|
|
সোমবার, ০৯ নভেম্বর, ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সর্বস্বত্ব মুখপত্র কর্তৃক সংরক্ষিত

বিজ্ঞাপন | ব্যানার স্পট

আপনার ব্যবসার প্রসারে আমাদের জনপ্রিয় নিউজ ওয়েবসাইটে বিজ্ঞাপন দিন!

বিজ্ঞাপন দিন →

ডিসেম্বরেই দেশে ফেরার জোর প্রস্তুতি: দিল্লিতে নতুন পাসপোর্টের আবেদন শেখ হাসিনার

এস এম রাসেল আহমেদ

প্রকাশ : ০৯ নভেম্বর, ২০২৬, ১০:৫৪ এএম
৬১১ পঠিত
00:00
00:00
ডিসেম্বরেই দেশে ফেরার জোর প্রস্তুতি: দিল্লিতে নতুন পাসপোর্টের আবেদন শেখ হাসিনার
বাংলাদেশে প্রত্যাবর্তনের লক্ষ্যে নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) আবেদন করেছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ভারতে নির্বাসনে থাকা শেখ হাসিনার পক্ষ থেকে সোমবার (৯ নভেম্বর) এ আবেদন করা হয়। ২০২৪ সালে গণঅভ্যুত্থানের মুখে দেশত্যাগের পর ঢাকার সঙ্গে এটিই তাঁর প্রথম কোনো আনুষ্ঠানিক যোগাযোগ। বার্তা সংস্থা রয়টার্সের পর্যালোচিত একটি চিঠির সূত্রে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে।

দুই বছরের বেশি সময় ধরে ভারতে অবস্থানরত শেখ হাসিনার আগামী ডিসেম্বরে দেশে ফেরার পরিকল্পনার ক্ষেত্রে এটি সবচেয়ে স্পষ্ট পদক্ষেপ। তবে তাঁর এই প্রত্যাবর্তনের উদ্যোগ এমন এক সময়ে সামনে এল, যখন বাংলাদেশে তাঁর দল আওয়ামী লীগ নিষিদ্ধ। বিশ্লেষকদের মতে, তাঁর এই পদক্ষেপ দেশে নতুন করে রাজনৈতিক ও আইনি উত্তাপ তৈরি করতে পারে।

এর আগে রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে শেখ হাসিনা দেশে ফিরে আইনি প্রক্রিয়ার মুখোমুখি হওয়ার আগ্রহ প্রকাশ করেছিলেন। সোমবার তাঁর ঘনিষ্ঠ সূত্রগুলো জানায়, প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন হলেই তাঁর দেশে ফেরার সুনির্দিষ্ট তারিখ ঘোষণা করা হবে। উল্লেখ্য, ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে প্রাণঘাতী দমনপীড়ন চালানোর অভিযোগে গত বছরের নভেম্বরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তাঁকে অনুপস্থিতিতে মৃত্যুদণ্ডাদেশ দেন। তবে নির্বাসনে থাকা সাবেক এই প্রধানমন্ত্রী তাঁর বিরুদ্ধে আনীত সকল অভিযোগ বরাবরই অস্বীকার করে আসছেন।

নয়াদিল্লিতে নিযুক্ত বাংলাদেশের ভারপ্রাপ্ত হাইকমিশনার প্রীতি রহমানের কাছে পাঠানো এক চিঠিতে শেখ হাসিনার আইনি প্রতিনিধিত্বকারী প্রতিষ্ঠান লন্ডনের ‘ম্যাট্রিক্স চেম্বার্স’-এর আইনজীবীরা জানান, "অন্তর্বর্তীকালীন সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কর্তৃক আমাদের মক্কেলের বিদ্যমান পাসপোর্ট এবং এনআইডি বাতিলের খবরের প্রেক্ষিতে, আমরা বিনীত অনুরোধ জানাচ্ছি যে, তাঁর অনুকূলে নতুন পাসপোর্ট ও এনআইডি ইস্যু করার প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হোক।"

চিঠিতে আন্তর্জাতিক মানবাধিকার সনদের বাধ্যবাধকতা এবং বাংলাদেশি নাগরিকত্বের অধিকারের কথা উল্লেখ করে আবেদনটি ‘অত্যন্ত দ্রুততার সঙ্গে’ নিষ্পত্তির আহ্বান জানানো হয়।

এ বিষয়ে নয়াদিল্লিতে নিযুক্ত বাংলাদেশের ভারপ্রাপ্ত হাইকমিশনার প্রীতি রহমান এবং ঢাকায় প্রধানমন্ত্রী তারেক রহমানের কার্যালয়ের মুখপাত্রদের সঙ্গে যোগাযোগ করা হলেও তাৎক্ষণিকভাবে তাঁদের কোনো মন্তব্য পাওয়া যায়নি।

ক্ষমতাচ্যুতির আগে শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ ছিল দেশের অন্যতম বৃহৎ রাজনৈতিক দল, যা পরবর্তীতে নিষিদ্ধ ঘোষণা করা হয়। বর্তমানে দলটির বিপুলসংখ্যক নেতাকর্মী কারাবন্দী এবং অনেকেই ভারতসহ বিভিন্ন দেশে আত্মগোপন বা নির্বাসিত জীবনযাপন করছেন।

দীর্ঘ দুই দশক দেশ শাসন করা শেখ হাসিনার প্রতি এখনও দেশের একটি নির্দিষ্ট অংশের সমর্থন রয়েছে। ফলে, দুই বছরের অস্থিতিশীলতা কাটিয়ে দেশে যখন স্বাভাবিক অবস্থা ফিরিয়ে আনার প্রক্রিয়া চলমান, ঠিক তখনই তাঁর এই সম্ভাব্য প্রত্যাবর্তন রাজনৈতিক বিভেদকে আরও ঘনীভূত করতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। অন্যদিকে, তাঁকে আশ্রয় দেওয়াকে কেন্দ্র করে নয়াদিল্লির সঙ্গে ঢাকার যে কূটনৈতিক টানাপোড়েন সৃষ্টি হয়েছিল, তাঁর প্রত্যাবর্তনের মধ্য দিয়ে তার অবসান ঘটারও সম্ভাবনা দেখছেন বিশ্লেষকরা।
বিজ্ঞাপন | ব্যানার স্পট

আপনার ব্যবসার প্রসারে আমাদের জনপ্রিয় নিউজ ওয়েবসাইটে বিজ্ঞাপন দিন!

বিজ্ঞাপন দিন →