ঘরে ঢুকে ছাত্রদল নেতাকে পেটালেন ছাত্রলীগ নেতা

নিউজ ডেস্ক

প্রকাশ: ১৯:০৭, ১১ সেপ্টেম্বর ২০২৬

ঘরে ঢুকে ছাত্রদল নেতাকে পেটালেন ছাত্রলীগ নেতা

বিশ্বনাথে ছাত্রদল নেতাকে মারধরের অভিযোগে অভিযুক্ত নিষিদ্ধ ছাত্রলীগ নেতা। ছবি: সংগৃহীত

সিলেটের বিশ্বনাথে ঘরে ঢুকে আবদুল মজিদ বকুল নামে এক ছাত্রদল নেতাকে মারধরের অভিযোগ উঠেছে নিষিদ্ধ ছাত্রলীগের নেতা শামীম আহমদের বিরুদ্ধে।

বুধবার (৯ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বিশ্বনাথ পৌর শহরের টিএনটি রোড এলাকায় এ ঘটনা ঘটে। আহত বকুল বিশ্বনাথ পৌর ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক। অভিযুক্ত শামীম আহমদ ছাত্রলীগের বিশ্বনাথ উপজেলা শাখার সহসভাপতি।

স্থানীয় সূত্র জানায়, শামীম আহমদ তার ফেসবুক আইডিতে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের নিয়ে বিভিন্ন মন্তব্য করে পোস্ট দেন। ওই পোস্টের মন্তব্যের ঘরে বকুল পাল্টা জবাব দেন। এর জেরেই শামীম বকুলের বাসায় গিয়ে তাকে মারধর করেন বলে অভিযোগ।

পরে আহত বকুলকে প্রথমে বিশ্বনাথ স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। অবস্থার উন্নতি না হওয়ায় তাকে সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

অভিযোগ রয়েছে, মারধরের পর শামীম বিশ্বনাথ উপজেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হাবিবের বাসায় আশ্রয় নেন। সেখানে ছাত্রদলের নেতাকর্মীরা জড়ো হলে তিনি পালিয়ে যান।

তবে ছাত্রদল নেতাকে মারধরের ঘটনায় হাবিবুর রহমানকে আটক করা হয়নি বলে জানিয়েছেন বিশ্বনাথ থানার ওসি গাজী মাহবুবুর রহমান। তিনি বলেন, ঘটনার বিষয়ে পুলিশ অবগত হয়েছে এবং তদন্ত চলছে। শুক্রবার দুপুর পর্যন্ত কেউ থানায় অভিযোগ দেননি।

এদিকে হামলার প্রতিবাদে বৃহস্পতিবার বিশ্বনাথ পৌর শহরে বিক্ষোভ মিছিল ও পথসভা করেছে উপজেলা ও পৌর ছাত্রদল। সমাবেশ থেকে ২৪ ঘণ্টার মধ্যে শামীম আহমদকে গ্রেপ্তারের দাবি জানানো হয়। অন্যথায় কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন নেতারা। 

আরও পড়ুন