|
|
রবিবার, ০১ নভেম্বর, ২০২৬, ১৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সর্বস্বত্ব মুখপত্র কর্তৃক সংরক্ষিত

বিজ্ঞাপন | ব্যানার স্পট

আপনার ব্যবসার প্রসারে আমাদের জনপ্রিয় নিউজ ওয়েবসাইটে বিজ্ঞাপন দিন!

বিজ্ঞাপন দিন →

পাইলটের নিয়ন্ত্রণ ছাড়াই যুক্তরাষ্ট্রজুড়ে প্লেন ওড়াল জবি

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ২১ সেপ্টেম্বর, ২০২৬, ০৭:৩৪ পিএম
৫২ পঠিত
00:00
00:00
পাইলটের নিয়ন্ত্রণ ছাড়াই যুক্তরাষ্ট্রজুড়ে প্লেন ওড়াল জবি
মানব নিয়ন্ত্রণ ছাড়াই যুক্তরাষ্ট্রজুড়ে উড়ল জবির বিমান।-ছবি: জবি এভিয়েশন

মানব নিয়ন্ত্রণ ছাড়াই যুক্তরাষ্ট্রের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে একটি বিমান স্বয়ংক্রিয়ভাবে উড়িয়ে নতুন নজির স্থাপনের দাবি করেছে এয়ার ট্যাক্সি নির্মাতা প্রতিষ্ঠান জবি এভিয়েশন।

প্রতিষ্ঠানটির নিজস্ব স্বয়ংক্রিয় ফ্লাইট প্রযুক্তি সংযুক্ত করে একটি পরিবর্তিত ‘সেসনা ক্যারাভান’ বিমান ব্যবহার করে এই পরীক্ষা চালানো হয়।

প্রযুক্তিবিষয়ক সংবাদমাধ্যম এনগ্যাজেটের প্রতিবেদনে বলা হয়েছে, ক্যালিফোর্নিয়ার বুকানন ফিল্ড এয়ারপোর্ট থেকে যাত্রা শুরু করে বিমানটি নর্থ ক্যারোলাইনার আউটার ব্যাংকস এলাকার ডেরে কাউন্টি রিজিওনাল এয়ারপোর্টে পৌঁছায়। এই যাত্রায় বিমানটি প্রায় ৫ হাজার ১৪৮ কিলোমিটার পথ অতিক্রম করে।

জবি এভিয়েশনের ভাষ্য, বিমানটিতে তাদের স্বয়ংক্রিয় উড্ডয়ন ব্যবস্থা এমনভাবে সংযোজন করা হয়েছিল, যাতে বোর্ডে থাকা নিরাপত্তা পাইলটের কোনো নির্দেশনা ছাড়াই বিমানটি নিজে ট্যাক্সি করা, আকাশে ওঠা, নির্দিষ্ট উচ্চতায় উড়ে চলা এবং অবতরণ করতে পারে।

পরীক্ষার সময় বিমানে একজন মানব পর্যবেক্ষক ছিলেন। তবে ক্যালিফোর্নিয়ায় জবির সদর দপ্তর এবং সাউথ ক্যারোলাইনার শ’ এয়ার ফোর্স বেইস থেকে দূরবর্তীভাবে পুরো ফ্লাইট পর্যবেক্ষণ করা হয়।

পূর্বমুখী যাত্রা শেষ করার পর বিমানটি এবার পশ্চিমমুখী পথে ফেরার পরিকল্পনা রয়েছে। এ সময় নর্থ ক্যারোলাইনার র‍্যালি, সল্টলেক সিটি এবং অরেগনের পোর্টল্যান্ডসহ কয়েকটি স্থানে বিরতি নেওয়ার কথা জানিয়েছে জবি।

এয়ার ট্যাক্সি থেকে স্বয়ংক্রিয় উড্ডয়ন

জবি এভিয়েশন মূলত সম্পূর্ণ বৈদ্যুতিক ও পাইলটচালিত এয়ার ট্যাক্সি তৈরির জন্য পরিচিত। গত এপ্রিল মাসে নিউইয়র্ক সিটিতে প্রতিষ্ঠানটি এসব এয়ার ট্যাক্সির পরীক্ষামূলক কার্যক্রম প্রদর্শন শুরু করে। চলতি বছরের শেষ দিকে যাত্রী পরিবহনে এগুলো চালুর পরিকল্পনাও রয়েছে।

তবে নতুন স্বয়ংক্রিয় উড্ডয়ন পরীক্ষার মাধ্যমে শহরের অভ্যন্তরীণ যাতায়াতের বাইরেও প্রযুক্তিটির সম্ভাব্য ব্যবহার দেখাতে চাইছে প্রতিষ্ঠানটি।

জবির দাবি, তাদের স্বয়ংক্রিয় ফ্লাইট প্রযুক্তি প্রচলিত বিভিন্ন ধরনের বিমানে সংযোজন করা সম্ভব। এর মাধ্যমে বাণিজ্যিক পণ্য পরিবহন, জরুরি পরিস্থিতিতে দ্রুত সহায়তা পৌঁছে দেওয়া এবং সামরিক সরঞ্জাম পরিবহনের মতো কাজেও প্রযুক্তিটি ব্যবহার করা যেতে পারে।

বিজ্ঞাপন | ব্যানার স্পট

আপনার ব্যবসার প্রসারে আমাদের জনপ্রিয় নিউজ ওয়েবসাইটে বিজ্ঞাপন দিন!

বিজ্ঞাপন দিন →