নিউজ ডেস্ক
প্রকাশ: ১৩:৪৫, ১২ সেপ্টেম্বর ২০২৬
গুলশান-১ এ আওয়ামী লীগের মিছিল, আটক ৩২-ছবি: সংগৃহীত
ঢাকার গুলশানে কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের মিছিলের ঘটনায় ৩২ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গণমাধ্যম ও জনসংযোগ বিভাগ এক বার্তায় এ তথ্য জানিয়েছে।
পুলিশ জানায়, গ্রেপ্তার ব্যক্তিরা মিছিলে সরাসরি অংশ নিয়েছিলেন। গুলশান থানার ওসি দাউদ হোসেন বলেন, সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা মামলায় তাদের গ্রেপ্তার করা হয়েছে।
শুক্রবার দুপুরে গুলশান-১ এলাকায় কয়েকশ আওয়ামী লীগ নেতাকর্মী মিছিল করেন। পুলিশ মিছিলটি ছত্রভঙ্গ করতে গেলে মিছিলকারীরা দুটি ককটেলের বিস্ফোরণ ঘটান। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ দুই রাউন্ড রাবার বুলেট ছোড়ে।
মিছিলের সময় ঘটনাস্থল থেকে পাঁচটি তাজা ককটেলসহ দুজনকে আটক করা হয়। পরে একই ঘটনায় গুলশান থানায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা করা হয়।
ওসি দাউদ হোসেন বলেন, “ঘটনাস্থল থেকে দুইজনসহ মোট ৩২ জনকে গ্রেপ্তার করা হয়েছে।” মিছিলে অংশ নেওয়া অন্যদের গ্রেপ্তারের চেষ্টা চলছে বলেও জানান তিনি।
ব্রেকিং