চেলসিকে হারিয়ে শিরোপার দৌড়ে আর্সেনালের বড় বার্তা

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১০:০৭, ৭ সেপ্টেম্বর ২০২৬

চেলসিকে হারিয়ে শিরোপার দৌড়ে আর্সেনালের বড় বার্তা

চেলসির বিপক্ষে আর্সেনালের জয়সূচক গোলের পর অধিনায়ক মার্টিন ওডেগার্ডের উচ্ছ্বাস /ছবি: আল জাজিরা

চেলসির সম্ভাব্য শিরোপাপ্রত্যাশী হয়ে ওঠার জবাবটা বেশ জোরালোভাবেই দিল আর্সেনাল। রোববার এমিরেটস স্টেডিয়ামে লন্ডন ডার্বিতে ২-১ গোলে চেলসিকে হারিয়ে তাদের অপরাজিত যাত্রায় ছেদ টেনেছে আর্সেনাল।

ম্যাচের শুরুতেই ধাক্কা খায় মিকেল আর্তেতার দল। মাত্র দ্বিতীয় মিনিটে মর্গান রজার্সের গোলে এগিয়ে যায় চেলসি। তবে দ্রুত ঘুরে দাঁড়িয়ে প্রথমার্ধের মাঝামাঝি সময়ে সাবেক ক্লাবের বিপক্ষে গোল করে আর্সেনালকে সমতায় ফেরান কাই হাভার্টজ। বিরতির পর ৫০তম মিনিটে মার্টিন ওডেগার্ডের গোলে জয় নিশ্চিত করে গানাররা।

এই জয়ে লিগে টানা তিন ম্যাচে জয় পেল আর্সেনাল। তিন ম্যাচে পূর্ণ ৯ পয়েন্ট নিয়ে তারা গোল ব্যবধানে পিছিয়ে ম্যানচেস্টার সিটির পর দ্বিতীয় অবস্থানে রয়েছে।

বর্তমান চ্যাম্পিয়নদের এই জয় আবারও দেখিয়ে দিয়েছে, শিরোপা ধরে রাখার দৌড়ে তারা কতটা শক্তিশালী। ১৯৩০-এর দশকের পর প্রথমবার টানা দুই মৌসুমে লিগ শিরোপা জয়ের লক্ষ্য নিয়েই এগোচ্ছে আর্তেতার দল।

অন্যদিকে চেলসির কোচ হিসেবে দায়িত্ব নেওয়ার পর সব প্রতিযোগিতা মিলিয়ে টানা তিন জয়ের পর প্রথম হারের স্বাদ পেলেন জাবি আলোনসো। ২০১৭ সালের পর প্রথমবার প্রিমিয়ার লিগ শিরোপা জয়ের অপেক্ষা শেষ করতে চেলসিকে এখনও অনেক পথ পাড়ি দিতে হবে।

ম্যাচে চেলসির রক্ষণভাগের দুর্বলতাও স্পষ্ট হয়েছে। পাশাপাশি ফুলহ্যাম, লুটন ও ব্রাইটনের বিপক্ষে বড় জয় পাওয়া তাদের আক্রমণভাগ আর্সেনালের শক্ত রক্ষণভাগের সামনে নিজেদের সেভাবে মেলে ধরতে পারেনি।

আর্তেতা ও আলোনসোর পরিচয় অবশ্য বহু পুরোনো। স্পেনের বাস্ক অঞ্চলে শৈশব থেকেই তারা একে অপরকে চেনেন। তবে শৈশবে সান সেবাস্তিয়ানের বেরিও এলাকায় কাঁকর বিছানো মাঠে তাদের উত্তেজনাপূর্ণ ম্যাচও হয়তো উত্তর লন্ডনের রোববারের উত্তাপের তুলনায় শান্ত ছিল।

চলতি মৌসুমের দলবদলে অ্যাস্টন ভিলা থেকে রজার্সকে দলে নিতে আর্সেনালের সঙ্গে লড়াইয়ে জয়ী হয়েছিল চেলসি। ইংলিশ মিডফিল্ডারের জন্য চেলসি ১১ কোটি ৭০ লাখ পাউন্ডের প্রস্তাব দিলেও আর্সেনাল সেই অঙ্কে যেতে রাজি হয়নি। ফলে রজার্সকে দলে নেয় চেলসি।

