চোরাই গরু জবাইয়ের অভিযোগে বৌভাত পণ্ড, বরের বাবা কারাগারে
নিউজ ডেস্ক
গাইবান্ধার গোবিন্দগঞ্জে ছেলের বৌভাতের অনুষ্ঠানের জন্য জবাই করা গরুটি চোরাই বলে অভিযোগ ওঠায় বিয়ে বাড়িতে উত্তেজনা ও মারামারির ঘটনা ঘটেছে। এ ঘটনায় বরের বাবা রফিকুল ইসলামকে আটক করে কারাগারে পাঠিয়েছে পুলিশ।
শনিবার উপজেলার কামারদহ ইউনিয়নের বকশিচর গ্রামে এ ঘটনা ঘটে। রোববার বিকালে আদালতের মাধ্যমে রফিকুল ইসলামকে গাইবান্ধা জেলা কারাগারে পাঠানো হয় বলে জানিয়েছেন গোবিন্দগঞ্জ থানার ওসি মাহফুজ আলম।
পুলিশ ও স্থানীয়রা জানান, শুক্রবার রফিকুল ইসলামের ছেলে সোহান মিয়ার সঙ্গে একই উপজেলার রুদ্রনগর গ্রামের আইয়ুব আলীর মেয়ের বিয়ে হয়। পরদিন ছেলের বৌভাত উপলক্ষে বাড়িতে বড় আয়োজন করা হয়। ভোরে একটি গরু জবাই করে রান্নার প্রস্তুতিও চলছিল।
এর মধ্যে গরুটি চোরাই বলে দাবি করেন এক ব্যক্তি। পরে বৌভাতের আয়োজন ভণ্ডুল হয়ে যায় এবং বিয়ে বাড়িতে থাকা অনেকে সেখান থেকে চলে যান। পুলিশ ঘটনাস্থলে গিয়ে বরের বাবা রফিকুল ইসলামকে আটক করে। একই সঙ্গে জবাই করা গরুর মাথা, চামড়া, মাংস, ভুঁড়ি ও পা জব্দ করা হয়।
গরুর মালিক হিসেবে দাবি করা পূর্ব মাস্তা গ্রামের শহিদুল ইসলাম জানান, শুক্রবার রাত ৩টার দিকে ঘুম থেকে উঠে তিনি দেখতে পান, বাড়ির মূল ফটকের তালা ভাঙা এবং গোয়ালঘরের দরজা খোলা। পরে গোয়ালে গিয়ে দেখতে পান, লক্ষাধিক টাকা মূল্যের তার কালো রঙের গাভিটি নেই।
পরে ভাতিজা আনোয়ারুল ইসলামকে সঙ্গে নিয়ে গরুটির সন্ধানে বের হন শহিদুল। গরুর পায়ের দাগ অনুসরণ করে তারা বকশিচর গ্রামের রফিকুল ইসলামের বাড়িতে পৌঁছান। সেখানে বৌভাতের জন্য একটি গরু জবাই করে মাংস কাটতে দেখেন তারা।
শহিদুলের দাবি, গরুটির মাথা ও চামড়া দেখে তিনি সেটিকে নিজের চুরি যাওয়া গাভি হিসেবে শনাক্ত করেন। এ নিয়ে দুই পক্ষের মধ্যে কথা কাটাকাটির একপর্যায়ে বিয়ে বাড়ির লোকজন তার ভাতিজা আনোয়ারুল ইসলামকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করেন বলে অভিযোগ করেন তিনি।
পুলিশ জানায়, আহত আনোয়ারুলকে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি মামলা হয়েছে।
ওসি মাহফুজ আলম বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে রফিকুল ইসলাম জানিয়েছেন, বৌভাতের জন্য তিনি এক ব্যক্তির কাছ থেকে গরুটি কম দামে কিনেছিলেন। গরুটি চোরাই ছিল কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে।
আরও পড়ুন
আপনার ব্যবসার প্রসারে আমাদের জনপ্রিয় নিউজ ওয়েবসাইটে বিজ্ঞাপন দিন!
আপনার ব্যবসার প্রসারে আমাদের জনপ্রিয় নিউজ ওয়েবসাইটে বিজ্ঞাপন দিন!
সংবাদটি শেয়ার করুন
প্রিয়জন ও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
সোশ্যাল মিডিয়ায় সরাসরি শেয়ার:
লিংক কপি করুন:
ক্যামেরা দিয়ে স্ক্যান করে খবরটি মোবাইলে খুলুন