নিউজ ডেস্ক
প্রকাশ: ১০:২১, ১৮ জানুয়ারি ২০২৬
ছবি: সংগ্রহীত
টি–টোয়েন্টি বিশ্বকাপ ঘিরে তৈরি হওয়া জটিলতায় নিজেদের অবস্থান স্পষ্ট করেছে ক্রিকেট আয়ারল্যান্ড। সংস্থাটি জানিয়েছে, তারা ভারতে গিয়ে কোনো ম্যাচ খেলবে না। পাশাপাশি আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) নিশ্চিত করেছে যে আয়ারল্যান্ডের নির্ধারিত ম্যাচগুলো শ্রীলঙ্কা থেকেই সরানো হবে না।
ক্রিকেট আয়ারল্যান্ডের এক কর্মকর্তা গণমাধ্যমকে জানান, আইসিসির কাছ থেকে তারা স্পষ্ট আশ্বাস পেয়েছেন যে সূচিতে কোনো পরিবর্তন আসছে না। ফলে গ্রুপ পর্বের সব ম্যাচ শ্রীলঙ্কাতেই খেলবে আয়ারল্যান্ড।
টি–টোয়েন্টি বিশ্বকাপে আয়ারল্যান্ড রয়েছে গ্রুপ ‘সি’-তে। এই গ্রুপে তাদের সঙ্গে আছে সহ–আয়োজক শ্রীলঙ্কা, অস্ট্রেলিয়া, জিম্বাবুয়ে ও ওমান। অন্যদিকে বাংলাদেশ রয়েছে গ্রুপ ‘বি’-তে, যেখানে আরও আছে ওয়েস্ট ইন্ডিজ, ইংল্যান্ড, নেপাল ও ইতালি। বাংলাদেশের গ্রুপের ম্যাচ আয়োজনের কথা রয়েছে ভারতের কলকাতা ও মুম্বাইয়ে।
বর্তমান পরিস্থিতিতে বাংলাদেশ ভারত সফরে যেতে অনিচ্ছুক হওয়ায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) আইসিসির কাছে গ্রুপ পরিবর্তনের প্রস্তাব দেয়। শনিবার ঢাকায় আইসিসির প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে বিষয়টি নিয়ে আলোচনা হয়। বিসিবির পক্ষ থেকে জানানো হয়, কম লজিস্টিক পরিবর্তনের মাধ্যমে সমস্যার সমাধান হিসেবে বাংলাদেশকে অন্য গ্রুপে নেওয়ার সম্ভাবনাও আলোচনায় এসেছে।
তবে এই প্রস্তাবে আইসিসি কিংবা আয়ারল্যান্ড কেউই সন্তুষ্ট হয়নি। ফলে আয়ারল্যান্ডের অবস্থান পরিবর্তনের সম্ভাবনা আপাতত নেই।
ঢাকায় অনুষ্ঠিত বৈঠকে আইসিসির পক্ষে উপস্থিত ছিলেন অ্যান্ড্রু এফগ্রেভ। ভিসা জটিলতার কারণে গৌরব সাক্সেনা সরাসরি আসতে না পারলেও অনলাইনে যুক্ত হন। বিসিবির পক্ষে ছিলেন সভাপতি মো. আমিনুল ইসলাম, সহসভাপতি মো. শাখাওয়াত হোসেন ও ফারুক আহমেদ, ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান নাজমুল আবেদীন এবং সিইও নিজাম উদ্দিন চৌধুরী।
বৈঠক শেষে বিসিবি জানায়, বিষয়টি নিয়ে ভবিষ্যতেও গঠনমূলক আলোচনা চালিয়ে যাওয়ার বিষয়ে সবাই একমত হয়েছে। উল্লেখ্য, ভারত ও শ্রীলঙ্কার যৌথ আয়োজনে টি–টোয়েন্টি বিশ্বকাপ শুরু হবে ৭ ফেব্রুয়ারি এবং শেষ হবে ৮ মার্চ।
ব্রেকিং