দলের হয়ে তার গুরুত্বের প্রমাণ ম্যাচের শুরুতেই দেন রজার্স। মাত্র ৭৭ সেকেন্ডে গোল করে চেলসিকে এগিয়ে দেন তিনি। রিস জেমসের উঁচু করে দেওয়া বল আর্সেনালের ডেকলান রাইস ও ওডেগার্ড কেউই ঠিকভাবে ক্লিয়ার করতে পারেননি। সুযোগ পেয়ে বক্সের বাইরে থেকে নিচু শটে ডেভিড রায়াকে পরাস্ত করেন রজার্স।

এটি চলতি মৌসুমে আর্সেনালের হজম করা প্রথম গোল।

তবে চেলসির তিন সদস্যের কেন্দ্রীয় রক্ষণভাগ আবারও ভুলের খেসারত দেয়। ২৫তম মিনিটে ডান দিক থেকে বক্সের দিকে এগিয়ে আসা হাভার্টজকে আটকাতে ব্যর্থ হন জোরেল হাটো। এরপর জার্মান ফরোয়ার্ডের নিচু শট ম্যাক্সেন্স লাক্রোয়ার পায়ের ফাঁক দিয়ে জালে জড়ায়।

চেলসির গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেজের দুর্বল প্রতিরোধও গোল ঠেকাতে পারেনি। ভুলের জন্য সমালোচিত রবার্ট সানচেজের বিকল্প হিসেবে অ্যাস্টন ভিলা থেকে তাকে আনা হলেও এই ম্যাচে তার পারফরম্যান্স খুব একটা স্বস্তি দিতে পারেনি।

বিরতির ঠিক আগে আবারও এগিয়ে যাওয়ার সুযোগ পেয়েছিল চেলসি। তবে পেদ্রো নেতোর শট পোস্টে লেগে ফিরে আসে।

দ্বিতীয়ার্ধে অবশ্য আর্সেনাল নিজেদের সুযোগ কাজে লাগাতে আরও বেশি কার্যকর ছিল। ৫০তম মিনিটে দুর্দান্ত এক আক্রমণে গোল করে এগিয়ে যায় তারা।

ক্লাব ব্রুজ থেকে মৌসুম শুরুর আগে আর্সেনালে যোগ দেওয়া ক্রিস্তোস তজোলিস শুরু থেকেই নজর কেড়েছেন। তার চমৎকার পাস চেলসির রক্ষণভাগ ভেঙে হাভার্টজের কাছে পৌঁছে যায়। হাভার্টজ বুদ্ধিদীপ্তভাবে বল ছেড়ে দিলে সেটি ওডেগার্ডের সামনে চলে আসে। ১০ গজ দূর থেকে ঠান্ডা মাথায় বল জালে পাঠান আর্সেনাল অধিনায়ক।

এরপর রাইসের সঙ্গে রজার্সের উত্তপ্ত বাক্যবিনিময়ের সময় আর্সেনাল সমর্থকেরা রজার্সকে উদ্দেশ করে ব্যঙ্গাত্মক স্লোগান দেন।

চেলসির সামনে সমতায় ফেরার সুযোগ এসেছিল। কিন্তু ভালো অবস্থান থেকে মালো গুস্তোর শট ক্রসবারের ওপর দিয়ে চলে যায়। ম্যাচের শেষ দিকে এস্তেভাও উইলিয়ানের জোরালো শটও দারুণভাবে ঠেকিয়ে দেন রায়া।

ম্যাচ শেষে স্কাই স্পোর্টসকে ওডেগার্ড বলেন, এই ম্যাচটি তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল।

তিনি বলেন, শক্তিশালী প্রতিপক্ষের বিপক্ষে ম্যাচটি কঠিন ছিল। শুরুতেই গোল হজম করা আদর্শ পরিস্থিতি নয়, তবে দলের প্রতিক্রিয়া ছিল দুর্দান্ত। আরও কয়েকটি গোল করার সুযোগ তারা পেয়েছিল এবং শেষ পর্যন্ত তার পুরস্কারও মিলেছে। তার মতে, এটি ছিল আর্সেনালের অসাধারণ একটি পারফরম্যান্স।
 

সূত্র: আল জাজিরা

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন