মিরপুর স্বাস্থ্যকেন্দ্রে হামলা: শাহআলী থানার ওসি প্রত্যাহার
নিউজ ডেস্ক
রাজধানীর মিরপুরে একটি স্বাস্থ্যকেন্দ্রে হামলা ও লুটপাটের ঘটনার পর শাহআলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর আলমকে প্রত্যাহার করা হয়েছে। একই সঙ্গে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) আরও চার থানার অপারেশন ও তদন্ত বিভাগের চার পরিদর্শককে বদলি করা হয়েছে।
রোববার (২৭ সেপ্টেম্বর) ডিএমপি কমিশনার মোসলেহ উদ্দিন আহমদের সই করা পৃথক অফিস আদেশে এসব বদলির নির্দেশ দেওয়া হয়।
নতুন দায়িত্ব অনুযায়ী, মিরপুর মডেল থানার তদন্ত কর্মকর্তা মো. রাজীব হোসেনকে শাহআলী থানার ওসি করা হয়েছে। এছাড়া লাইনওয়ারে থাকা পরিদর্শক মো. আল-আমিনকে ক্যান্টনমেন্ট থানার অপারেশন বিভাগে, ক্যান্টনমেন্ট থানার অপারেশন পরিদর্শক সুব্রত দেবনাথকে উত্তরখান থানার অপারেশন বিভাগে, মুগদা থানার তদন্ত কর্মকর্তা শিশির কুমার কর্মকারকে সূত্রাপুর থানার তদন্ত বিভাগে এবং লাইনওয়ারে থাকা পরিদর্শক মো. মমিনুল ইসলামকে মুগদা থানার তদন্ত কর্মকর্তা হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।
এর আগে শনিবার (২৬ সেপ্টেম্বর) এক আদেশে শাহআলী থানার ওসি জাহাঙ্গীর আলমকে ডিএমপির কেন্দ্রীয় সংরক্ষণ দপ্তরে সংযুক্ত করা হয়।
মিরপুর-১ এলাকার রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামলার ঘটনায় শনিবার ঘটনাস্থল পরিদর্শন করেন ডিএমপি কমিশনার মোসলেহ উদ্দিন আহমদ। এ সময় সাংবাদিকরা জানান, ভাঙচুরের সময় ঘটনাস্থলে পুলিশ উপস্থিত থাকলেও হামলা ঠেকানো যায়নি। এতে পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন ওঠে।
জবাবে ডিএমপি কমিশনার বলেন, এমন ঘটনা প্রতিরোধ করা পুলিশের দায়িত্বের মধ্যে পড়ে। পুলিশ ঘটনাটি জানার পর যথাসময়ে ঘটনাস্থলে পৌঁছেছিল কি না এবং দায়িত্ব পালনে কোনো ধরনের অবহেলা ছিল কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।
তিনি আরও জানান, ঘটনার তদন্তে দারুসসালাম এলাকার অতিরিক্ত উপ-পুলিশ কমিশনারকে প্রধান করে তিন সদস্যের কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে শনিবারের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছিল। তদন্ত প্রতিবেদনে কোনো পুলিশ সদস্যের দায়িত্বে অবহেলা বা গাফিলতির প্রমাণ পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
আরও পড়ুন
আপনার ব্যবসার প্রসারে আমাদের জনপ্রিয় নিউজ ওয়েবসাইটে বিজ্ঞাপন দিন!
আপনার ব্যবসার প্রসারে আমাদের জনপ্রিয় নিউজ ওয়েবসাইটে বিজ্ঞাপন দিন!
সংবাদটি শেয়ার করুন
প্রিয়জন ও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
সোশ্যাল মিডিয়ায় সরাসরি শেয়ার:
লিংক কপি করুন:
ক্যামেরা দিয়ে স্ক্যান করে খবরটি মোবাইলে খুলুন