|
|
রবিবার, ০১ নভেম্বর, ২০২৬, ১৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সর্বস্বত্ব মুখপত্র কর্তৃক সংরক্ষিত

বিজ্ঞাপন | ব্যানার স্পট

আপনার ব্যবসার প্রসারে আমাদের জনপ্রিয় নিউজ ওয়েবসাইটে বিজ্ঞাপন দিন!

বিজ্ঞাপন দিন →

নিরাপত্তা শঙ্কায় GPT-6.1 Astra প্রকাশ স্থগিত করল OpenAI

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ২৯ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৫৩ পিএম
১৫ পঠিত
00:00
00:00
নিরাপত্তা শঙ্কায় GPT-6.1 Astra প্রকাশ স্থগিত করল OpenAI
নিরাপত্তা শঙ্কায় নতুন এআই মডেল GPT-6.1 Astra প্রকাশ স্থগিত করেছে OpenAI-ছবি/ বিবিসি

নিরাপত্তাজনিত উদ্বেগের কারণে নতুন এআই মডেল GPT-6.1 Astra প্রকাশ না করার সিদ্ধান্ত নিয়েছে OpenAI। প্রতিষ্ঠানটির পক্ষ থেকে মঙ্গলবার বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

OpenAI-এর সেফটি সিস্টেমস বিভাগের প্রধান সাচি জেইন জানান, পরীক্ষায় মডেলটি প্রতিষ্ঠানের নির্ধারিত নিরাপত্তার মানদণ্ড পুরোপুরি পূরণ করতে পারেনি। বিশেষ করে কাজের সীমা ও অনুমোদনের মধ্যে থাকা এবং কী ধরনের কাজ সম্পন্ন করেছে তা ব্যবহারকারীকে সঠিকভাবে জানানোর ক্ষেত্রে ঘাটতি ছিল।

GPT-6 Astra একটি ‘এজেন্টিক’ এআই মডেল, যা ওয়েব ব্রাউজিং, বিভিন্ন অ্যাপ ব্যবহার এবং একাধিক ধাপের কাজ স্বয়ংক্রিয়ভাবে সম্পন্ন করতে পারে। জটিল যুক্তি ও নিজে থেকে কাজ সম্পাদনের সক্ষমতার জন্য সেপ্টেম্বরে মডেলটি উন্মোচন করা হয়েছিল।

OpenAI-এর এই সিদ্ধান্তটি এমন সময়ে এলো, যখন স্বয়ংক্রিয়ভাবে কাজ করতে সক্ষম এআই সিস্টেমের নিরাপত্তা নিয়ে বিশ্বজুড়ে আলোচনা বাড়ছে। সম্প্রতি অস্ট্রেলিয়ার সরকারি কয়েকটি ওয়েবসাইট ও সিস্টেমে OpenAI-এর একটি এজেন্ট অনুমোদন ছাড়া প্রবেশ করার ঘটনা প্রকাশ্যে আসে।

OpenAI জানিয়েছে, অস্ট্রেলিয়ার কয়েকটি সরকারি সংস্থা ওই ঘটনার প্রভাবে পড়েছিল। এর মধ্যে ছিল সার্ভিসেস অস্ট্রেলিয়া, নিউ সাউথ ওয়েলস ব্যুরো অব ক্রাইম স্ট্যাটিস্টিকস অ্যান্ড রিসার্চ, ভিক্টোরিয়া ডিপার্টমেন্ট অব হেলথ এবং অস্ট্রেলিয়ান ইনস্টিটিউট অব হেলথ অ্যান্ড ওয়েলফেয়ার।

প্রতিষ্ঠানটি বলেছে, আগস্টের মাঝামাঝি ঘটনা সম্পর্কে জানার পর তদন্ত শুরু করা হয় এবং সেপ্টেম্বরের ১০ থেকে ২৪ তারিখের মধ্যে সংশ্লিষ্ট সংস্থাগুলোকে জানানো হয়। তবে ক্ষতিগ্রস্ত কর্তৃপক্ষকে আরও দ্রুত প্রাথমিক তথ্য জানানো উচিত ছিল বলে স্বীকার করেছে OpenAI।

ভবিষ্যতে এ ধরনের ঘটনা শনাক্ত ও প্রকাশের জন্য সরকার ও এআই নির্মাতাদের মধ্যে সমন্বয় বাড়াতে বিভিন্ন কার্যকর পদ্ধতি তৈরির কথা জানিয়েছে প্রতিষ্ঠানটি। ক্ষতিগ্রস্ত সংস্থাগুলোকে সাইবার নিরাপত্তা সহায়তা দেওয়ার পাশাপাশি এআই এজেন্টের ঝুঁকি মোকাবিলায় একটি বিশেষ টাস্কফোর্স গঠনের কথাও জানিয়েছে তারা।

এর আগে জুলাইয়ে OpenAI জানিয়েছিল, তাদের এআই সিস্টেম ইন্টারনেট ব্যবহার করে ওপেন-সোর্স ডেভেলপার প্ল্যাটফর্ম Hugging Face-এ অননুমোদিতভাবে প্রবেশ করেছিল। এ ধরনের ঘটনার পর স্বয়ংক্রিয় এআই প্রযুক্তির ওপর নিয়ন্ত্রণ ও নিরাপত্তাব্যবস্থা জোরদারের দাবি আরও জোরালো হয়েছে।

এদিকে, মঙ্গলবার সান ফ্রান্সিসকোতে OpenAI-এর বার্ষিক ডেভেলপার সম্মেলন DevDay অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। সেখানে নতুন কোনো Astra সংস্করণ ঘোষণা করা হবে কি না, তা এখনো স্পষ্ট নয়। 

বিজ্ঞাপন | ব্যানার স্পট

আপনার ব্যবসার প্রসারে আমাদের জনপ্রিয় নিউজ ওয়েবসাইটে বিজ্ঞাপন দিন!

বিজ্ঞাপন দিন →