ধর্ম-বর্ণের ঊর্ধ্বে অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার আহ্বান জিয়াউদ্দিন হায়দারের
মুখপত্র অনলাইন ডেস্ক
প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী ড. এস. এম. জিয়াউদ্দিন হায়দার বলেছেন, ‘আমরা এমন একটি বাংলাদেশ গড়ে তুলতে চাই, যেখানে মানুষের ধর্ম, বর্ণ, সামাজিক পরিচয় কিংবা জন্মস্থান তার সুযোগ ও সম্ভাবনাকে সীমাবদ্ধ করবে না। রাষ্ট্রের উন্নয়নের সুফল সমাজের মূলধারা থেকে পিছিয়ে পড়া প্রতিটি নাগরিকের কাছে পৌঁছে দেওয়া আমাদের দায়িত্ব।’ নড়াইলের আলোকপুর ও এগারোখান গ্রামে গত শুক্রবার থেকে শুরু হওয়া দুই দিনব্যাপী ঐতিহ্যবাহী লোকজ সাংস্কৃতিক উৎসবে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
সাংস্কৃতিক ঐতিহ্যের বিকাশ প্রসঙ্গে তিনি আরও বলেন, ‘দেশের সমৃদ্ধ লোকজ সংস্কৃতি ও সৃজনশীলতাকে কেবল বিনোদনের গণ্ডিতে আটকে রাখা যাবে না। এগুলোকে অর্থনৈতিক সম্পদে রূপান্তর করতে হবে, যা গ্রামীণ নারী, তরুণ ও সুবিধাবঞ্চিত মানুষের জন্য নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করবে। গ্রামীণ অর্থনীতি পুনরুজ্জীবন এবং স্থানীয় পর্যায়ে টেকসই উন্নয়নের অন্যতম চালিকাশক্তি হিসেবে একে ব্যবহার করতে হবে।’ তিনি বাংলাদেশের গ্রাম, নদী ও বৈচিত্র্যময় লোকশিল্পের মাঝে দেশের প্রকৃত শক্তি নিহিত রয়েছে বলেও মন্তব্য করেন।
মতুয়া সম্প্রদায়ের সামাজিক ও অর্থনৈতিক পরিস্থিতির ওপর গুরুত্বারোপ করে ড. জিয়াউদ্দিন বলেন, ‘একটি গণতান্ত্রিক ও মানবিক রাষ্ট্রের প্রধান দায়িত্বই হলো প্রতিটি নাগরিকের সমান মর্যাদা, নিরাপত্তা ও অধিকার নিশ্চিত করা। বাংলাদেশ কোনো নির্দিষ্ট ধর্ম বা শ্রেণির মানুষের দেশ নয়; বরং হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিষ্টানসহ সব মতের মানুষের সমান অংশগ্রহণে গড়ে ওঠা এই দেশ আমাদের সবার।’ তিনি আরও যোগ করেন, সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে সঙ্গে নিয়েই প্রকৃত সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণ সম্ভব।
স্থানীয় মতুয়া সম্প্রদায়ের উদ্যোগে ও বাংলাদেশ পর্যটন করপোরেশনের সহায়তায় আয়োজিত এই উৎসবে বিশেষ অতিথি হিসেবে নড়াইল-১ আসনের সংসদ সদস্য মো. জাহাঙ্গীর, হাবিবা মাহমুদা, আরলি এবং ফারহানা হক উপস্থিত ছিলেন। আয়োজনে গ্রামবাংলার ঐতিহ্যবাহী মেলার পাশাপাশি নৌকাবাইচ, লোকসংগীত, সারিগান, নৃত্য এবং ঐতিহ্যবাহী যাত্রাপালার মতো মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়, যা দর্শকদের মধ্যে বিপুল উৎসাহের সৃষ্টি করে।
আরও পড়ুন
আপনার ব্যবসার প্রসারে আমাদের জনপ্রিয় নিউজ ওয়েবসাইটে বিজ্ঞাপন দিন!
আপনার ব্যবসার প্রসারে আমাদের জনপ্রিয় নিউজ ওয়েবসাইটে বিজ্ঞাপন দিন!
সংবাদটি শেয়ার করুন
প্রিয়জন ও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
সোশ্যাল মিডিয়ায় সরাসরি শেয়ার:
লিংক কপি করুন:
ক্যামেরা দিয়ে স্ক্যান করে খবরটি মোবাইলে খুলুন