|
|
রবিবার, ০১ নভেম্বর, ২০২৬, ১৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সর্বস্বত্ব মুখপত্র কর্তৃক সংরক্ষিত

বিজ্ঞাপন | ব্যানার স্পট

আপনার ব্যবসার প্রসারে আমাদের জনপ্রিয় নিউজ ওয়েবসাইটে বিজ্ঞাপন দিন!

বিজ্ঞাপন দিন →

পাকিস্তানের হয়ে কাজ করতে ‘ভয়’ মুশতাকের, কেন এমন শঙ্কা?

নিউজ ডেস্ক

প্রকাশ : ০৭ সেপ্টেম্বর, ২০২৬, ০৯:৪৪ এএম
১১৭ পঠিত
00:00
00:00
পাকিস্তানের হয়ে কাজ করতে ‘ভয়’ মুশতাকের, কেন এমন শঙ্কা?
বাংলাদেশের স্পিন কোচ মুশতাক আহমেদ। পাকিস্তানের কোচিং নিয়ে আগ্রহ থাকলেও চাকরির নিরাপত্তা নিয়ে শঙ্কিত তিনি। ছবি: সংগৃহীত

পাকিস্তান ক্রিকেটের চলমান সংকটময় সময়ে জাতীয় দলের কোচিং স্টাফে কাজ করার আগ্রহ প্রকাশ করেছেন দেশটির সাবেক লেগ স্পিনার মুশতাক আহমেদ। তবে পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) বর্তমান পরিবেশে সম্মান ও চাকরির নিশ্চয়তা নিয়ে উদ্বেগ রয়েছে তার।

মুশতাক বর্তমানে বাংলাদেশ জাতীয় দলের স্পিন বোলিং কোচ হিসেবে দায়িত্ব পালন করছেন। এর আগে পাকিস্তান ক্রিকেট বোর্ড ও জাতীয় দলের বিভিন্ন দায়িত্বেও কাজ করেছেন তিনি।

পাকিস্তান দলের সাম্প্রতিক পারফরম্যান্স ও ব্যবস্থাপনা নিয়ে বেশ কিছুদিন ধরেই সমালোচনা চলছে। ইংল্যান্ড সফরে তিন ম্যাচের টেস্ট সিরিজের প্রথম দুই ম্যাচে বড় ব্যবধানে হারের পর দলের প্রধান কোচ ও বোলিং কোচকে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে। একই সময়ে সাত ক্রিকেটারকে দেশে ফেরত পাঠানো হয়। তাদের জায়গায় দলে নেওয়া সাতজনের মধ্যে পাঁচজনের এখনো টেস্ট খেলার অভিজ্ঞতা নেই।

এমন পরিস্থিতিতে পিসিবির সিদ্ধান্ত নিয়ে পাকিস্তানের সাবেক ক্রিকেটারদের অনেকেই প্রশ্ন তুলেছেন। সাবেক অধিনায়ক রামিজ রাজা ও শহীদ আফ্রিদিসহ বেশ কয়েকজন বোর্ডের সমালোচনা করেছেন।

বিবিসির ‘স্টাম্পড’ পডকাস্টে মুশতাক আহমেদ বলেন, দেশের বর্তমান পরিস্থিতিতে পাকিস্তানের হয়ে কাজ করার সুযোগ পেলে তিনি আগ্রহী। তবে কোচদের প্রতি যথাযথ সম্মান ও চাকরির নিরাপত্তা নিশ্চিত হওয়া প্রয়োজন বলে মনে করেন তিনি।

মুশতাকের ভাষ্য, দেশের হয়ে কাজ করতে তার কোনো আপত্তি নেই। কিন্তু আবেগের বশে নেওয়া সিদ্ধান্তের কারণে কোনো কোচকে হঠাৎ দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হলে সেখানে কাজ করতে ভয় তৈরি হয়। সফরের মাঝপথে কোচদের বরখাস্ত করার ঘটনাগুলোও তাকে উদ্বিগ্ন করে।

সিরিজ চলার সময় প্রধান কোচ সারফারাজ আহমেদ ও বোলিং কোচ উমার গুলকে সরিয়ে দেওয়ার বিষয়টিও তাকে হতাশ করেছে। তার মতে, অন্তত সিরিজ শেষ হওয়া পর্যন্ত অপেক্ষা করে এরপর কোচিং স্টাফ নিয়ে সিদ্ধান্ত নেওয়া হলে সেটি বেশি পেশাদার আচরণ হতো।

মুশতাক মনে করেন, পিসিবির ব্যবস্থাপনায় স্থিতিশীলতা ও সম্মানের পরিবেশ তৈরি করা গেলে পাকিস্তানের অনেক কোচই জাতীয় দলের জন্য কাজ করতে আগ্রহী হবেন।

তিনি বলেন, এই মুহূর্তে পাকিস্তানের খেলোয়াড়দের আত্মবিশ্বাস ফিরিয়ে আনা, তাদের সেরা পারফরম্যান্সে নিয়ে আসা এবং আন্তর্জাতিক ক্রিকেটে শক্তিশালী প্রতিপক্ষ হিসেবে গড়ে তোলার বড় সুযোগ রয়েছে।

পাকিস্তান দলের সঙ্গে এর আগেও কাজ করার অভিজ্ঞতা রয়েছে মুশতাক আহমেদের। ২০১৪ থেকে ২০১৬ সাল পর্যন্ত তিনি দলের বোলিং পরামর্শক ছিলেন। পরে ২০২০ সালে স্পিন বোলিং কোচ হিসেবে আবার জাতীয় দলের সঙ্গে যুক্ত হন এবং ২০২২ সাল পর্যন্ত দায়িত্ব পালন করেন। 

বিজ্ঞাপন | ব্যানার স্পট

আপনার ব্যবসার প্রসারে আমাদের জনপ্রিয় নিউজ ওয়েবসাইটে বিজ্ঞাপন দিন!

বিজ্ঞাপন দিন →