নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ২২:২৭, ২০ জানুয়ারি ২০২৬
স্বরাষ্ট্র উপদেষ্টার পরিচয় ব্যবহার করে প্রতারণার অভিযোগে মো. শামীম ওসমান (২৯) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। তিনি হোয়াটসঅ্যাপের মাধ্যমে রাজশাহীর জেলা প্রশাসককে (ডিসি) বিভ্রান্তিকর বার্তা পাঠিয়ে অর্থ দাবি করেছিলেন বলে অভিযোগ রয়েছে।
মঙ্গলবার (২০ ডিসেম্বর) সিআইডির বিশেষ পুলিশ সুপার জসীম উদ্দীন খান গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।
সিআইডি জানায়, সোমবার (১৯ জানুয়ারি) সাভার এলাকায় অভিযান চালিয়ে সিআইডির সাইবার ইনভেস্টিগেশন অ্যান্ড অপারেশন শাখার একটি দল শামীম ওসমানকে আটক করে।
তদন্তে জানা যায়, গ্রেপ্তার ব্যক্তি নিজেকে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী পরিচয় দিয়ে রাজশাহীর জেলা প্রশাসকের কাছে হোয়াটসঅ্যাপে একাধিক বার্তা পাঠান। ওই বার্তায় তিনি দাবি করেন, রাজশাহীতে কোনো আওয়ামী লীগ নেতাকর্মীকে গ্রেপ্তার করা যাবে না এবং আওয়ামী লীগ ছাড়া নির্বাচন সম্ভব নয়। পাশাপাশি জেলা প্রশাসকের কাছে মাসিক ‘কালেকশন’ বিষয়ে জানতে চান এবং দ্রুত তার ব্যক্তিগত বিকাশ নম্বরে এক লাখ টাকা পাঠানোর নির্দেশ দেন।
বার্তাগুলো সন্দেহজনক মনে হওয়ায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তাৎক্ষণিকভাবে সিআইডির সাইবার পুলিশ সেন্টারকে অবহিত করে।
প্রাপ্ত তথ্যের ভিত্তিতে সিআইডির একটি বিশেষ দল তথ্যপ্রযুক্তির সহায়তায় দ্রুত অভিযুক্তকে শনাক্ত করে এবং গ্রেপ্তার করতে সক্ষম হয়।
সিআইডির পক্ষ থেকে জানানো হয়, শামীম ওসমানের বিরুদ্ধে আগেও একই ধরনের প্রতারণার অভিযোগ রয়েছে। তার অপরাধ ইতিহাস পর্যালোচনা করে দেখা গেছে, তিনি একজন পেশাদার প্রতারক এবং এর আগে বিভিন্ন সময় সরকারি উচ্চপদস্থ কর্মকর্তার পরিচয় ব্যবহার করে প্রতারণা করেছেন।
এছাড়া রাজশাহীর বাঘা থানায় তার বিরুদ্ধে একটি গ্রেপ্তারি পরোয়ানা থাকায় আইনগত প্রক্রিয়া অনুসরণ করে তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
ব্রেকিং