামান এমাসে পরিচালিত সমন্বিত ‘অপস সাপু’ অভিযানে ৫৬ জন বাংলাদেশিসহ মোট ২১৮ জন অবৈধ অভিবাসীকে আটক করেছে দেশটির ইমিগ্রেশন বিভাগ।
আটক ব্যক্তিদের মধ্যে মিয়ানমারের ৭৮ জন, বাংলাদেশের ৫৬ জন, ইন্দোনেশিয়ার ৪৪ জন, নাইজেরিয়ার ১২ জন, নেপালের ১০ জন, ভারতের ৫ জন, শ্রীলঙ্কার ৪ জন এবং অন্যান্য দেশের ৯ জন নাগরিক রয়েছেন।
বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) সন্ধ্যা ৭টায় শুরু হওয়া এই অভিযান চালানো হয় রাজধানীর একটি বাণিজ্যিক এলাকা ও আশপাশের আবাসিক স্থানে। ইমিগ্রেশন কর্তৃপক্ষ জানায়, অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে চলমান অভিযানে এবার আধুনিক প্রযুক্তির ব্যবহার আরও জোরদার করা হয়েছে। ড্রোন ও তাপ শনাক্তকারী সেন্সরের সহায়তায় অভিযান পরিচালনা করে লুকিয়ে থাকা ব্যক্তিদেরও শনাক্ত করা সম্ভব হয়েছে।
অভিযানে পুত্রাজায়া ইমিগ্রেশন সদর দপ্তরসহ নেগেরি সেম্বিলান ও পেরাক রাজ্য ইমিগ্রেশন বিভাগের ২৭৯ জন কর্মকর্তা অংশ নেন। পাশাপাশি জাতীয় নিবন্ধন বিভাগের (জেপিএন) ১০ জন কর্মকর্তা সহযোগিতা করেন। পুরো অভিযানের নেতৃত্ব দেন ইমিগ্রেশনের উপ-মহাপরিচালক (অপারেশন) দাতুক লোকমান এফেন্দি রামলি।
ইমিগ্রেশন বিভাগ জানায়, অভিযান চলাকালে মোট ১ হাজার ৮৭ জনকে তল্লাশি করা হয়। এর মধ্যে ২ থেকে ৫৩ বছর বয়সী ২১৮ জন বিদেশি নাগরিককে বিভিন্ন ইমিগ্রেশন অপরাধে আটক করা হয়। তাঁদের বিরুদ্ধে বৈধ পরিচয়পত্র না থাকা, ভিসার শর্ত লঙ্ঘন, নির্ধারিত সময়ের বেশি অবস্থান এবং স্বীকৃত নয় এমন পরিচয়পত্র বহনের অভিযোগ আনা হয়েছে।
অভিযানের সময় কয়েকজন বিদেশি নাগরিক পালানোর চেষ্টা করলেও তাপ শনাক্তকারী ড্রোনের মাধ্যমে তাঁদের অবস্থান চিহ্নিত করে দ্রুত আটক করা হয়। এতে অভিযানের সফলতা বেড়েছে বলে জানান সংশ্লিষ্ট কর্মকর্তারা।
ইমিগ্রেশন বিভাগ আরও জানায়, ইমিগ্রেশন আইন ১৯৫৯/৬৩, পাসপোর্ট আইন ১৯৬৬, ইমিগ্রেশন বিধিমালা ১৯৬৩ এবং মানবপাচার ও অভিবাসী পাচারবিরোধী আইন ২০০৭-এর আওতায় এ ধরনের অভিযান নিয়মিত চলবে। অবৈধভাবে অবস্থানরত বিদেশিদের শনাক্ত, আটক, বিচার এবং নিজ নিজ দেশে ফেরত পাঠাতে সরকার কঠোর অবস্থান নিয়েছে।
আরও পড়ুন
আপনার ব্যবসার প্রসারে আমাদের জনপ্রিয় নিউজ ওয়েবসাইটে বিজ্ঞাপন দিন!
আপনার ব্যবসার প্রসারে আমাদের জনপ্রিয় নিউজ ওয়েবসাইটে বিজ্ঞাপন দিন!
সংবাদটি শেয়ার করুন
প্রিয়জন ও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
সোশ্যাল মিডিয়ায় সরাসরি শেয়ার:
লিংক কপি করুন:
ক্যামেরা দিয়ে স্ক্যান করে খবরটি মোবাইলে খুলুন