আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ১৯:৫০, ৬ ফেব্রুয়ারি ২০২৬
ছবি: সংগ্রহীত
পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে একটি শিয়া মসজিদে শক্তিশালী বিস্ফোরণের ঘটনায় অন্তত ৩১ জন প্রাণ হারিয়েছেন। এতে শতাধিক মুসল্লি আহত হয়েছেন বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন।
শুক্রবার (৬ ফেব্রুয়ারি) জুমার নামাজ চলাকালে দক্ষিণ-পূর্ব ইসলামাবাদের তারলাই কালান এলাকার খাদিজা তুল কুবরা মসজিদে এ বিস্ফোরণ ঘটে। নামাজরত মুসল্লিদের ভিড়ের মধ্যেই বিস্ফোরণটি হওয়ায় হতাহতের সংখ্যা বেড়ে যায়।
একজন ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তা জানান, প্রাথমিক তদন্তে এটিকে আত্মঘাতী হামলা বলে ধারণা করা হচ্ছে। তবে বিস্ফোরণের সুনির্দিষ্ট কারণ নিশ্চিত হতে তদন্ত চলছে। তিনি বলেন, আইনশৃঙ্খলা বাহিনী ঘটনাস্থলে কাজ করছে এবং বিস্তারিত যাচাই করা হচ্ছে।
নিরাপত্তা সূত্রের দাবি, মসজিদের প্রবেশপথে দায়িত্বরত নিরাপত্তাকর্মীরা সন্দেহভাজন ব্যক্তিকে থামানোর চেষ্টা করলে সে নিজেকে বিস্ফোরণ ঘটায়।
ইসলামাবাদ প্রশাসনের দেওয়া তথ্যে জানা গেছে, উদ্ধার তৎপরতার সময় মোট ১৬৯ জনকে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে অনেকের অবস্থা গুরুতর।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে মসজিদের ভেতরে রক্তাক্ত মরদেহ, ভাঙা কাচ ও ছড়িয়ে থাকা ধ্বংসাবশেষের দৃশ্য দেখা গেছে, যা ভয়াবহতার চিত্র তুলে ধরেছে।
এই ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। তিনি নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানান এবং আহতদের সর্বোচ্চ চিকিৎসা নিশ্চিত করার নির্দেশ দেন।
উল্লেখ্য, এর আগেও ইসলামাবাদে একাধিক ভয়াবহ হামলার ঘটনা ঘটেছে। গত বছরের নভেম্বরে জেলা জুডিশিয়াল কমপ্লেক্সের প্রবেশপথে আত্মঘাতী হামলায় অন্তত ১২ জন নিহত হন। এছাড়া ২০০৮ সালের সেপ্টেম্বরে ম্যারিয়ট হোটেলে সংঘটিত আত্মঘাতী হামলায় প্রাণ যায় অন্তত ৬৩ জনের, আহত হন আরও আড়াই শতাধিক মানুষ।
সূত্র: আল জাজিরা
ব্রেকিং