ইসলামী আন্দোলনের ২২ নেতাসহ ৫৫ জন জামায়াতে যোগদান

নিউজ ডেস্ক

প্রকাশ: ১১:০১, ২৩ জানুয়ারি ২০২৬

ইসলামী আন্দোলনের ২২ নেতাসহ ৫৫ জন জামায়াতে যোগদান

ছবি: সংগ্রহীত


ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারের প্রথম দিনেই চুয়াডাঙ্গায় জামায়াতে ইসলামীতে বড় ধরনের যোগদানের ঘটনা ঘটেছে। ইসলামী আন্দোলনের ২২ নেতাসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক শ্রেণির মোট ৫৫ জন আনুষ্ঠানিকভাবে জামায়াতে ইসলামীতে যোগ দিয়েছেন।

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) রাতে চুয়াডাঙ্গা সদর উপজেলার মাখালডাঙ্গা ইউনিয়নের গাইদঘাট গ্রামের ফুটবল মাঠে আয়োজিত এক যোগদান অনুষ্ঠানে ফুলের মালা দিয়ে নতুন সদস্যদের বরণ করে নেয় জামায়াতে ইসলামী।

অনুষ্ঠানে ইসলামী আন্দোলনের মাখালডাঙ্গা ইউনিয়ন শাখার স্বাস্থ্যবিষয়ক সম্পাদক শাহিন আলীর নেতৃত্বে ২২ জন নেতা জামায়াতে যোগ দেন। একই সঙ্গে বিএনপি নেতা রানা আলীর নেতৃত্বে ১৫ জন কর্মী-সমর্থক জামায়াতে ইসলামীতে যোগদান করেন। এছাড়া গাইদঘাট গ্রামের বিভিন্ন শ্রেণি-পেশার আরও ১৮ জন জামায়াতে যুক্ত হন।

যোগদান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাখালডাঙ্গা ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমির মহসিন আলী।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য প্রার্থী ও জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মাসুদ পারভেজ রাসেল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের সাবেক আমির আনোয়ারুল ইসলাম মালিক, সদর উপজেলা আমির বিল্লাল হোসাইন, সেক্রেটারি গোলাম রসুল, সহকারী সেক্রেটারি শাহেনুজ্জামান ও সাজিবুল ইসলাম নয়ন, আসির উদ্দিন মামুন, মামুন হাওলাদার এবং ডা. আহমদ মনির।

জামায়াতে যোগ দেওয়া শাহিন আলী বলেন, ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় নেতাদের বক্তব্য ও কার্যক্রমের মধ্যে মিল না পাওয়ায় বাধ্য হয়ে তারা জামায়াতে ইসলামীতে যোগ দিয়েছেন। তিনি বলেন, ন্যায় ও ইনসাফের পক্ষে থেকেই তারা রাজনীতি করতে চান এবং আর কোনো মিথ্যা আশ্বাসে বিভ্রান্ত হবেন না। দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থীকে বিজয়ী করতে তারা সক্রিয়ভাবে কাজ করবেন।

চুয়াডাঙ্গা-১ আসনের জামায়াত প্রার্থী মাসুদ পারভেজ রাসেল বলেন, ন্যায় ও ইনসাফের আদর্শে অনুপ্রাণিত হয়েই নতুন সদস্যরা জামায়াতে যোগ দিয়েছেন। নির্বাচনের সময় খুবই কম থাকায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি। তার ভাষ্য, যোগদানকারীদের দায়িত্ব এখন আগের চেয়ে আরও বেড়ে গেছে এবং সৎ ও যোগ্য প্রার্থীকে বিজয়ী করতে সবাইকে মাঠে নামতে হবে।

আরও পড়ুন