|
|
রবিবার, ০১ নভেম্বর, ২০২৬, ১৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সর্বস্বত্ব মুখপত্র কর্তৃক সংরক্ষিত

বিজ্ঞাপন | ব্যানার স্পট

আপনার ব্যবসার প্রসারে আমাদের জনপ্রিয় নিউজ ওয়েবসাইটে বিজ্ঞাপন দিন!

বিজ্ঞাপন দিন →

এআই দিয়ে নারী সেনাসদস্য সেজে প্রেম, যুবক গ্রেফতার

নিউজ ডেস্ক

প্রকাশ : ২৮ সেপ্টেম্বর, ২০২৬, ০৯:৪১ এএম
৭৭ পঠিত
00:00
00:00
এআই দিয়ে নারী সেনাসদস্য সেজে প্রেম, যুবক গ্রেফতার
এআই দিয়ে নারী সেনাসদস্যের পরিচয়ে প্রতারণার অভিযোগে গ্রেফতার তোফায়েল আলম টিটু।-ছবি: সংগৃহীত

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে বাংলাদেশ সেনাবাহিনীর নারী সদস্যের পোশাক পরা ছবি ও ভিডিও তৈরি করে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারের অভিযোগ উঠেছে এক ব্যক্তির বিরুদ্ধে।

ওই পরিচয় ব্যবহার করে ইতালি প্রবাসী এক তরুণের সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তোলার পর বিভিন্ন কৌশলে প্রায় ৭ লাখ টাকা নেওয়া হয়েছে বলে জানিয়েছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। এ ঘটনায় তোফায়েল আলম টিটু (৩৫) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে।

পিবিআইয়ের তথ্য অনুযায়ী, ‘লেডি সোলজার/নারী যোদ্ধা’ নামে একটি ফেসবুক পেজের মাধ্যমে নারী পরিচয়ে ইতালি প্রবাসী শাহাদাত খানের সঙ্গে যোগাযোগ করেন টিটু। ওই পেজে সেনাবাহিনীর নারী সদস্যের পোশাক পরা ছবি ও ভিডিও ব্যবহার করা হতো। পরে নারীর মতো কণ্ঠে ফোন ও ইমোতে কথা বলে শাহাদাতের সঙ্গে প্রেমের সম্পর্ক তৈরি করা হয় বলে তদন্তে উঠে এসেছে।

পিবিআই ঢাকা জেলা জানায়, ভুক্তভোগী শাহাদাত খান (২২) কেরানীগঞ্জের বারিশুর বাঘবাড়ি এলাকার বাসিন্দা শাহনাজ বেগমের (৪৬) ছেলে। ফেসবুকের ওই পেজের মাধ্যমে শাহাদাতের সঙ্গে অভিযুক্তের পরিচয় হয়।

তদন্তে জানা যায়, সম্পর্ক তৈরি হওয়ার পর বিভিন্ন প্রয়োজনের কথা বলে শাহাদাত ও তার মায়ের কাছ থেকে বিকাশ এবং নগদের মাধ্যমে প্রায় ৭ লাখ টাকা নেওয়া হয়। এমনকি নিজের মায়ের অসুস্থতার কথাও জানিয়ে বিভিন্ন সময়ে টাকা নেওয়া হয়েছে বলে পিবিআই জানিয়েছে।

ঘটনার পর ভুক্তভোগীর মা আদালতে একটি সিআর মামলা করেন। মামলাটি তদন্তের সময় পিবিআই অর্থ লেনদেনসহ বিভিন্ন তথ্য সংগ্রহ করে। পরে ১০ সেপ্টেম্বর কেরানীগঞ্জ মডেল থানায় মামলা করা হয়। ১৩ সেপ্টেম্বর পিবিআই ঢাকা জেলা মামলাটির তদন্তভার নেয়।

তদন্তকারী কর্মকর্তা এসআই মো. মনজুর রহমান বিভিন্ন তথ্য-উপাত্ত ও নথি বিশ্লেষণ করে টিটুর সম্পৃক্ততার তথ্য পান। পরে ২০ সেপ্টেম্বর বিকেল ৩টা ৩৫ মিনিটে ঢাকার দারুস সালাম এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। এ সময় প্রতারণার কাজে ব্যবহৃত বিকাশ ও নগদের অ্যাকাউন্টের সিমসহ তিনটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

পিবিআইয়ের পক্ষ থেকে আরও জানানো হয়, ২১ সেপ্টেম্বর টিটুকে আদালতে হাজির করা হলে তার এক দিনের রিমান্ড মঞ্জুর হয়। রিমান্ড শেষে ২৩ সেপ্টেম্বর তিনি আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন বলে দাবি করেছে সংস্থাটি।

পিবিআইয়ের পুলিশ সুপার এম. এন. মোর্শেদ ২৭ সেপ্টেম্বর সংস্থাটির ঢাকা জেলা কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান।

তার ভাষ্য অনুযায়ী, টিটু নারীর মতো কণ্ঠে কথা বলতে পারেন। ফেসবুক মেসেঞ্জারে শাহাদাতের সঙ্গে যোগাযোগের পর ইমোতে নারীকণ্ঠে কথা বলে সম্পর্ক বজায় রাখতেন তিনি। ভুক্তভোগীর মায়ের সঙ্গেও যোগাযোগ করে বিভিন্ন সময়ে অর্থ নেওয়া হয়েছে বলে তদন্তে পাওয়া গেছে।

এদিকে পিবিআইয়ের পিসিপিআর যাচাইয়ে টিটুর বিরুদ্ধে কিশোরগঞ্জ আদালতে একটি সিআর মামলা থাকার তথ্য পাওয়া গেছে। ওই মামলার তদন্ত শেষে আদালত তার বিরুদ্ধে পরোয়ানা জারি করেছেন বলেও জানিয়েছে পিবিআই।

তদন্তকারী সংস্থাটি বলছে, প্রতারণার ঘটনায় টিটুর সঙ্গে আরও কেউ জড়িত ছিল কি না এবং নেওয়া অর্থের বিষয়ে অতিরিক্ত কোনো তথ্য পাওয়া যায় কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। এ বিষয়ে তদন্ত অব্যাহত রয়েছে। 

বিজ্ঞাপন | ব্যানার স্পট

আপনার ব্যবসার প্রসারে আমাদের জনপ্রিয় নিউজ ওয়েবসাইটে বিজ্ঞাপন দিন!

বিজ্ঞাপন দিন →